আজ খবর (বাংলা), [রাজ্য], নবান্ন, পশ্চিমবঙ্গ, ০৯/৬/২০২৫ : রাজ্যে করোনা পরিস্থিতি সম্বন্ধে কিছুটা অভয় দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আতঙ্কিত না হওয়ার কথা বলেছেন তবে পাশাপাশি সকলকে প্রস্তুত থাকতেও বলেছেন।
মুখ্যমন্ত্রী আজ বলেন, “আমরা কোভিড শুনলে ভয় পাই। তবে সরকারিভাবে আমাদের কাছে যে তথ্য আমাদের কাছে আছে তাতে এখনই আতঙ্কিত হবার কোন প্রয়োজন নেই।।
আমরা আশা করছি পান্ডেমিক আর হবে না। তবে আমরা সমস্ত দপ্তরকে নিয়ে আজ বৈঠক করেছি প্রস্তুতির বিষয়টা মাথায় রেখে। প্যানিক করার জন্য নয় কিন্তু যদি তেমন কিছু হয় তাহলে যাতে আমরা প্রস্তুত থাকতে পারি সেই কারণেই এই বৈঠক।
কো-মরবিডিটি যাদের আছে তাদের ক্ষেত্রে তো এটা একটা ফ্যাক্টর। তারা ডাক্তার দেখান চিকিৎসা করান। চেষ্টা করবেন সরকারি হাসপাতালে চিকিৎসা করান। আপনাদের অযথা বেশি টাকা খরচা হবে না। এক্ষেত্রে যা যা প্রয়োজন তা সব সরকারি হাসপাতালে আছে। এখন তো সকলেই প্রায় ভ্যাকসিন নিয়ে নিয়েছে।
আমরা নিজেদের ইন্টারেস্টে এই বৈঠকটা করলাম যাতে তেমন কোনো পরিস্থিতি হলে যাতে আমরা প্রস্তুত থাকতে পারি। আবার বলছি এখনো তেমন কোন পরিস্থিতি তৈরি হয়নি।
ভারতবর্ষে এত কোটি মানুষের বাস, সেখানে মাত্র ছয় সাড়ে ছয় হাজার এই ভাইরাস আক্রান্ত হয়েছে। তাই বলছি কেউ ভয় পাবেন না। সকলকে সতর্ক থাকতে হবে। সাধারণ সর্দি কাশি বা জ্বরের মতোই এটা একটা ইনফেকশন।”
আজ খবর (বাংলা), [রাজনীতি], আলিপুর দুয়ার, পশ্চিমবঙ্গ, ০৯/০৬/২০২৫ : প্যারেড গ্রাউন্ড বাঁচাতে এবার বিভিন্ন স্বেষচ্ছাসেবী সংগঠন পরিবেশ আদালতের দ্বারস্থ হতে চলেছে। এই বক্তব্যটি রেখেছেন আলিপুরদুয়ারের বিধায়ক তথা তৃণমূল নেতা সুমন কাঞ্জিলাল। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ বিজেপির, জোর তোজা শুরু হয়েছে প্যারেড গ্রাউন্ড নিয়ে।
উল্লেখ্য প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে এসে প্যারেড গ্রাউন্ড ময়দানে ২৯ শে মে জনসভা করেন। এরপর কেটে গেছে এক সপ্তাহের বেশি সময়, কিন্তু মাঠের বর্তমান পরিস্থিতি বেহাল। লাগাতার বৃষ্টির পর মাঠে বিভিন্ন জায়গায় জমেছে জল, এখনো পরেই আছে পেভার ব্লকের রাস্তা, কংক্রিটের বিভিন্ন নির্মাণ। সবুজায়ন ধ্বংসের অভিযোগ তুলে ইতিমধ্যেই রাজনৈতিক দল সহ স্বেচ্ছাসেবী সংগঠন আন্দোলনে নেমেছে।
সেই প্রসঙ্গেই আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বললেন,”প্যারেড গ্রাউন্ড আমাদের আবেগ, এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। আগামী দিনেও যেন এই প্যারেড গ্রাউন্ড চির সবুজ থাকে, আগামী দিনে যাতে মাঠের কোনো ক্ষতি না হয় সেই সব বিবেচনা করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ এবার পরিবেশ আদালতের দ্বারস্থ হতে পারেন।”
ঈদের উৎসব কাটিয়ে বাড়ি ফেরার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। কালচিনি চা বাগানের গোদাস লাইনের বাসিন্দা, ২১ বছর বয়সী সাহিল আনসারী, ঈদের দিন দিদির বাড়ি বেড়াতে এসে আর ফিরে যেতে পারলেন না।
জানা গিয়েছে, শনিবার ঈদের দিন বিকেলে সাহিল বেড়াতে আসেন নাগরাকাটা ব্লকের জলঢাকা আলতার ডাঙ্গা চা বাগানে তার দিদি বাড়িতে। পরদিন, রবিবার দুপুর নাগাদ, সাহিল তাঁর আত্মীয়র সঙ্গে ডায়না নদীতে স্নান করতে যান। সেখানেই ঘটে অঘটন। স্নানের সময় জলের স্রোতে তলিয়ে যান সাহিল।
নদীতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাঁর কোনও খোঁজ না মেলায় খবর দেওয়া হয় নাগরাকাটা সিভিল ডিফেন্স এবং বানারহাট থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছান সিভিল ডিফেন্সের কর্মীরা। এক ঘণ্টার প্রচেষ্টায় সাহিলের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পর গোটা এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। সাহিলের জামাইবাবু সুদীপ রহমান বলেন, “ঈদের দিন বিকেলে সাহিল আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। আজ দুপুর ২টা নাগাদ সে ডায়না নদীতে স্নান করতে গিয়েছিল। আমার দাদাও সঙ্গে ছিলেন। কিন্তু যে এমন ঘটনা ঘটবে, তা ভাবতেই পারছি না।”
তিনি আরও জানান, ইতিমধ্যেই কালচিনিতে সাহিলের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অন্যদিকে, বানারহাট থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
একটি আনন্দের দিনে এমন হৃদয়বিদারক দুর্ঘটনায় সাহিলের পরিবার ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হল কান্নায়।
আজ খবর (বাংলা), [দেশ]নতুন দিল্লী, ভারত, ০৯/০৬/২০২৫ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নতুন এপ্লিকেশন খুলেছেন। যার নাম হল নরেন্দ্র মোদী এপ্লিকেশন বা সংক্ষেপে NaMo App.
এই নতুন এপ্লিকেশনে ভারতীয় নাগরিকদের তিনি অনুরোধ করেছেন অংশগ্রহণ করার জন্যে। এই এপ্লিকেশনের মাধ্যমে গত ১১ বছরে ভারত সরকার দেশের নাগরিকদের কতটা দিয়েছে, দেশের মানুষের কতটা অগ্রগতি হয়েছে সেটা বোঝা যাবে। এই এপ্লিকেশন আসলেএকটি সমীক্ষা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পগুলি মানুষের কতটা কাজে লেগেছে, সেটাও বোঝা যাবে এই এপ্লিকেশনের মাধ্যমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এই নতুন এপ্লিকেশনের লিংক শেয়ার করেছেন তাঁর এক্স হ্যান্ডেলে।
২০১৪ সালের ২৬শে মে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার পথ চলা শুরু করেছিল। সেই সরকার এবার ১১ বছর পূরণ করছে। বিগত দিনগুলিতে মোদী সরকার এই দেশকে কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছে, মানুষকে কতটা উন্নয়ন দেওয়া গিয়েছে, সেইসব কিছুর মাপজোক করা সম্ভব সাধারণ মানুষের চিন্তা ভাবনাগুলিকে পাওয়া গেলে। তাই এই এপ্লিকেশনের সাহায্যে মোদী সরকার চাইছে সাধারণ মানুষের মধ্যে একটা স্পষ্ট সমীক্ষা করার। সেই উদ্দেশ্যেই মোদী সরকার এই ধরনের একটি নতুন এপ্লিকেশন নিয়ে এসেছে এবং সেই এপ্লিকেশনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অন্য অনুরোধ করছে সাধারণ মানুষের কাছে।
সার্চ ইঞ্জিনে গিয়ে ‘নরেন্দ্র মোদী এলিকেশন’ ক্লিক করলেই এই এপ্লিকেশনে প্রবেশ করা যাচ্ছে।
আজ খবর (বাংলা) [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ০৮/০৬/২০২৫ : শিলিগুড়ির প্রধাননগর থানার দেবীডাঙ্গা বাজারে চলল গুলি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রধান নগর থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যান প্রধাননগর থানার আইসি।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে গ্রেফতার করে এবং উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ম্যাগাজিন ও কার্তুজ। জানা গিয়েছে মাদক কারবারিদের সাথে স্থানীয় বাসিন্দাদের অশান্তির জেরেই চলে গুলি। স্থানীয় বাসিন্দারাই ওই দুষ্কৃতীকে আটকে রাখে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। ধৃতের নাম দীপক কামতি ওরফে দীপু।
তবে বাকি দুষ্কৃতীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। প্রধান নগর থানার পুলিশ দীপুকে হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে। সূত্রের খবর, মাদক কারবারিদের তরফে চলেছে গুলি। এলাকায় মাদকের কারবার নিয়ে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। আজ রাতে এলাকায় মাদক কারবারিদের দেখেই প্রতিবাদ করে ওঠে স্থানীয় বাসিন্দারা। তখনই এক মাদক কারবারি এই গুলি চালায় বলেই জানা গিয়েছে।
ইতিমধ্যেই প্রধান নগর থানার পুলিশ বেশ কয়েকজন দুষ্কৃতির নাম পেয়েছে তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং ম্যাগাজিন কার্তুজ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার তদন্তের পাশাপাশি বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় রয়েছে পুলিশ পিকেট।
আজ খবর (বাংলা) [দেশ] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৬/২০২৫ : ফের করোনা ভাইরাস আমাদের দেশে তার থাবা চওড়া করছে। এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে এই মুহূর্তে আমাদের দেশে ৬,০০০ এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রয়েছেন। করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৬১৩৩, এদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। অর্থাৎ এবারে যে করোনা ভাইরাস আক্রমণ করেছে তাতে শিশুদের কাবু করে ফেলছে। মে মাসের ২২ তারিখে করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২৫৭, সেখানে গত রবিবার দেখা গেল সংখ্যাটা ৬০০০ ছাড়িয়ে গিয়েছে। সহজেই অনুমেয় যে কিভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে গত ২৪ ঘন্টায় ৩৭৮ জন সক্রিয় করোনা ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। কো মরবিডিটির কারনে এখনো পর্যন্ত আমাদের দেশে মোট ৬ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। দেখা যাচ্ছে, কেরালা রাজ্যেই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এই রোগে। এই মুহূর্তে সেই রাজ্যে মোট ১,৯৫০ জন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র, এই রাজ্যে এই বছরে এখনো পৰ্যন্ত আক্রান্তের সংখ্যা ১,৪৩৯, রবিবার নতুন করে আরও ৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তৃতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গের নাম। এই রাজ্যে মোট ৬৯৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭১ জন। দেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে এই মুহূর্তে ভীড় এড়িয়ে চলাই উচিত হবে। মুখে মাস্ক এবং হাতে স্যানিটাইজার ব্যবহার করাটাই উচিত হবে।
আজ খবর (বাংলা), [রাজ্য], সাগরদ্বীপ,দক্ষিণ ২৪ পরগনা, ০৮/০৬/২০২৫ : স্থায়ী কৃষি ও গ্রামীণ ক্ষমতায়নের লক্ষ্যে এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে, আইসিএআর– সিআইএফআরআই সাগর–কৃষ্ণনগর স্বামী বিবেকানন্দ যুব সাংস্কৃতিক সমাজ এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র (কেভিকে), নিমপীঠের যৌথ উদ্যোগে, পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে শনিবার (৭ জুন, ২০২৫) তারিখে বিকসিত কৃষি সংকল্প অভিযান (ভিকেএসএ–২০২৫)-এর অধীন একাধিক প্রভাবশালী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এই উদ্যোগের আওতায় ২৩টি গ্রামে বিস্তৃত চারটি মূল আলোচনামৃলক অনুষ্ঠান—রুদ্রনগর, কৃষ্ণনগর, কমলপুর ও গোবিন্দপুরে—আয়োজিত হয়, যেখানে ৩০০০-রও অধিক কৃষক ও মৎস্যজীবী অংশগ্রহণ করেন। ভিকেএসএ–২০২৫-এর অন্তর্গত এই প্রচারাভিযানের মুখ্য উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক সচেতনতা বৃদ্ধি, জলবায়ু সহনশীল পদ্ধতির প্রসার এবং ভারতবর্ষের অন্যতম সংবেদনশীল উপকূল অঞ্চল—সুন্দরবনের—গ্রামীণ জীবনযাত্রাকে অধিক স্থায়ী করে তোলা।
এই কর্মসূচির নেতৃত্ব দেন আইসিএআর-এর উপ-মহাপরিচালক (মৎস্যবিজ্ঞান) ড. জে. কে. জেনা এবং আইসিএআর–সিআইএফআরআই-এর পরিচালক ড. বি. কে. দাস। তাঁদের সঙ্গে ছিলেন একাধিক প্রবীণ বিজ্ঞানী, যাঁরা বস্তুনিষ্ঠ বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে স্থানীয় চাষিদের সঙ্গে সরাসরি সংলাপে অংশ নেন। আলোচনার মূল বিষয়বস্তু ছিল উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, জলের মানোন্নয়ন, খাদ্য ব্যবস্থাপনার দক্ষতা এবং জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবের মোকাবিলা।
বিশেষ গুরুত্ব দেওয়া হয় জলবায়ু সহনশীল মৎস্য ও কৃষি পদ্ধতির উপর, যা সুন্দরবন অঞ্চলের ভৌগোলিক ও পরিবেশগত প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। বিজ্ঞানীরা অভিযোজনভিত্তিক অন্তর্জলীয় মৎস্যচর্চা, ঋতুভিত্তিক পরিকল্পনা এবং সুসংহত সম্পদ ব্যবস্থাপনার মতো উদ্ভাবনী কৌশল ব্যাখ্যা করেন, যা স্থানীয় জনসমাজকে পরিবেশগত ঝুঁকি মোকাবিলার উপযোগী করে তুলতে সহায়ক।
ড. জেনা বলেন, “আমরা এখানে শুধুমাত্র জ্ঞান বিতরণের জন্য আসিনি, বরং মৎস্যজীবীদের অভিজ্ঞতা থেকে শেখার উদ্দেশ্যেই এসেছি। তাঁদের বাস্তবজ্ঞান ভবিষ্যতের জন্য স্থানীয় অনুযোগ-উপযোগী উদ্ভাবনের মূল ভিত্তি।”
এই আলোচনামূলক অধিবেশনগুলি মৎস্যজীবীদের নিজস্ব অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ করে দেয়, যেখানে তাঁরা তাঁদের স্থানীয় জ্ঞান ও বাস্তবতাকে বৈজ্ঞানিক বিশ্লেষণের সঙ্গে যুক্ত করতে সক্ষম হন। এতে উভয়পক্ষে বিশ্বাস ও সহযোগিতার পরিবেশ গড়ে ওঠে, যা পরবর্তীকালে যৌথ সমস্যা-সমাধানের দিকনির্দেশ তৈরি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক মন্ত্রী শ্রী বঙ্কিম চন্দ্র হাজরা। তাঁর উপস্থিতি রাজ্য সরকারের উপকূলবর্তী অঞ্চলের স্থায়ী উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিকে দৃঢ়ভাবে প্রতিফলিত করে।
সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে, কৃষকদের মধ্যে বিতরণ করা হয় বৈজ্ঞানিক মৎস্য ব্যবস্থাপনা সংক্রান্ত পুস্তিকা, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা (পিএমএমএসওয়াই) সংক্রান্ত লিফলেট, এবং প্রাক-খরিফ চাষের পরামর্শপত্র। এই তথ্য উপকরণগুলি তাঁদের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষার ব্যাপারেও মনযোগ আকর্ষণ করে।
অনুষ্ঠানের সমাপ্তিতে সকল অংশগ্রহণকারী কৃষক ও মৎস্যজীবী পরিবেশবান্ধব, টেকসই এবং জলবায়ু সহনশীল কৃষি ও মৎস্যচর্চা গ্রহণের শপথ গ্রহণ করেন—যা দেশের প্রাকৃতিক ভবিষ্যৎ এবং জীবিকাসুরক্ষার প্রতি সম্মিলিত অঙ্গীকারের প্রতীক।
এই কর্মসূচি, কুলতলি ও জয়গোপালপুর (বাসন্তী)-এ এর পূর্ববর্তী কার্যক্রমসহ, আইসিএআর–সিআইএফআরআই-এর বহুমাত্রিক রণনীতি স্পষ্ট করে তোলে—যার মাধ্যমে বৈজ্ঞানিক দক্ষতা এবং সমাজমুখী অংশগ্রহণকে একত্রিত করে আত্মনির্ভর, জলবায়ু-সচেতন কৃষি সম্প্রদায় গঠনের উদ্দেশ্য সাধন করা হচ্ছে।
আজ খবর (বাংলা), [রাজ্য], কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, ০৮/০৬/২০২৫ : এপার বাংলার ভোটার ওপার বাংলার গণঅভ্যুত্থান আন্দোলনের অন্যতম মুখ, ছবি প্রকাশ হতেই শোরগোল এলাকায়।
সম্প্রতি কাকদ্বীপে একের পর এক বাংলাদেশী ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া যাচ্ছিল। সেই ঘটনা নিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি দাবি করেন টাকার বিনিময়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, ভোটার তালিকায় নিজেদের নাম তুলেছে এবং এ রাজ্যে বসবাস করছে। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছিল কাকদ্বীপ বিধানসভা জুড়ে।
আবারও খবরের শিরোনামে কাকদ্বীপ বিধানসভা। কাকদ্বীপের ভোটার কিন্তু বাংলাদেশে গণঅভ্যুত্থান আন্দোলনের সামিল এবং উল্লেখযোগ্য ভূমিকা পালন করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ছবি ভাইরাল হতেই সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিকে হাতিয়ার করে শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে পদ্ম শিবির। নিউটন দাস নামে ওই বাংলাদেশি যুবকের সঙ্গে তৃণমূলের এক ছাত্রনেতার ছবিও সামনে এনেছে বিজেপি। দাবি করা হচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ভোটার তালিকায় নাম রয়েছে ওই বাংলাদেশি যুবকের।
ভুয়ো ভোটার ইস্যুতে যখন রাজ্যে রাজনৈতিক ডামাডোল চরমে, ঠিক সেই সময়ে এই অভিযোগে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে।গত বছর জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে নাকি যোগ দিয়েছিল নিউটন দাস। সম্প্রতি নিউটনের সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির দাবি, কাকদ্বীপের ভোটার তালিকায় নাম রয়েছে সেই নিউটনেরই। নিউটন একটা সময়ে কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ার থাকত বলে অভিযোগ উঠেছে। যদিও নিউটনের পুরো পরিবার বাংলাদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে।এপার বাংলায় সর্বপ্রথম পা দিয়েছিলেন নিউটনের দাদা তপন দাস। ২০১১ সালে বাংলায় এসে পরবর্তী ভোটার তালিকায় নিজের নাম তোলে সে।
পরবর্তীকালে দাদার পিছু পিছু বাংলায় ঢুকে পড়েন নিউটন, এমনটাই অভিযোগ। কাকদ্বীপেরই নামখানা এলাকার একটি স্কুলে পড়াশোনা করেছে সে। সম্প্রতি সেই নিউটনের ছবি আবার ভাইরাল হল সমাজমাধ্যমে। সেই ছবিতে দেখা গেল, বাংলাদেশের জুলাই আন্দোলনে সামিল হয়েছিল নিউটন। তবে কি পড়াশোনা শেষ করেই আবার নিজ দেশে চলে গিয়েছে সে? সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি দেবাশিস দাস বলেন, “নামখানার দেবনগর এলাকার একটি স্কুলে হস্টেলে থেকে পড়ত নিউটন। স্কুলে আমার সঙ্গেই পড়ত। সেই সূত্রেই বন্ধুত্ব ছিল। আমরা সকল বন্ধুদের জন্মদিনে যেভাবে কেক কাটি, কয়েক বছর আগে ওর জন্মদিনেও কেক কেটেছি। এর বেশি কিছু নয়। এখানে কীভাবে ভোটার কার্ড হয়েছে বলতে পারব না। কারণ যতদূর জানি, যখন ওর ভোটার লিস্টে নাম উঠেছে তখন আমি রাজনীতির কোনও পদেই ছিলাম না। বিজেপি যদি আমার বিরুদ্ধে এমন অভিযোগ করে তাহলে প্রমাণ-সহ এফআইআর করতে বলুন। চ্যালেঞ্জ করছি, কিছুই করতে পারবে না। আমি ওইসব অভিযোগে ভয় পাই না।”
এ বিষয়ে কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সদস্য প্রদীপ কুমার প্রামানিক বলেন, “যদি দুটো দেশের ভোটাধিকার প্রয়োগ করে তাহলে এটা বেআইনি। কিন্তু যে ছবিগুলো ভাইরাল করা হয়েছে, সেই ছবিগুলোকে আগে থেকে তুলে রাখা হয়েছিল এবং ভাইরাল করার জন্যই সংরক্ষণ করে রাখা হয়েছিল। সাধারণ মানুষ জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করবে এটাই স্বাভাবিক, কিন্তু জনপ্রতিনিধিদের কোন মানুষ কোথাকারের সেটা জানা সম্ভব হয় না।”
বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সম্পাদক সঞ্জয় দাস জানান, “এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টাকার বিনিময়ে এ রাজ্যে যারা ভোটার লিস্টে নাম নথিভুক্ত করছে তাদের বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এ সকল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, এই এলাকায় এসে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে প্রথমে বন্ধুত্ব পাতায় এবং তৃণমূল নেতাদের কাছ থেকে সুবিধা নিয়ে ভোটার কার্ড এবং রেশন কার্ড তৈরি করে এ রাজ্যে থেকে যায় অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন। নির্বাচন কমিশনকে আরো কঠোর হতে হবে এবং নির্বাচন কমিশনের উচিত যে সকল শাসক দলের নেতারা টাকার বিনিময় এইরকম বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড তৈরি করে ওদের মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন।” সব মিলিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে কাকদ্বীপ এলাকায়।
ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া ও রান্টুয়ার মাঝামাঝি এলাকায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল বছর বাইশের এক যুবকের, ঘটনায় গুরুতর আহত আর এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুমন্ত পাইকিরা (২২)। তিনি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা।
আহত যুবকের নাম অমল দেহুরী। জানা গেছে, রবিবার সকালে দুজন একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন এক বন্ধুর বাড়িতে। সেখান থেকে দুপুরে বাড়ি ফেরার পথে তপসিয়া ও রান্টুয়ার মাঝে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি কৃষ্ণচূড়া গাছে ধাক্কা মারে তারা। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ দ্রুত ছুটে এসে দু’জনকে উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা সুমন্ত পাইকিরাকে মৃত বলে ঘোষণা করেন।
গুরুতর আহত অমল দেহুরির অবস্থার অবনতি হওয়ায় তাকে তৎক্ষণাৎ ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ খবর (বাংলা), [রাজ্য], বসিরহাট, উত্তর ২৪ পরগনা, ০৮/০৬/২০২৫ : সপ্তম শ্রেনীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রতিবেশী বছর ৬৬ প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিস।
অভিযুক্ত নেসার গাজীকে পকসো আইনে মামলা রুজু করে পাঁচ দিনের পুলিসি হেপাজাত চেয়ে আজ দুপুরে বসিরহাট মহাকুমা আদালতে পেশ করলে বিচারক চার দিনের পুলিসি হেপাজাতে নির্দেশ দেয়। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায় গত পরশু বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী নেসার গাজি নামে এক পৌড় বাড়িতে ঢুকে ১৩ বছরের এক নাবালিকা সপ্তম শ্রেনীতে পড়ে, তাকে জোর করে তার গায়ে হাত দেয়, যৌন নির্যাতন করে বলে অভিযোগ উঠেছে। নাবালিকার চিৎকারে ঘটনাস্থল ছেড়ে পালায় ঐ প্রৌঢ় । নাবালিকার মা কর্ম সূত্রে কলকাতায় কাজ করে। খবর পেয়ে বাড়িতে ফিরলে গতকাল রাতে অভিযুক্ত ঐ প্রৌঢ়র বিরুদ্ধে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ করে. পুলিস তাকে গতকাল রাতেই গ্রেফতার করে।
আজ ঐ অভিযুক্ত প্রৌঢ় নেসার গাজীকে পকসো আইনে মামলা রুজু করে পাঁচ দিনের পুলিসি হেপাজাত চেয়ে বসিরহাট আদালতে হাজির করলে বিচারক চার দিনের পুলিসি হেফাজাতে রাখার নির্দেশ দেন । নাবালিকার পরিবার সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে ওই ছাত্রী গায়ে জ্বর নিয়ে স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় সেই সুবাদে ওই প্রৌঢ়র সঙ্গে পরিচয় হয় তারপর ওই ছাত্রী কেমন আছে দেখতে যাওয়ার নাম করে তার বাড়িতে ঢুকে এই ধরনের কুকীর্তি করে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।