আজ খবর (বাংলা), [খেলা] চেন্নাই, তামিলনাড়ু, ১১/০৪/২০২৫ : নিজেকে ত্রাতা হিসেবে মেলে ধরতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি। তাঁকেই সবচেয়ে বেশি যখন দরকার ছিল দলের, যখন তাঁর ওপরেই সবচেয়ে বেশি নির্ভর করতে চাইছিল গোটা দল এবং সমর্থকেরা, ঠিক তখনি ব্যর্থ হলেন তিনি, লেগ বিফোর উইকেট হয়ে প্যাভিনিয়ান চলে যেতে হল তাঁকে।
টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস তোলে মাত্র ১০৩ রান। এই স্বল্প রান তুলতে গিয়ে ৯টি উইকেট হারিয়ে ফেলে সিএসকে। চেন্নাইয়ের ভি শঙ্কর ২১ বলে ২৯ রান এবং দুবে ২৯ বলে ৩১ রান তুলেছেন। হুডা , জাদেজা ০ রান, অশ্বিন, ধোনি, আহমেদ ১ রান করে আউট হয়ে যান।
১০৪ টার্গেট তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্স স্বাভাবিক ছন্দে খেলা শুরু করে। এদিন নারাইন ৪৪ রান, ডি কক ২৩ রান, আজিঙ্কে রাহানে ২০ রান এবং আর সিং ১৫ রান করেন। কেকেআর ১০.১ ওভারেই ২ উইকেট হারিয়ে মোট ১০৭ রান তুলে নেয়। বল হাতে কেকেআরের হয়ে নারাইন মোট ৩টি উইকেট নিয়েছেন, ধোনিকেও তিনিই ঘরে ফেরান। বরুন চক্রবর্তী ও রানা ২টি করে উইকেট নিয়েছেন, আলী ও অরোরা ১টি করে উইকেট পেয়েছেন।
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা ,পশ্চিমবঙ্গ, ১১/০৪/২০২৫ : প্রায় ২৬ হাজার চাকরিহারা শিক্ষকরা মিছিল করলেন সল্টলেকের বিকাশভবনের উদ্দেশ্যে। তাঁরা চাইছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে সাক্ষাৎ করে একটা সমাধান সূত্রে পৌঁছনোর জন্যে।
বিকাশভনে পৌঁছে রাজ্যের শিক্ষামন্ত্রীব্রাত্য বসুর সাথে বৈঠকে বসে সমাধান সূত্র বের করতে চান সদ্য চাকরিহারা শিক্ষকরা। এই কারনে তাঁরা বিভিন্ন দিক থেকে মিছিল করে সল্টলেকের বিকাশ ভবনের উদ্দেশ্যে এগোতে থাকেন। ততক্ষনে বিকাশ ভবন চত্বর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।
এদিন এসএসসি দুর্নীতির প্রতিবাদে সল্টলেক বিজেপি দপ্তর থেকে সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে বিজেপি কার্যকর্তারা মিছিল করে রওনা দিয়েছিলেন এসএসসি দফতরের উদ্দেশ্যে। পুলিশ আটকে দেয় সেই মিছিল। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা।
এদিকে শিক্ষামন্ত্রীর সাথে চাকরিহারা শিক্ষকদের মধ্যে আট জনকে প্রতিনিধিত্ব করতে অনুমতি দেওয়া হয়. তাঁরা শিক্ষা দপ্তরে গিয়ে ব্রাত্য বসুর সাথে বৈঠকে বসেন। অনেকেই মন্তব্য করতে থাকেন যে আগের বৈঠকের মত এই বৈঠকও নিস্ফলা হবে. তবে এনেকেই এই বৈঠক নিয়ে আশাবাদী।
চাকরিহারাদের দাবী ওএমআর সার্টিফিকেটের মিরর কপি দিতে হবে, যোগ্য ও অযোগ্যদের নির্ভুল ও নিখুঁত তালিকা প্রকাশ করতে হবে. চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়ালেন আর জি কর কাণ্ডের প্রতিবাদীরাও।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে বৈঠক করেও কোনো সুরাহা হল না. শেষমেশ চাকরি হারা শিক্ষকরা সিদ্ধান্ত নিলেন, যতক্ষণ না তাঁদের দাবী মেনে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে, আর ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা হচ্ছে, ততক্ষন তাঁরা এসএসসি ভবনের সামনে তাঁদের আন্দোলন চালিয়ে যাবেন। তাঁদের অনশন কর্মসূচী চালিয়ে যাবেন। আজ রাত্রে এসএসসি ভবনের সামনে থেকে আন্দোলনের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে. তাঁরা স্কুলে যাবেন না. নতুন করে কেউই পরীক্ষা দিতে বসবেন না. আজ এসএসসি ভবনের সামনে গোলাপফুল দেন চাকরিহারা শিক্ষকরা।
আজ খবর (বাংলা) [দেশ] কিস্তোয়ার, জম্মু ও কাশ্মীর, ১১/০৫/২০২৫ : নিরাপত্তা বাহিনীর গুলিতে আজ জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার এলাকায় এক সশস্ত্র জঙ্গীকে নিষ্ক্রিয় করা হল. ঘটনাস্থলে আর কোনো জঙ্গী লুকিয়ে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে।
উধমপুর জেলার খুব কাছেই অবস্থিত কিস্তোয়ার জেলার ছাত্রু ফরেস্ট এলাকা। জায়গাটি বেশ দুর্গম। খাড়াই পাহাড় উঠে গিয়েছে। আবার অনেক নিচ দিয়ে তীব্র গতিতে বয়ে চলেছে পাহাড়ি নদী। পাহাড়ের গায়ে ঘন অরণ্য, ঠিকমত সূর্যের আলোও ঢুকতে পারে না। গত ৯ তারিখ বিকেলে কাশ্মীর পুলিশের কাছে খবর আসে ঐ এলাকায় সশস্ত্র জঙ্গীদের উপস্থিতির কথা। পুলিশ আর দেরি না করে ঐ উপত্যকায় ৯ তারিখ রাত্রেই রেইকি করে নেয়।
এরপর নিরাপত্তা বাহিনী গিয়ে ঐ অরণ্যের ভিতরে ঢুকে তল্লাশি চালাতে শুরু করে। জঙ্গীদের মুখোমুখি হতেই দুই পক্ষ গুলি চালাতে শুরু করে। গুলির লড়াই শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই এক জঙ্গী নিকেশ হয়। এরপর অরণ্যের বিশাল অংশে কর্ডন করে ঘিরে চিরুনি তল্লাশি চালাতে শুরু করে নিরাপতা বাহিনী। কাশ্মীর পুলিশের কাছে খবর রয়েছে ঐ অরণ্যে আরও দুই বা তিনজন জঙ্গী লুকিয়ে রয়েছে। তাদের খোঁজে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে ঐ অরণ্যের মধ্যে।
আজ খবর (বাংলা) [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৪/২০২৫ : সদ্য আইনে পরিণত হওয়া ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এবার সুপ্রীম কোর্টে পিটিশন দাখিল করলেন তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র।
মহুয়া মিত্র এই বিষয়ে জানিয়েছেন, “আমি Waqf Amendment Act এর বিরুদ্ধে মাননীয় সর্বোচ্চ আদালতে পিটিশন দাখিল করেছি..আমার এই আবেদনের মুখ্য বিষয় হলো এই অসাংবিধানিক আইনের মাধ্যমে অমুসলিমদের ওয়াকফকে স্থাবর ও অস্থাবর সম্পত্তি দান করার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার যথা সংবিধানের অনুচ্ছেদ নম্বর ১৪ (সাম্যের অধিকার), ১৫(১) (ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যের নিষেধাজ্ঞা), ১৯(১)(গ) (সংঘ বা সমিতি গঠন করার স্বাধীনতার অধিকার), ২১ (জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার) এবং সাংবিধানিক অধিকার যথা ৩০০এ (সম্পত্তির অধিকার) থেকে বঞ্চিত করার বিষয়টি..আশা করা যাচ্ছে সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানি আগামী ১৬ ই এপ্রিল হবে। “
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি সোচ্চার হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাস্তায় অবরোধ করা হয়েছে, বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির অনেক নেতাই এই বিষয়টি তুলে ধরে সুপ্রীম কোর্টের দ্বারস্থ হয়েছে। AIMIM দলের সর্বোচ্য নেতা আসাউদ্দিন ওয়েইসি ওয়াকফ সংশোধনীর বিরোধিতা করে সুপ্রীম কোর্টে মামলা করেছেন। আগামী সপ্তাহে সেই আবেদনেরও শুনানি হওয়ার কথা আছে.
আজ খবর ( বাংলা) [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১০/০৪/২০২৫ : গতকাল রাত্রি থেকেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণে সিক্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলা। তাপমাত্রাও কমে গিয়েছে অনেকটাই।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল রাত্রি থেকে উত্তর বঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুর দুয়ার জেলার বেশ কিছু জায়াগায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হয়ে যায়. দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে অবিরাম বৃষ্টি, সেইসঙ্গে প্রচুর পরিমানে বাজে পড়তে থাকে। গতকাল রাত্রি থেকে শুরু হয়ে আজ সকাল পর্যন্ত একটানা বৃষ্টি হয়ে যায়. তারপর থামে আজ সকালে। ততক্ষনে জনজীবন লন্ডভন্ড হয়ে গিয়েছে। কয়েকটি জায়গা থেকে গাছ ভেঙেপড়ার খবরও পাওয়া গিয়েছে।
বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে জলপাইগুড়িতে। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। ঠান্ডা আবহাওয়া, শীতের আমেজ জেলা জুড়ে। জলপাইগুড়িতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। ভিজে রাস্তাঘাটে জনমানবের সংখ্যা কমে গিয়েছে। যানবাহন চলাফেরা করছে ধীরগতিতে। জলপাইগুড়ি থেকে একটি বড়সড় সড়ক দুর্ঘটনার খবরও পাওয়া গিয়েছে। বাজ পড়ে একজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং পাহাড়ে আজও বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে যে তীব্র দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছিল, প্রচন্ড বৃষ্টিতে সেই দাবদাহ একেবারেই কমে গিয়েছে। পরিবেশবিদরা বলছেন, এই পরিমান বৃষ্টির দরকার ছিল. উত্তরবঙ্গের বনাঞ্চলগুলি যেভাবে দাবানলের আগুনে পুড়ছিল তাতে করে এই প্রবল বর্ষণে তা নিভে যাবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দুপুরে আলিপুরদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু জায়গায় প্রবল বর্ষণ হবে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মালদা জেলার কিছু জায়গাতেও। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গের আকাশে এখনো বজ্রগর্ভ মেঘের সঞ্চারই হয় নি। এই মুহূর্তে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ ও উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে।
আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ০৯/০৪/২০২৫ : প্রতিবেশী শত্রু দেশগুলির হৃদস্পন্দন বাড়িয়ে ভারত ফের রাফায়েল যুদ্ধবিমান কিনতে চলেছে ফ্রান্সের থেকে।
ভারত ফ্রান্সের থেকে আরও ২৬টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান কিনতে চলেছে। আজ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এই পরিমান যুদ্ধবিমান কেনার ব্যাপারে ছাড়পত্র দিয়েছে। ২৬টি রাফায়েলের মধ্যে চারটি হবে ডাবল পাইলট সিট এবং বাকিগুলি সিঙ্গল পাইলট সিট্ যুক্ত। এই পরিমান রাফায়েল যুদ্ধ বিমান কিনতে ভারতের খরচ হবে ২৬ হাজার কোটি টাকা। এই পরিমান অর্থ খরচের জন্যে যাবতীয় অনুমোদন আজ কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে।
এই মুহূর্তে ভারতের কাছে মোট ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে। সেগুলিকে রাখা আছে আম্বালা ও হাসিমারা বায়ুসেনা শিবিরে। নতুন যুদ্ধবিমানগুলো এসে গেলে ভারতের ভাণ্ডারে রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যা হবে ৬২টি. তবে ফ্রান্স নতুন অর্ডার অনুযায়ী যুদ্ধবিমানগুলো সরবরাহ করবে আগামী পাঁচ বছরের মধ্যে।
রাফায়েল যুদ্ধবিমান এমনিতেই প্রচন্ড শক্তিশালী যুদ্ধবিমান। এই বিমানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও কৌশল। রয়েছে নানারকম সুযোগ সুবিধা। আকাশে রাফায়েল থাকলে শত্রুপক্ষ এমনিতেই বেশ চাপে থাকে। ভারতের কাছে ৬২টি রাফায়েল থাকা মানে সে যে শত্রুপক্ষের কাছে কতটা চাপের তা একমাত্র শত্রুপক্ষই জানে। আকাশপথে এসে তারা অন্তত আর ভারতকে চটাতে চাইবে না । .
আজ খবর (বাংলা) [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৪/২০২৫ : ওয়াকফ আইনের প্রতিবাদে গতকাল মুর্শিদাবাদে যে তাণ্ডব করা হয়েছে তার তীব্র নিন্দা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা ঘটনার জন্যে রাজ্য সরকারের মনোভাবকেই দায়ী করেছেন তিনি। তার সাথে সাথে তৃণমূলের ভোট ব্যাংক রক্ষার কোথাও তুলে ধরেছেন।
গতকাল মুর্শিদাবাদে ওয়াকফ আইনের প্রতিবাদে ব্যাপক অশান্তি ছড়িয়েছিল। একদল মানুষ জাতীয় সড়কের ওপর গাড়িগুলিতে ভাংচুর চালাচ্ছিল। পুলিশ আটকাতে গেলে পুলিশকেই আক্রমণের মুখে পড়তে হয়েছিল। পুলিশের দিকে পাথর বৃষ্টি করা হয়েছিল। পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই অশান্তি ছড়িয়ে পড়েছিল উত্তরদিনাজপুরের রঘুনাথগঞ্জ এবং নদীয়া জেলার কিছু জায়গাতেও। শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছিল। গতকাল পুলিশকে রক্তাক্ত হতেও দেখা গিয়েছিল ।
গতকালের এই ঘটনায় পুলিশ লাঠিচার্জ করেছিল, প্রচুর কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছিল। RAF নামানো হয়েছিল, এরপরেই তাণ্ডবের মাত্রা কিছুটা কমেছিল। এই অঞ্চলে উত্তেজনা রয়েছে আজও। এলাকায় পুলিশ পিকেটিং করা হয়েছে। এলাকায় ১৬৩ ধারা হয়েছে। একসাথে পাঁচ জনের বেশি কেউ থাকতে পারবে না, গোটা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গোটা এলাকার ওপর কড়া নজরদারি রেখেছে পুলিশে বিশাল বাহিনী। রঘুনাথগঞ্জ ও সুতিতে আগামী তিন দিনের জন্যে ১৬৩ ধারা জারি করা হয়েছে। ইন্টারনেট বন্ধই থাকছে। এই জায়গাগুলিতে নতুন করে আর অশান্তি না ছড়ালেও দোকানপাট বাজার সবই ছিল বন্ধ।
বিধায়ক খলিলুর রহমান
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল থেকেই ওয়াকফ সংশোধনী বিল আইন হিসেবে বলবৎ করা হয়েছে। তার প্রতিবাদেই গতকাল মুর্শিদাবাদের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এই কি প্রতিবাদের ভাষা ? সাধারণ মানুষের দেওয়া করের টাকায় কেনা সরকারি সম্পত্তি পুড়িয়ে প্রতিবাদ দেখানো হবে ? গতকাল রাজ্য সরকারেরই এক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী প্রতিবাদের নাম বলেছিলেন এই আইন তিনি মানেন না। মন্ত্রী হয়ে তিনি বলছেন দেশের আইন তিনি মানেন না ! গোটা বিষয়টি নিজের এক্স হ্যান্ডেলে বয়ান করেছেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী চিফ সেক্রেটারি ও মুর্শিদাবাদের জেলাশাসকের কাছেঅনুরোধ করেন স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অনুরোধ করে এলাকায় আধা সেনাবাহিনী নিয়োগ করার জন্যে। শুভেন্দু বলেছেন, “এই অশান্তির দায় রাজ্য সরকারকেই নিতে হবে। ভোট ব্যাংকের নাম রাজ্য সরকার একটি সম্প্রদায়কে দীর্ঘদিন ধরে বিশেষ সুবিধা দিয়ে এসেছেন। আজ তার পরিণামেই এই ঘটনাগুলি ঘটছে।”
গতকালের ঘটনার পর তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর আন্দোলনকারী জনগণের কাছে আবেদন জানিয়ে বলেন “এই আইনের প্রতিবাদ করুন শান্তিপূর্ণভাবে। যেমন আমি নিজে এই আইনের রিভিউ পিটিশন দায়ের করতে চলেছি সুপ্রীম কোর্টে। আপনারাও শান্তিপূর্ব আলোচনা করুন কিন্তু সরকারি বা বেসরকারি সম্পদ নষ্ট করবেন না.” জঙ্গীপুরের মানুষের কাছে শান্তি বজায় রাখার আবেদন করলেন তৃণমূলের আর এক বিধায়ক খলিলুর রহমান। তিনি আন্দোলনকারীদের হিংসা না ছড়ানোর আবেদন করেছেন করজোড়ে।”
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০৮/০৪/২০২৫ : ভারত সফরে আসা দুবাইয়ের যুবরাজ তথা সংযুক্ত আরব আমির শাহীর উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী মাননীয় শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতৌম-কে আজ সাদর অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট উপলক্ষে গতবছর তাঁর সংযুক্ত আরব আমির শাহী সফরের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি সংযুক্ত আরব আমির শাহীর প্রেসিডেন্ট মাননীয় মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং সেদেশের ভাইস প্রেসিডেন্ট তথা প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মাননীয় মহম্মদ বিন রশিদ আল মাকতৌম-এর প্রতি আন্তরিক শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কে ধারাবাহিকতার প্রতিফলন। দু-দেশের পারস্পরিক অংশীদারিত্ব দাঁড়িয়ে রয়েছে আস্থা এবং ভবিষ্যতের দিশায় অভিন্ন দৃষ্টিভঙ্গীর ওপর ভিত্তি করে।
ভারত – সংযুক্ত আরব আমির শাহীর সার্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করা, বিশেষত বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা, ক্রীড়া এবং জনসংযোগের পরিসর নিবিড়তর করা নিয়ে দুই নেতার আলোচনা হয়।
সংযুক্ত আরব আমির শাহীতে বসবাসরত প্রায় ৪৩ লক্ষ ভারতীয় নাগরিকের কল্যাণ নিশ্চিত করতে সেদেশের নেতৃত্বের উদ্যোগকে কুর্ণিশ জানান প্রধানমন্ত্রী। দু-দেশের প্রাণবন্ত সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এঁদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
আজ খবর (বাংলা), [খেলা] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৮/০৪/২০২৫ : আজ ফের একবার কে কে হার। আইপিএল ম্যাচে ঘুরে দাঁড়িয়েও নিজেদের জায়গা ধরে রাখতে পারলো না কেকেআর। লখনৌ-এর কাছে মাত্র ৪ রানে হেরে গেলো তারা ।
টসে জিতে কেকেআর লখনৌকে ব্যাট করতে পাঠায়। লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটাররা প্রথম থেকেই দাপট দেখতে শুরু করেন । মাক্রম (২৮ বলে ৪৭), মার্শ (৪৮বলে ৮১)এন পূরণ (৩৬ বলে ৮৭) . সামাদ (৪ বলে ৬) ও মিলারের (৪ বলে ৪) ব্যাটে ভর করে লখনৌ স্কোর করে ৩ উইকেটে ২৩৮ রান।
রান তাড়া করতে গিয়ে কেকেআর-এর ডি কক (৯ বলে ১৫), নারাইন (১৩ বলে ৩০), রাহানে (৩৫ বলে ৬১), আইয়ার (২৯ বলে ৪৫), সিং-এর (১৫ বলে অপরাজিত ৩৮) রানের চেষ্টায় টোটাল স্কোর প্রতিপক্ষের কাছাকাছি নিয়ে যেতে পারলেও শেষ রক্ষা করতে পারে নি।২৩৪ রানেই খেলা শেষ করতে হয় শারুখের দলকে। ঘরের ম্যাথ ইডেন গার্ডেনসে আজ মাত্র ৪ রানে হেরে যায় কেকেআর।
আজ খবর (বাংলা), [রাজ্য], করণদিঘি, উত্তর দিনাজপুর, ০৮/০৪/২০২৫ : ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল, প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ, ঘটনা মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ রাজ্য সড়কে।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে ওয়াকফ বিল পাস হয়েছে , আর তারপরেই ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল চলছে বিভিন্ন জায়গায়। এদিন মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এলাকায় ওয়াকফ বিল প্রত্যাহারের দাবীতে চলছিল পথ অবরোধ। আর তাকে ঘিরেই পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। প্রতিবাদীদের দাবী ছিল সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , অনেক বোঝানোর পরেও যখন পথ অবরোধ কারীরা কোনো কথাই মানছিল না। তখন বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে এবং অবরোধ তোলার চেষ্টা করে। মধ্যেই মুর্শিদাবাদ ও নদীয়া জেলার বিভিন্ন গণ্ডগোলের খবর আসতে থাকে। মুর্শিদাবাদের জঙ্গীপুর ও নিমতিতা এলাকায় গন্ডগোল ছড়িয়ে পড়ে।
গন্ডগোলের খবর পেয়ে পুলিশের আরও বিশাল বাহিনীকে নামানো হয়. নামে RAF. কিন্তু ততক্ষনে ইঁটবৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ইঁটের আঘাতে কয়েকজন আহত হয়েছেন। কয়েকটি গাড়িতে ভাংচুর করা হয়েছে,পুলিশের দুটি গাড়িতে আগুন লাগিয়ে হয়েছে। সেগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়. পুলিশ লাঠিচার্জ করতে থাকে। কাঁদানে গ্যাসের সেল ফাটাতে থাকে। এরপর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে.
এই মুহূর্তে উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ ও নদীয়া জেলার একটা অংশে ব্যাপক উত্তেজনা রয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শিলিগুড়ি যাওয়ার জাতীয় সড়ক খুলে দেওয়া হয়েছে। যারা আজ ভাংচুর চালালো, গণ্ডগোল করল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকেই গোটা দেশে সংশোধিত ওয়াকফ বলবৎ করা হল।
মুর্শিদাবাদের জঙ্গীপুরে ওয়াকফ আইন প্রত্যাহার দাবিতে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রঘুনাথগঞ্জ ও সুতি- দুই জায়গায় ১৬৩ ধারা আইন জারি করা হ’ল জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। উল্লেখ্য- কেন্দ্র সরকারের এই কালা আইন প্রত্যাহারের দাবিতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে অবশেষে পুলিশের সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হয় একটি পুলিশ গাড়ি সহ একাধিক গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল চালায় পুলিশ। সব মিলিয়ে ঘটনাস্থলে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে শুরু হয় রীতিমতো খণ্ডযুদ্ধ। অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রঘুনাথগঞ্জ ও সুতিতে ১৬৩ ধারা আইন জারি করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি আজ থেকে আগামী ১১ তারিখ পর্যন্ত জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।