
আজ খবর, [ রাজ্য]আসানসোল, পশ্চিম বর্ধমান, ২৭/১১/২০২৬ : সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ধরা পড়লো আসানসোলের কুখ্যাত দাগি অপরাধী .প্রতাপ দাস. আজ সকালে পুলিশের সাথে প্রায় ঘন্টা দুয়েক উদ্যত পিস্তল নিয়ে লুকোচুরি খেলার পর ধরা পড়ে গেল প্রতাপ ওরফে প্যাঁও।

আসানসোলের হীরাপুর এলাকার মানুষ আজ সকাল থেকেই দেখলো পুলিশের রুদ্ধশ্বাস অভিযান। দেখা গেলো ঝাঁকে ঝাঁকে পুলিশ অফিসারেরা প্রত্যেকে হাতে খোলা পিস্তল নিয়ে পড়িমরি করে খুঁজে বেড়াচ্ছেন অপরাধী প্রতাপকে ধরার জন্যে। প্রতিটা বাড়ির আনাচে কানাচে তাঁরা তল্লাশি চালাচ্ছেন, বাসিন্দাদের জিজ্ঞাসা করছেন। এমন সময় স্থানীয় সামন্ত বাড়ি থেকে পুলিশের কাছে খবর গেলো, প্রতাপ তাঁদের বাড়ির পাতকুয়ার পাশে লুকিয়ে আছে. সাথে সাথেই গোটা এলাকা ঘিরে নেয় পুলিশ।

.ততক্ষনে প্রতাপ লুকোচুরি খেলার শেষ অঙ্কে একবার আশেপাশের বাড়ির আনাচে কানাচে লুকোবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় সে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়. এরপর পুলিশ তার পায়ে গুলি চালিয়ে তাকে ঘায়েল করে চ্যাঙদোলা করে তুলে নিয়ে যায়.

সাইবার ক্রাইম সহ মোট ১৬টি মামলা রয়েছে প্রতাপ দাসের বিরুদ্ধে, এর আগে সে জেলেও ছিল. আসানসোলে কুখ্যাত দাগি অপরাধী বলে তার পরিচিতি আছে. বৃহস্পতিবার রাত্রে আসানসোলে হটন রোড এলাকায় রাতভর নাকা বন্দী করে থাকলেও পুলিশের নাগালে আসেনি প্রতাপ। আজ সকালে তারই বাড়ির পাশের এলাকায় গেঞ্জি বারমুডা পরা অবস্থায় আগ্নেয় অস্ত্র নিয়ে হিরাপুর থানার অন্তর্গত ইসমাইলের মানব সরণির বিভিন্ন বাড়িতে ঢুকে পরে প্রতাপ। দীর্ঘ দুই ঘণ্টা পুলিশের সঙ্গে লুকোচুরি করার পর পুলিশের গুলিতে আহত হয় প্রতাপ। এরই মধ্যে বেশ কয়েক রাউন্ড পুলিশকে লক্ষ্য করে গুলি করে প্রতাপ। পরে প্রতাপের পায়ে গুলি করে নিজেদের হেফাজতে নিয়ে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ।






