
আজ খবর, নিজস্ব প্রতিবেদন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ১২/১০/২০২৬ : পুলিশের তলব থাকা সত্ত্বেও থানায় হাজিরা এড়ালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্ভবত আজ তিনি দিল্লী যাচ্ছেন।
ক্যামাক স্ট্রিট অফিসে হোর্ডিং কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেক্সপিয়ার সরণি থানা তলব করেছিল। দিন কয়েক সেক্সপিয়ার সরণী থানা থেকে পুলিশ গিয়েছিলেন কালীঘাটে পটুয়াপাড়ায় অভিষেকের বাড়িতে। সেই দিন বেশ কিছুক্ষন অপেক্ষাকরার পর ফিরে যেতে হয়েছিল পুলিশকে। পরে ফের তাঁরা ঐ বাড়িতে গিয়ে অভিষেকের ভাই আকাশকে নোটিশ ধরিয়ে এসেছিলো। সেই মোতাবেক আজ সেক্সপিয়ার সরণি থানায় হাজিরা দেওয়ার কথা ছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আজ সকাল ১০টা নাগাদ মিডিয়ার নজর ছিল অভিষেকের বাড়ির দিকে, কিন্তু কলকাতায় থাকলেও অভিষেক সেক্সপিয়ার সরণি থানায় যান নি। তিনি আজ ইমেল মারফত জানিয়ে দিয়েছেন আজ তিনি আসতে পারবেন না, তাঁকে তলবের করলে অন্তত ৪৮ ঘন্টা সময় দিতে হবে। এই ইমেল পেয়ে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ তড়িঘড়ি তাঁকে ৪৮ ঘন্টা পর অর্থাৎ আগামী বুধবার সকালে ফের তলব করে। সেক্ষেত্রে আগামী ১৪ তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের পুলিশের মুখোমুখি হাজিরা দিতে হবে।
আজ দুপুরে দু’টি ফ্লাইটে অভিষেকের দিল্লী যাওয়ার টিকিট বুক করা আছে। রাজধানী দিল্লীতে আজ সিজেপির অবরোধ কর্মসূচি আছে। সেই কর্মসূচিতে সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির থাকবেন। সেইজন্যেই আজ তিনি দিল্লী উড়ে যাচ্ছেন।



