আজ খবর (বাংলা), [রাজ্য], খড়দহ, উত্তর ২৪ পরগণা , ০৩/০৬/২০২৫ : উত্তর ২৪ পরগণার খড়দহ ও কামারহাটি থানার যৌথ উদ্যোগে গোপন অভিযান চালিয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ প্রচুর কার্তুজ। অভিযুক্ত দুস্কৃতি নেপালি পলাতক, তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন জায়গায়।
আজ সকালে খড়দহ থানা ও কামারহাটি থানা যৌথভাবে অভিযান চালালো পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে। সেই এলাকায় বসবাসকারী কুখ্যাত দুষ্কৃতি নয়িম আলি ওরফে নেপালির বাড়িতে দুই থানার আধিকারিকরা গোপনে অভিযান চালায়। অভিযান চালাতেই ঐ দুষ্কৃতী নেপালীর বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং প্রচুর পরিমাণে কার্তুজ ও গুলি।
অভিযুক্ত দুষ্কৃতী নেপালি পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দের ঘনিষ্ঠ বলে স্থানীয় বাসিন্দাদের অনেকেই দাবী করেছেন। তল্লাশি অভিযানের অনেক আগে থেকেই পলাতক দুষ্কৃতী নেপালি ও তার দলবল। প্রশ্ন উঠেছে নেপালির বাড়িতে কোথা থেকে এল এত অস্ত্রশস্ত্র ও গুলি ? এই নিয়ে যথেষ্ট চিন্তায় তদন্তকারী আধিকারিকেরা। আতঙ্কিত এলাকাবাসীও।
আজ খবর (বাংলা), [রাজনীতি]কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০৬/২০২৫ : মোদী-অমিত শাহের সফরে তিনি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত না থাকলেও তিনি যে আছেন বঙ্গ বিজেপি জুড়ে, তা ফের একবার প্রমান করে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে বেশ কড়া ভাষায় সমালোচনা করেছিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং, এবার সেই দিগ্বিজয়ের ওপর রীতিমত তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছিলেন, “বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যথেষ্ট অভিজ্ঞ কূটনীতিক। তাঁর দক্ষতা সম্বন্ধে কোনো প্রশ্ন করা চলে না। তাঁর বাবাও ছিলেন একজন বিখ্যাত মানুষ। কিন্তু অপারেশন সিঁদুরের আগে তাঁর কথাবার্তা বা বক্তব্য থেকে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ডেরাগুলিতে আক্রমণ করবে। যার ফলে পাকিস্তান নিশ্চয়ই যথেষ্ট সময় পেয়েছিল ওই ডেরাগুলিকে খালি করে ফেলার ! ফাঁকা ডেরায় আক্রমণ করে লাভ কি হয়েছে ?”
দিগ্বিজয় সিং এর এই বক্তব্যের পরিপেক্ষিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “এর আগে কংগ্রেস জমানায় নরসিমা রাও কিংবা মনমোহন সিং কি করেছিলেন, যখন পাকিস্তান ভারতকে আক্রমণ করেছিল ?গোলাগুলি ছুঁড়েছিল ? সেই সময় এঁদের প্রতিক্রিয়া কি ছিল ? “
দিলীপ ঘোষ আরও বলেন, “দিগ্বিজয় সিংরা সন্ত্রাসবাদীদের সহানুভূতি দেখায়। কিন্তু যুদ্ধক্ষেত্রে যখন পুলিশ অফিসার মোহন শর্মার মৃত্যু হল, তখন কিন্তু তাঁর বাড়িতে যান নি দিগ্বিজয় সিং বা আর কেউ। তাঁর বাড়িতে গিয়ে কেউ সহানুভূতি দেখান নি।”
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] বাসিলিয়া, ব্রাজিল, ০৩/০৬/২০২৫ : আগামীকাল আমেরিকায় অপারেশন সিঁদুর হতে চলেছে। গোলাযুদ্ধে না হলেও বাকযুদ্ধে ফের একবার অপারেশন সিঁদুর দেখতে পাবেন আমেরিকার মানুষ।
অপারেশন সিঁদুরের পর ভারতের কয়েকটি প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশে সফর করছেন এবং সেইসব দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যমত সংগ্রহ করছে। সেই দেশকে পাশে পাচ্ছে ভারত। ভারতের এই কূটনৈতিক অবস্থানকে নকল করে পাকিস্তানও বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠাতে শুরু করেছিল। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে আগামীকাল আমেরিকায় ভারতীয় প্রতিনিধি দল মুখোমুখি হতে চলেছে পাকিস্তানী প্রতিনিধি দলের।
শশী থারুর জানিয়েছেন, “আগামীকাল ওয়াশিংটনে পাকিস্তানি প্রতিনিধি দলের মুখোমুখি হতে চলেছি আমরা। যে বিষয় নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব, সেই বিষয়টাই আমেরিকার মাটিতে যথেষ্ট কঠিন হয়ে পড়ে, বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়ে। আমরা সে দেশের মানুষকে সবকিছু বোঝাবার চেষ্টা করব. এই বিষয়টা আগামীকাল যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা থাকবেন, তাঁদের কাছে টপ প্রায়োরিটি নাও হতে পারে। তবু যাঁরা সন্ত্রাসবাদ সম্বন্ধে ধারণা রাখেন, যাঁরা দক্ষিণ পূর্ব এশিয়া সম্বন্ধে ধারণা রাখেন তাঁরা নিশ্চয়ই শুনবেন। আমাদের বক্তব্যের বিরোধিতা করবে পাকিস্তানী প্রতিনিধি দল.। তাদেরকে টেক্কা দিতে হবে আমাদেরকে।”
আজ খবর (বাংলা), [রাজনীতি}, শিলিগুড়ি, দার্জিলিং, ০২/০৬/২০২৫ : বিশ্ব হিন্দু পরিষদের ডাকা ২৪ ঘন্টার শিলিগুড়ি বনধ প্রায় সফল. শিলিগুড়ির রাস্তাঘাট আজ প্রায় ফাঁকাই ছিল.
গত বৃহস্পতিবার রাত্রে বজরং দলের কিছু সদস্য মাটিগাড়ায় একটি গাড়ি পাকড়াও করে বলে জানা গিয়েছে। এই গাড়িতে করে নিয়মিত মাংস সরবরাহ করা হয় বলে দাবী করা হলেও বজরং দল অভিযোগ করে যে এই গাড়ি করেই নিয়মিত অস্ত্র চালান করা হয়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ সংঘাত শুরু হয়ে যায়। ঐ গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
এরপর মাটিগাড়া থানা থেকে পুলিশ আসে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে দ্রুত সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়। এই সময় পুলিশ শুধুমাত্র হিন্দুদেরকেই গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে, এই অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদ শিলিগুড়িতে আজ ২৪ ঘন্টার বনধের ডাক দেয়। বনধকে সফল করতে আজ বিশ্ব হিন্দু পরিষদকে পথে নামতেও দেখা যায়। কয়েকজন টোটো চালককে তাঁরা টোটো না চালানোর জন্যে অনুরোধ জানান।
সামান্য কিছু গাড়ি চলাচল করলেও আজ শিলিগুড়ি শহর, চেক পোস্ট এলাকা, ফুলবাড়ী, নৌকাঘাট, কাওয়াখালী, মাটিগাড়া, শিব মন্দির, বাগডোগরা ইত্যাদি সব জায়গাই ছিল শুনশান। দোকান,পাট , বাজার, অফিস সবই ছিল বন্ধ। অশান্তি এড়াতে শহরের প্রায় সর্বত্র ছিল কড়া পুলিশি প্রহরা।
আজ খবর (বাংলা), [খেলা], নতুন দিল্লী, ভারত, ০২/০৬/২০২৫ : ২০২৫ – এ এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ – এ অসাধারণ কৃতিত্বের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৫ এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অসাধারণ কৃতিত্বের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেছেন, “দক্ষিণ কোরিয়ায় সম্প্রতি অনুষ্ঠিত ২০২৫ এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আমাদের দলের অসাধারণ সাফল্যের জন্য ভারত গর্বিত। পুরো টুর্নামেন্ট জুড়ে প্রত্যেক ক্রীড়াবিদের কঠোর পরিশ্রম ও সংকল্প স্পষ্টতই প্রত্যক্ষ করা গেছে। ক্রীড়াবিদদের ভবিষ্যৎ প্রয়াসের জন্য আন্তরিক শুভেচ্ছা”।
আজ খবর (বাংলা), [দেশ], গ্যাংটক, সিকিম , ০২/০৬/২০২৬ : মেঘ ভাঙা বৃষ্টিতে রীতিমত খারাপ অবস্থা সিকিমে। সিকিমের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টি হয়েই চলেছে, যার জেরে বিভিন্ন জায়গায় ধ্বস নামছে এবং পাহাড়ি নদীগুলি মারাত্মক ক্ষতি করছে সেতুগুলির।
সিকিমে সারাদিন সারারাত ধরে চলছে একটানা বৃষ্টি। এর জেরে পাহাড়ের ঝোড়াগুলি ফুলেফেঁপে উঠেছে। ফুলে ফেঁপে ওঠা ঝোড়াগুলির জলের চাপ এতটাই বেশি যে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধ্বস নামতে শুরু করেছে। ভাঙছে রাস্তাঘাট। এই মুহূর্তে সিকিমের বুক চিরে বয়ে যাওয়া তিস্তা নদী উত্তাল আকার ধারণ করেছে। অন্যান্য নদীগুলিও ফুঁসছে। বিআরও রাস্তাঘাটের ওপর থেকে ধ্বংসস্তূপ সরিয়ে ফের নতুন করে রাস্তাঘাট তৈরি করতে অপারেশন স্বস্তিক শুরু করেছে।
এদিকে ধ্বস এলাকায় কাজ করতে গিয়ে সোমবার উত্তর সিকিমের লাচেনের চাতেন এলাকায় তিন আর্মি জওয়ানের মৃত্যু হয়েছে ওলে জানা গিয়েছে। এই তিনজন হলে হাবিলদার লাখবিন্দর সিং, ল্যান্স নায়েক মনীশ ঠাকুর এবং মাল বাহক অভিষেক লাকড়া। যেখানে এঁরা কাজ করছিলেন সেই জায়গাটা ছিল মারাত্মক বন্ধুর এবং চ্যালেঞ্জিং পাহাড়ে গাটি. চতুর্দিকে কাদা ছিল, যেখানে পা রাখা যাচ্ছিল না. আবহাওয়া এতটাই খারাপ ছিল যে এক হাত দূরের কোনো কিছুকে ভালোভাবে দেখতে যাওয়া যাচ্ছিল না. এঅবস্থায় ধ্বস সরানোর কাজ চলছিল। এই ঘটনায় আরও ছয় জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না. এদিকে যাচ্ছেন এবং লাচুং মিলিয়ে দেড় হাজার জনের বেশি পর্যটক আটকে পড়েছিলেন। সেনারা তাঁদের উদ্বাহরের ব্যাবস্থাও শুরু করেছে।
সিকিমে প্রচন্ড বৃষ্টি হওয়ার জন্যে ডুয়ার্স অঞ্চলের নদীগুলি বিপদ সীমার কাছ দিয়ে বইতে শুরু করেছে। কার্যত ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গ-সিকিমের লাইফলাইন। পাহাড়ের প্রায় সর্বত্র মেঘ ও কুয়াশার পুরু আস্তরনে ঢাকা রয়েছে। সিকিমের সর্বত্রই রেড এলার্ট জারি করা রয়েছে।
আজ খবর (বাংলা), [রাজনীতি], শিলিগুড়ি,দার্জিলিং, ০১/০৬/২০২৫ : শিলিগুড়ির মাটিগাড়ায় হিন্দুদের ওপর হিং*সার ঘটনার প্রতিবাদে এবং ঐ ঘটনায় হিন্দুদেরকেই গ্রেপ্তার করার প্রতিবাদে আগামীকাল শিলিগুড়িতে ২৪ ঘন্টার বনধ ডেকেছে বিশ্ব হিন্দু পরিষদ।
শিলিগুড়ির মাটিগাড়া অঞ্চলে অশান্তির সূত্রপাত হয় একটি মাংস সরবরাহের গাড়িকে ঘিরে। এই গাড়িটিকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে দুই গ্রূপের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। যা নিয়ন্ত্রণ করতে পুলিশকে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়।
বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গের অঞ্চল প্রেসিডেন্ট লক্ষণ বনশাল বলেন, “দীর্ঘদিন ধরেই হিন্দুরা নির্যা*তনের শিকার হয়ে আসছে। হিন্দুদের ব্যবসা নষ্ট করে দেওয়া হচ্ছে। হিন্দু মহিলা এবং শিশুরা আতংকিত হয়ে রয়েছে। আমরা আগামীকাল শিলিগুড়িতে বনধ এর ডাক দিয়েছি।” তিনি অভিযোগ করে বলেন, “গত ৩০শে মে মাটিগাড়ায় বজরং দলের সদস্যরা একটি গাড়িকে আটকায়, এই গাড়িটিতে মাংস ছিল বলে বলা হলেও আসলে ঐ গাড়িতে লুকিয়ে অস্ত্র পাচার হচ্ছিল। গাড়িটিকে ঘিরে নিয়ে বজরং দল প্রতিবাদ জানাতে থাকে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়, তখন ক্ষেপে গিয়ে বজরং দলের সদস্যরা গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়. এই ব্যাপারে থানাতেও একটি এফআইআর করা হয়েছে। কিন্তু পুলিশ এসে এতকিছু না দেখেই বজরং দলের সদস্যদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং ১৪-১৫ ধারায় কেস দিয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদেই সোমবার বনধ ডাকা হয়েছে। আগামীকাল শিলিগুড়ি শহর সম্পূর্ণ বন্ধ থাকবে। আমি সকলকেই সনাতন ধর্ম রক্ষার্থে বনধ সফল করার আহবান জানাচ্ছি।”
বনশাল আরও বলেন, “আমরা কাউকে আঘাত দিতে চাই না। কিন্তু যখন একটা সরকার শুধুমাত্র ভোটব্যাঙ্কের দিকে তাকিয়ে তুষ্টিকরণের রাজনীতি করে, তখন আর পুলিশের থেকে বেশি কি আশা করা যায় ? যখনই হিন্দুদের কোনো উৎসব হয়, তখনই পুলিশ ব্যারিকেড দিয়ে চতুর্দিক ঘিরে দেয়। যেন সর্বত্র গন্ড*গোল লেগে গিয়েছে আর অন্যদিকে ক্রিমিনালদের সুরক্ষা দেয় তারা। ”
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০১/০৬/২০২৫ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের ঠিক দুইদিন পর রাজ্যে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেতাজি ইনডোর স্টেডিয়ামে তিনি দলীয় সমর্থকদের উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন, তাতে তাঁর কণ্ঠে ২০২৬এর ভোটে রাজ্যে বিজেপির জয়ধ্বনির হুঙ্কার শুনতে পাওয়া গেল।
নেতাজি ইনডোর স্টেডিয়ামে থেকে অমিত শাহ আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ২০২৬ সালে বাংলায় বিজেপি সরকারের সূত্রপাত হবে। তৃণমূল নেত্রী মমতার উদ্দেশ্যে তিনি বলেন, “একবার হিংসা বাদ দিয়ে ভোট করিয়ে দেখুন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আপনার জামানত বাজেয়াপ্ত করে দেবে। আমরা অপারেশন সিঁদুর করেছি, এখানে দিদির পেটে ব্যথা শুরু হয়ে গেছে। তখন তিনি কিছু বলেন নি, কিন্তু মোদী যখন রাজ্যে এসেছেন তখন রাজনীতি করার জন্যেই দিদি নানারকম কথা বলতে শুরু করেছেন। তিনিও সিঁদুরের অপমান করতে শুরু করেছিলেন। গোটা দেশ মমতাদিকে এই সিঁদুরের অপমানের জবাব দেবে। অপারেশন সিঁদুর এখনও শেষ হয়ে যায় নি।
আপনারা দীর্ঘদিন ধরে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি আদায় করতে চেয়েছিলেন। মমতাদি আপনি তো একটা সময় মন্ত্রীসভায় যোগ দিয়েছিলেন, মন্ত্রীও ছিলেন, তখন কেন বাংলাকে দেশের ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেন নি ? এই কাজটা করে দিয়েছে নরেন্দ্র মোদী, অথচ তাঁকে একটা ধব্যবাদ জানানোর শিষ্টাচার পর্যন্ত আপনি দেখান নি। আপনি বাংলাদেশের সীমান্ত খুলে দিয়েছেন। অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন না আপনি।
২০২৬ এর ভোট কাছাকাছি এসে গিয়েছে। প্রত্যেক কার্যকর্তাকে বলব যান প্রত্যেকটি মানুষের ঘরে যান এবং বলুন এবার এই রাজ্যে দেশভক্তদের ভোট দিন, যারা তুষ্টিকরণ করে তাদের ভোট দেবেন না। মোদীজি যে অর্থ এখানে পাঠায়, তা বাংলার গরীব মানুষের কাজে লাগা উচিত নাকি সিন্ডিকেটের পকেটে যাওয়া উচিত ? মমতা দিদি মুর্শিদাবাদে বিএসএফ আনতে আপনারা চান নি, আমাদের কার্যকর্তা হাইকোর্টে আপিল করে মুর্শিদাবাদে বিএসএফ এনেছিল এবং হিন্দুদের বাঁচিয়েছিল। এরপর আপনাদের নেতা বিএসএফকে গালি দিয়েছিল। মুসলিম ভোট পেতে অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছেন আপনি। ২০২৬এর পর আপনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না। আপনার শাসনকে আমরা মূল সমেত উপরে ফেলব।
দু’দিনের সফরে কলকাতায় এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইস্টার্ন বাইপাসের ধারে তিনি একটি অত্যাধুনিক ফরেনসিক ল্যাব উদ্বোধন করেন। রবিবার কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে যান, সেখানে মিউজিয়ামটি ঘুরে দেখেন এবং তারপর দমদম বিমানবন্দর থেকে দিল্লীতে ফেরার বিমান ধরেন।
আজ খবর (বাংলা), [দেশ] মঙ্গন, সিকিম, ০১/০৬/২০২৫ : সিকিম পাহাড় জুড়ে প্রবল বর্ষণের ফলে তিস্তা নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে। সিকিমের উচ্চ হিমালয় পর্বতের বরফ গলতে শুরু করেছে। দ্রুত বরফ গলছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘারও।
সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে গত কয়েকদিন ধরেই। পাহাড়ি ঝোড়া আর নালাগুলি ফুলে ফেঁপে উঠেছে। তার ওপর উচ্চ পার্বত্য অঞ্চলে তুষার গলতে থাকায় নদীগুলিতে জলস্তর বেড়ে গিয়েছে অনেকটাই। প্রবল বর্ষণে তিস্তা ভয়ংকর রূপ ধারন করেছে। তিস্তা নদী বিপদ সীমার কাছ দিয়ে বইছে। তিস্তা ছাড়াও অন্যান্য নদীগুলিও ফুলে ফেঁপে উঠেছে।
উত্তর সিকিমের মঙ্গন জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাষ দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। মঙ্গন জেলা জুড়ে অতি ভারী বৃষ্টি হওয়া মানেই লাচুং চু এবং লাচেন চু নদীগুলি ফুলে ফেঁপে ওঠা, আর এই দুই নদী মিলেই সৃষ্টি হয়েছে তিস্তা নদীর। সিকিমের বিভিন্ন জায়গায় পাহাড়ে ধ্বস নামতে শুরু করেছে, যার ফলে বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে।
গতকাল সমাজ মাধ্যমে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার একটি ভিডিও ভাইরাল হয়েছে (যদিও আজ খবর ঐ ভিডিওর সত্যতা যাচাই করে নি) যে ভিডিওতে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার গায়ের বরফ গলে গিয়েছে অনেকটাই। উচ্চ পার্বত্য অঞ্চলে বরফ গলে গেলে তার প্রভাব পাহাড়ি নদীগুলিতে পড়বেই। এক্ষেত্রেও সেটা হয়েছে। সিকিমের পাশাপাশি প্রচুর বৃষ্টি হয়েছে দার্জিলিং, মিরিক, কালিম্পঙ এবং ভুটান পাহাড়ে। তাই তিস্তা ছাড়াও উত্তরবঙ্গের নদীগুলিতেও জল বেড়েছে। মহানন্দা, বালাসন, রঙ্গীত, তোর্সা উত্তরবঙ্গের এই নদীগুলি যেন ফুঁসছে।
আজ খবর (বাংলা), [রাজ্য] বোলপুর, বীরভূম, ৩১/০৫/২০২৫ : পুলিশ তলব করলেও আজ সশরীরে থানায় হাজিরা দিলেন না তৃণমূলের কোর কমিটির নেতা অনুব্রত মন্ডল। তিনি সম্ভবত আগামী সোমবার থানায় যাবেন।
বৃহস্পতিবার রাত্রে বোলপুর থানায় ফোন করে অত্যন্ত কদর্য ভাষায় আইসি লিটন হালদারকে গালিগালাজ করেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। আইসির মা ও স্ত্রীর নামেও গালিগালাজ করা হয় এবং বার বার তাঁকে থানা থেকেচুলের মুঠি ধরে টেনে নিয়ে আসার হুমকি দেওয়া হয়। এই অডিও ভাইরাল হয়ে যায় (যদিও এই অডিওর সত্যতা যাচাই করে নি আজ খবর), সমাজের বিভিন্ন মহল থেকে নানারকম প্রতিক্রিয়া আসতে শুরু করে. সমাজ মাধ্যমে নিদার ঝড় বয়ে যায়। বিজেপি বিষয়টি নিয়ে সমালোচনা করতে শুরু করে। বিষয়টি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তৃণমূলের শীর্ষস্তরে। দলের পক্ষ থেকে অনুব্রতকে অবিলম্বে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়।
দলের নির্দেশ পেয়ে গতকাল সকালেই অনুব্রত চিঠির মাধ্যমে ক্ষমা চেয়ে নেন। তবে সরকারি আধিকারিক, বিশেষত পুলিশকে গালিগালাজ বা হেনস্থা করার জন্যে তাঁর নামে চারটি কেস (৭২, ১৩২, ২২৪ ও ৩৫১ ধারায় ) দেওয়া হয়। আজ তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। সকাল এগারোটার সময় তাঁর পৌঁছনোর কথা থাকলেও অনুব্রত নিজে আজ হাজিরা দেন নি। শরীর খারাপের অজুহাত দিয়ে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। তাঁর হয়ে সাতজন আইনজীবী পুলিশের সাথে দেখা করে এসেছেন। তাঁরা বলেছেন আগামী সোমবার অনুব্রত পুলিশের সাথে দেখা করতে যাবেন। যদিও দ্বিতীয় নোটিশে ফের অনুব্রতকে এসডিপিও অফিসে দেখা করতে বলা হয়েছে। জানা গিয়েছে তিনি আগামী সোমবার জামিন নেবেন আদালত থেকে।