আজ খবর (বাংলা), [রাজ্য] লাটাগুড়ি, জলপাইগুড়ি, ০৫/০১/২০২৬ : পিকনিক করতে গিয়ে হঠাৎ দেখা পাওয়া গেলো গজরাজের। তাকে দেখে গাড়ি গেলো থেমে, আর পিকনিকের আনন্দও দ্বিগুন হয়ে গেল। হাতি দেখতে পেয়ে খুব খুশি পর্যটকেরা।
শনি ও রবিবারই শুধু নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আজ সপ্তাহের প্রথম দিনেও বন ভোজনের ভীড় দেখতে পাওয়া গিয়েছে। প্রচন্ড ঠাণ্ডার কামড়ে রীতিমত জবুথবু অবস্থা উত্তরবঙ্গের মানুষের। তার মধ্যেই সবাই মিলে বনভোজনের আনন্দ নিতে ছাড়ছেন না কেউই। আর বন ভোজনের সেরা স্পটগুলি বনেরই আশেপাশে বেছে নেওয়া হয়েছে। কুয়াশা ভেদ করে সেই বনাঞ্চলের পিকনিক করতে গিয়ে দেখা মিলল বিশালাকার হাতির।
এদিন গরুমারা জঙ্গলে একটি পূর্ণবয়স্ক হাতির দেখা মেলে। এই হাতিটি রাস্তার এক দিক থেকে অরণ্য ভেদ করে বেরিয়ে এসে নিশ্চিন্তেই অপরদিকের অরণ্যে ঢুকে যায়। হাতি দেখতে পেয়ে লাটাগুড়ি থেকে চালসার দিকে যাওয়া রাস্তায় যানবাহন স্তব্ধ হয়ে যায় .কিছুক্ষনের জন্যে। আশেপাশে যাঁরা পিকনিক করতে এসেছিলেন, তাঁরাও হাতি দেখতে ভীড় করেছিলেন, তবে হাতিটি দ্রুত অন্যদিকের অরণ্যে ঢুকে পড়ে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটে নি।
আজ খবর (বাংলা), [রাজ্য], দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ০৫/০১/২০২৬ : গতকাল রাত্রি থেকে দার্জিলিং শহরে শুরু হয়েছে তুষারপাত। দার্জিলিং শহরের বেশিরভাগ জায়গায় ঢাকা পড়েছে বরফে। খুশী পাহাড়ের পর্যটকেরা।
যেভাবে পারদ নামছিল, তাতে করে তুষারপাত প্রত্যাশিতই ছিল দার্জিলিংয়ে। আবহাওয়া দপ্তর থেকেও তুষারপাতের আগাম সংকেত দেওয়া হয়েছিল। গতকাল রাত্রিতে দার্জিলিং শহরের তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের কাছাকাছি। আর তারপরেই তুষারপাত শুরু হয়ে যায়। প্রচন্ড ঠাণ্ডাকে উপেক্ষা করে হোটেলগুলি থেকে বাইরে বেরিয়ে আসেন পর্যটকেরা। দার্জিলিং ম্যালে রীতিমত হৈ হৈ শুরু হয়ে যায়।
গত কয়েকদিন ধরেই সান্দাকফু, ফালুট ও উচ্চ হিমালয় অঞ্চলে তুষারপাত হয়ে চলেছে। সেখানে রাতের দিকে তাপমাত্রা নেমে যাচ্ছে হিমাঙ্কের অনেকটা নিচে। গতকাল দার্জিলিং শহরেও একই অবস্থা হল।টাইগার হিল, ঘুম , দার্জিলিং শহর তুষারে ঢেকে গিয়ে সাদা হয়ে গেলো। তুষারপাত দেখতে এই মুহূর্তে দার্জিলিং শহরে পর্যটকদের বেশ ভীড় রয়েছে। স্বাভাবিকভাবেই তাঁরা বেশ খুশি দার্জিলিং শহরে তুষারপাত দেখতে পেয়ে। আজও দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০১/২০২৫ : আজ খবর নিজেই আজ ‘আজ খবরে’র খবর। যেভাবে আমরা কথা দিয়েছিলাম ঠিক সেভাবেই নতুন বছরে নতুন কলেবরে বেড়ে উঠছে আজ খবর। আপনাদের ভালোবাসায়, সমর্থনে নতুন শাখাপ্রশাখা বাড়িয়ে দিচ্ছে আজ খবর।
আগামী ১২ তারিখ থেকে আজ খবর পরিবেশিত হবে নতুন থিমে। সেই থিম হবে আরও আকর্ষণীয় এবং পেশাদার। নতুন সেই থিমে আরও নতুন নতুন বিষয়, যেমন ব্যবসা-বাণিজ্য, চাকরির খবর, লাইফস্টাইল, প্রযুক্তি, জ্যোতিষ ইত্যাদি। আরও নতুন সাজে সেজে উঠবে আপনাদের প্রিয় আজ খবর। আশাকরি এই বিষয়গুলি অনেক পাঠকেরই ভালো লাগবে, কাজে লাগবে।
এছাড়াও আজ খবর নতুন নতুন আরো কয়েকটি ডালপালা বাড়িয়ে দিচ্ছে পাঠকদের দিকে। আমরা নিয়ে আসছি কলেজ স্ট্রিট নামে নতুন একটি সাইট। এই ব্লগে থাকবে শিক্ষা ও পড়াশুনা সম্বন্ধে নানারকম খবরাখবর। সিলেবাস নিয়ে হরেক রকম টিপস। বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছাড়াও অন্যান্য নোটিশ, ইত্যাদি। ছাত্রছাত্রীরা এই সাইট থেকেই পড়াশুনার জন্যে যাবতীয় বই-খাতা ও অন্যান্য সামগ্রী কিনতে পারবেন কলকাতার কলেজ স্ট্রিটের হোলসেল দামে। শুধু তাই নয়, কলেজ স্ট্রিট সাইট খুব শীঘ্রই শুরু করতে চলেছে অনলাইন কোচিং ক্লাস। রাজ্যের বিভিন্ন জেলার বিখ্যাত শিক্ষকেরা নেবেন ক্লাস। এছাড়াও মিলবে পরীক্ষার জন্যে নোটস. থাকবে মক টেস্টের ব্যবস্থাও। এই সাইটের নাম collegestreet.blogspot.com
আজ খবর আর একটি উদ্যোগও নিয়েছে। আর একটি নতুন সাইটে নিয়ে আসছে, যাতে থাকছে স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত নানারকম খবরাখবর। অত্যন্ত মনোগ্রাহী হয়ে উঠবে এই ব্লগটি, মনে করছি আমরা। মানুষের কাজে লাগবে। নতুন এই সাইটের নাম www.aarogyam.online, (আরোগ্যম) এই মেডিকেল সাইট মানুষকে তথ্য দেবে, সম্ভাব্য সমস্যা থেকে সতর্ক করবে। চিকিৎসকদেরকে পরিচয় করিয়ে দেবে। এছাড়াও থাকবে চিকিৎসা সংক্রান্ত নানারকম খবরাখবর। নিয়মিত এই সাইট দেখতে থাকুন।
নতুন আরও একটি সাইট নিয়ে আসছে আজ খবর। সেটির বিষয়বস্তু হল পশুজগৎ। বন্য প্রাণী গৃহপালিত পশুদের নিয়ে নানারকম খবরাখবর, তথ্য তুলে ধরব আমরা। গৃহপালিত পশুদের নানারকম সমস্যা নিয়েও আলোচনা চলবে। পশুদের জন্যে উন্নত চিকিৎসার খবরও থাকবে। তবে পশু প্রাণী নিয়ে ব্যবসার কোনো খবর আমাদের সাইটে পাওয়া যাবে না। পরিবেশ, পশু ও প্রকৃতিকে নিয়ে প্রতিদিন যে খবর তৈরি হয়, সেগুলি আমরা পরিবেশন করব। নতুন এই ওয়েব সাইটের নাম ‘পশু বসুন্ধরা’। লগ ইন করতে হবে poshubasundhara.blogspot.com
এই তিনটি শাখারই ফলোয়ার হয়ে যান। আজ খবর-এর ফলোয়ার হলেই সব শাখার ফলোয়ার হয়ে যাওয়া যাবে। আজ খবর-এর পরিবেশিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফলোয়ার হয়ে যান অথবা লাইক বা কমেন্ট করুন। আজ খবর – 8420807020 (What’s App)
আজ খবর (বাংলা), [রাজ্য], বসিরহাট, উত্তর ২৪ পরগণা , ০২/০১/২০২৬ : শৌর্য ও সাহসিকতার জন্যে বাঙালি জওয়ান পেলেন রাষ্ট্রপতি পুরস্কার। গর্বিত করলেন নিজের গ্রাম, রাজ্য এবং গোটা দেশকে। তিনি বসিরহাটের সেনা জওয়ান তপন কুমার ঘোষ.
দরিদ্র পরিবারের ছেলে দেশ রক্ষার শপথ নিয়েছিলেন , তাই অদম্য ইচ্ছা শক্তি সততা ও নিষ্ঠার পুরস্কার স্বরূপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে বিশেষ সম্মানে সম্মানিত করলেন।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের দাসপাড়ার বাসিন্দা, তপন কুমার ঘোষের বাবা সন্তোষ ঘোষের ছোট্ট একটি কাঠের দোকান ছিল। হতদরিদ্র পরিবারের ছেলে ছোটবেলা থেকে স্বপ্ন দেখতো দেশের জন্য কিছু করার। তাই ১৯৮৫ সালে বিএসএফের কনস্টেবলের পদে প্রথম চাকরি। তারপর একে একে চাকরির পদোন্নতি করে ইন্সপেক্টর হয়ে অবসর গ্রহণ। তাঁর দীর্ঘ ৩৯ বছর চাকুরী জীবনে ইচ্ছাশক্তি ও সততার জন্য বারবার দেশের এক সীমান্ত থেকে অন্য সীমান্ত তিনবারের কাশ্মীরের এল ও সি আবার কখনো পাঞ্জাব দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সীমান্ত পাহারাদারের কাজ করে গেছেন। সামনে থেকে কারগিল যুদ্ধে সৈনিক হিসেবে লড়াই করেছেন।
এরপ বিএসএফের চাকরি নতুন যাঁরা পেয়েছেন, তাঁদেরকে তিনি বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে দেশ রক্ষা কিভাবে সততার সঙ্গে করতে হবে, বাস্তবের সেই পথ দিয়েছেন। সততা, নিষ্ঠা ও ন্যায়ের জন্য তাঁর দীর্ঘ চাকরি জীবনে ছয়বার পদোন্নতি হয়েছে। 2025 সালে ৩১ শে জানুয়ারি তিনি অবসর নেন, তাঁকে বিশেষ সম্মানে সম্মানিত করলেও তিনি সেই সময় রাষ্ট্রপতি হাত থেকে পুরস্কার নিতে পারেন নি। তাই এবার রাষ্ট্রপতি বিশেষ সম্মানে সম্মানিত করলেন তপন কুমার ঘোষকে।
রাজ্যপাল সি বি আনন্দ বোস সেই রাষ্ট্রপতি পুরস্কার তাঁর হাতে তুলে দেন। পুরস্কার পেয়ে ঘোষ পরিবার খুশি। আবেগে আপ্লুত, এমনকি গ্রামের মানুষ তাকে নিয়ে গর্বিত। তপন কুমার এর স্ত্রী ও ছেলেমেয়ে রয়েছে। বাবা সন্তোষ কুমার ঘোষ কয়েক বছর আগে মারা যান। ছেলের এই সম্মান নিজের চোখে দেখে যেতে পারলেন না, কিন্তু মা উমা ঘোষ ছেলের জন্য গর্বিত। পুরস্কার পেয়ে তপনবাবু জানান “সবাইকে দেশ রক্ষার র কাজে এগিয়ে আসতে হবে এবং সততা অনুষ্ঠানের জন্য লড়াই করতে হবে পাশাপাশি ভালো মানুষ হয়ে থাকতে হবে এবং সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে । এই শপথ নিয়েই সবাইকে এগিয়ে আসতে হবে।”
আজ খবর (বাংলা), [রাজ্য] হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪পরগণা , ০২/০১/২০২৬ : জলের দাবীতে বালতি কলসি নিয়ে রাস্তা অবরোধ করল গ্রামের মহিলারা। হিঙ্গলগঞ্জের স্কুলপাড়া এলাকার ঘটনা ।
বিক্ষোভকারীদের দাবি-দীর্ঘ তিন বছর আগে এই এলাকায় পানীয় জলের সমস্যা মেটানোর জন্য জলের হাই ট্যাঙ্ক তৈরি হয়েছে । কিন্তু এখনো পর্যন্ত এই ট্যাঙ্ক এর সাথে এলাকার জলের পাইপ লাইনের কোন সংযোগ করা হয়নি বা এখনো এলাকার মানুষ এই ট্যাংক থেকে জল পাচ্ছে না। বহুবার এলাকার মানুষ স্থানীয় প্রতিযোগীদের জানিয়েছে কিন্তু কোন কাজ হয়নি। অবশেষে আজ এলাকার মহিলারা বালতি কলসি নিয়ে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়।
এই এলাকায় বহু বছর ধরে পানীয় জলের সমস্যা । এই এলাকায় প্রায় পাঁচ হাজার পরিবার জলের সমস্যায় ভুগছে বিগত কয়েক বছর ধরে । কয়েক কিলোমিটার দূর থেকে তাদের পানীয় জল নিয়ে আসতে হয় শীত/গ্রীষ্ম/বর্ষা মাথায় করে ।
সেই সমস্যা মিটানোর উদ্যোগে এখানে তৈরি হয়েছে হাই ওয়াটার ট্যাঙ্ক । গ্রামের মানুষ আশায় বুক বেঁধেছিল যে এবার তাদের জলের সমস্যা মিটবে ।
কিন্তু বিগত তিন বছর ধরে সেই হাই ওয়াটার ট্যাঙ্ক তৈরি হয়ে পড়ে আছে। কিন্তু আজ পর্যন্ত এলাকার মানুষের জলের সমস্যা মিটলো না।
যে ঠিকাদার এই হাইওয়াটার ট্যাঙ্ক তৈরি করেছিল তার বিরুদ্ধে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ ।
এলাকার দাবি অবিলম্বে এই হাই ওয়াটার ট্যাঙ্ক চালু করতে হবে ।
আজ খবর (বাংলা) [রাজ্য], ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ০২/০১/২০২৬ : সাতসকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ এবং দমকল সহ বহু মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই।
ময়নাগুড়ি পুরাতন বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ময়নাগুড়ি পুরসভা এবং থানার আইসি নিজে দাঁড়িয়ে থেকে আগুন নিয়ন্ত্রণ এবং আগুন লাগার কারণ জানার চেষ্টা করছে।দমকলের দুটো ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। বিদ্যুতের সট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা। প্রাথমিকভাবে জানা যায় কমপক্ষে ১০ টি দোকান পুড়ে ছাই। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দমকল এবং পুলিশের পাশাপাশি পৌরসভা। ঘটনাস্থলে ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান উপস্থিত।
বাজারের ভিতরে একটি মিষ্টির দোকানে বেশ কিছু গ্যাস সিলিন্ডার ছিল। দ্রুত সেগুলি সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়। ভাইস চেয়ারম্যান ঝুলন গোস্বামী বলেন, পুরসভার পক্ষ থেকে বারবার ব্যবসায়ীদের বলা হয়েছে, বাজারে ঢোকার রাস্তা বাধামুক্ত রাখতে। কিন্তু সেকথা শোনেননি ব্যবসায়ীরা। দোকানের সামগ্রী বাজারে ঢোকার রাস্তায় রেখে দেন তাঁরা। যদিও আজ দমকল খুব ভাল কাজ করেছে। ভোররাতে আগুন লাগে। এই ঘটনায় মোট দশটি দোকান পুড়ে গিয়েছে।
আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০১/০১/২০২৬ : স্বাগত ২০২৬। ইংরেজি ক্যালেন্ডারের নতুন বছরের প্রথম দিনে ‘আজ খবর’এর সমস্ত পাঠক, পাঠিকা, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীকে শুভেচ্ছা জানাই। আজ পয়লা জানুয়ারির দিনে মানুষ ছুটি কাটানোর আমেজ উপভোগ করছেন। বিভিন্ন জায়গায় জমে উঠেছে পিকনিক। বাতাসে হিমেল পরশ ছুটির আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।
আজকের দিনে বহু মানুষ ভীড় করেছেন দক্ষিণেশ্বরে ভবতারিনীর মন্দিরে। আজকের দিনেই কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। আজ তাই ভক্তেরা ভীড় করেছেন কল্পতরু উৎসবে শামিল হতে।গঙ্গার ধারে দক্ষিনেশ্বর মন্দিরে আজ প্রচন্ড ভীড়। সকলেই প্রার্থনা করছেন ঠাকুরের কাছে। দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিতে বিশাল লাইন পড়েছে ভক্তদের।
দক্ষিনেশ্বর মন্দির চত্বরে প্রচুর মানুষের ভীড়ে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি দেখছেন ডিসি (সাউথ), অনুপম সিং। তাঁর নেতৃত্বে গোটা দক্ষিনেশ্বর অঞ্চলকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে জলপুলিশকেও। ফেরিঘাটের ওপর নজরদারি চালানো হচ্ছে। নৌকাগুলিতে যাত্রীর চাপ খুব বেশি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ খবর (বাংলা) [রাজ্য], জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ২৪/১২/২০২৫ : সমগ্র রাজ্যেই সেটের দাপট বাড়ছে একটু একটু করে. বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচন্ড ঠাণ্ডা পরে গিয়েছে।
সামনেই ইংরেজি নতুন বছর। তার আগে আগামীকাল আসছে বড়দিন আর এই বড়দিনের আগে কনকনে শীতের আমেজ জলপাইগুড়িতে। কনকনে ঠান্ডায় কাঁপছেন জলপাইগুড়ি জেলার মানুষ। সকালের দিকে বেশ কুয়াশাচ্ছন রয়েছে জেলার রাস্তাঘাট। শিশিরে ভিজেছে জলপাইগুড়ি জেলা, রাস্তাঘাট, গাছপালা। সূর্যের দেখা নেই একেবারে।
রাস্তাঘাটে দৃশ্যমান্যতা কম থাকায় ধীর গতিতে আলো জ্বালিয়ে যানবাহন চালাচ্ছেন চালকরা । শীতের আমেজ উপভোগ করতে জেলার বিভিন্ন পর্যটন স্থানগুলোতে নেমেছে পর্যটকদের ঢল । ঠাণ্ডা থেকে রেহাই পেতে আগুন জ্বালিয়ে শরীর গরম করছেন সাধারণ মানুষ। বিভিন্ন জায়গায় চলছে দেদার পিকনিক। জলপাইগুড়ির পাশাপাশি প্রচন্ড ঠাণ্ডা রয়েছে শিলিগুঁড়িতেও। পাহাড়ে তাপমাত্রা থাকছে ৩ থেকে ৪ ডিগ্রির কাছাকাছি।
আজ খবর (বাংলা), [রাজ্য],কলকাতা,পশ্চিমবঙ্গ, ২৩/১২/২০২৫ : আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে। উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা। বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কিছু এলাকায় ঘন কুয়াশার সম্ভাবনা। আগামী দুদিন সকালের দিকে এই ঘন কুয়াশা থাকতে পারে।
দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা।
সর্বনিম্ন তাপমাত্রা উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলাতে স্বাভাবিকের থেকে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে রয়েছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ নামবে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নামতে পারবে বলে অনুমান।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় পরিবর্তন নেই তারপর দু তিন দিনে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে কিছু এলাকায়।
উত্তরবঙ্গের দার্জিলিং সহ পার্বত্য এলাকায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা। উপরের দিকের পাঁচ জেলায় ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস এবং নিচের দিকের জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
আজ খবর (বাংলা) [রাজ্য], জঙ্গীপুর, মুর্শিদাবাদ, ২৩/১২/২০২৫ : সামশেরগঞ্জে হরগোবিন্দ দাস ও তাঁর পুত্র চন্দন দাসের হত্যার অভিযোগে ১৩ জনকে যাবজ্জেবন কারাদণ্ডে দণ্ডিত করল আদালত।
গত ১২ এপ্রিল, মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ থানা এলাকার জাফরাবাদ গ্রামের দুই বাসিন্দা—হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাসকে উত্তেজিত জনতার একটি দল নৃশংসভাবে হত্যা করে। এই জোড়া খুনের মামলার তদন্তে গঠিত হয়েছিল একটি বিশেষ তদন্তকারী দল (SIT)। পূর্ণাঙ্গ তদন্তের পর ১৩ অভিযুক্তের বিরুদ্ধে জমা পড়েছিল চার্জশিট।
আজ রায় বেরিয়েছে মামলার। মাননীয় অতিরিক্ত জেলা জজ আদালত ১৩ জন অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে শাস্তি ঘোষণা করেছেন।
এদের মধ্যে ৫ জনের নাম এফআইআর-এ ছিল। বাকিদের তদন্তে পাওয়া তথ্য এবং তাঁদের ভূমিকার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল। ওড়িশার ঝারসুগুডা, ঝাড়খণ্ডের পাকুড়, বীরভূমের পাইকর, হাওড়া, ফারাক্কা, সামশেরগঞ্জ এবং সুতি-সহ বিভিন্ন জায়গা থেকে এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
তদন্তের সময় সিসিটিভি (CCTV) ক্যামেরা থেকে প্রাথমিক সূত্র পাওয়া গিয়েছিল। এছাড়া ‘গুগল ম্যাপস লোকেশন ভিজ্যুয়ালাইজেশন’ পদ্ধতি ব্যবহার করে অভিযুক্তদের মোবাইলের সিডিআর (CDR) ম্যাপে প্লট করা হয়েছিল। এর মাধ্যমে অপরাধের জায়গায় তাঁদের উপস্থিতি এবং প্রবেশ-প্রস্থানের পথ স্পষ্টভাবে প্রমাণ করা হয়েছে।
অভিযুক্তদের হাঁটার ধরন বা ‘গেইট প্যাটার্ন বিশ্লেষণ’ (Gait pattern analysis) করা হয়েছিল, যা সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তিদের হাঁটার ধরনের সাথে হুবহু মিলে গেছে।আদালত এই রায়ে ডিএনএ (DNA) প্রমাণের ওপরও গুরুত্ব দিয়েছেন। অপরাধে ব্যবহৃত অস্ত্রে লেগে থাকা রক্তের ডিএনএ-র সাথে মৃত ব্যক্তিদের ডিএনএ মিলে গিয়েছে।
এই মামলার দুই তদন্তকারী অফিসার (IO)—জঙ্গিপুর পুলিশ জেলার এসআই মিঠুন হালদার ও ইন্সপেক্টর প্রসূন মিত্র এবং স্পেশ্যাল পিপি (Public Prosecutor) শ্রী বিভাস চট্টোপাধ্যায়কে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। মাত্র নয় মাসের মধ্যেই দোষীদের শাস্তি সুনিশ্চিত করার জন্য জঙ্গিপুর জেলা পুলিশকেও অনেক অভিনন্দন।