
আজ খবর (বাংলা) [রাজনীতি], রামনগর, পূর্ব মেদিনীপুর, ১২/০১/২০২৬ : প্রকাশ্য মঞ্চ থেকে ‘হাড়গোড় গুঁড়ো’ ও ‘বাড়ি জ্বালিয়ে দেওয়ার’ হুমকি—তৃণমূল নেতার বক্তব্যে চাঞ্চল্য রামনগরে!
প্রকাশ্য রাজনৈতিক মঞ্চ থেকে হুমকিমূলক বক্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়াল রামনগর–২ ব্লকে। অভিযোগ, মৈতানা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ওয়াসিম রহমান প্রকাশ্যে বিরোধীদের উদ্দেশে “হাড়গোড় গুঁড়ো করে দেওয়া” এবং “বাড়ি জ্বালিয়ে দেওয়া”-র মতো মন্তব্য করেন। এই বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে এবং তা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
স্থানীয় সূত্রের দাবি, একটি রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়েই ওই নেতা এ ধরনের হুমকিমূলক ভাষা ব্যবহার করেন। ভিডিওতে শোনা যায়, তিনি কড়া ভাষায় প্রতিপক্ষকে লক্ষ্য করে আক্রমণাত্মক মন্তব্য করছেন। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
বিরোধীদের তরফে অভিযোগ, এই ধরনের বক্তব্য আইনশৃঙ্খলার পরিপন্থী এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। তারা দোষীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে। অন্যদিকে, শাসকদলের অন্দরেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
ঘটনাটি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ভিডিওটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। কিন্তু এই ঘটনা প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, রামনগর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা প্রাথমিকভাবে ওয়াসিম রহমানকে এরেস্ট করেছি। আমরা কোর্টের কাছে তাঁকে ফরওয়ার্ড করছি। পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে।
![]()