
আজ খবর, [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/১১/২০২৬ : এবার থেকে রাজ্যে ভিক্ষা নয়, কর আদায়, ট্রাফিক সামলানোর কাজ করবে ‘বৃহন্নলা ব্রিগেড’ এই খবর দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পল।
এতদিন রাজ্যের বিভিন্ন শহরে ট্রাফিক সিগন্যালের মোড়ে দল বেঁধে ভিক্ষা করতে দেখা যেত বৃহন্নলাদের, বিভিন্ন দূরপাল্লার ট্রেনেও তাঁদের দেখা পাওয়া যেত. কোনো বাড়িতে সদ্যোজাতের খবর পেয়ে ঢোল ও হাততালি বাজিয়ে অনুদান তুলতে হাজির হয়ে যেতেন বৃহন্নলারা। এই নিয়ে অনেক অশান্তির খবরও পাওয়া গিয়েছে, এমনকি পুলিশে অভিযোগ পর্যন্ত জমা করা হয়েছে। অথচ কেউ আজ পর্যন্ত তাঁদেরকে সহানুভূতির দৃষ্টিতে দেখেন নি।

এবার রাজ্য সরকার এই বৃহন্নলাদের কাজ দেওয়ার কথা ভাবনাচিন্তা করেছে। রাজ্য সরকার নির্দিষ্ট ভাতার মাধ্যমে এই বৃহন্নলাদের কাজে লাগাতে চাইছে। কি কাজ করবে এই বৃহন্নলারা ? রাজ্যের হয়ে বকেয়া কর আদায় করার কাজ করবেন তাঁরা। শহরের বিভিন্ন রাস্তায় ট্রাফিক সিগন্যাল সামলাতে পুলিশকে সাহায্য করবেন । মোটরবাইক চালককে বলবেন হেলমেট পড়ার কথা, গাড়িচালককে মনে করিয়ে দেবেন সিট বেল্ট লাগানোর কথা, পথচারীকে অনুরোধ করবেন ট্র্যাফিক নিয়ম মেনে চলার জন্যে।

ভিক্ষাবৃত্তি অবলম্বনের জন্যে যাঁদের সমাজে সেভাবে সন্মান জুটতো না, তাঁরাই যখন সরকারি ভাতা পেয়ে সরকারি কাজে পথে নামবেন, তখন তাঁরা নিশ্চয়ই আগের চেয়ে অনেক বেশি সন্মান পাবেন ! তাঁদের পরিশ্রম নিশ্চয়ই সাধারণ মানুষের চোখে পড়বে ! সমাজ তাঁদেরকে নিশ্চয়ই ভালো চোখে দেখবে ! এই প্রকল্পের তাৎপর্য এখানেই। বৃহন্নলারা বলছে, “সমাজের চোখে তাঁরা উপেক্ষিত ছিলেন, এর আগে রাজ্যে কোনো সরকার তাঁদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে নি। “

বৃহন্নলাদের সরকারি কাজে লাগানোর বিষয়টা প্রথম মাথায় আসে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির। ২০২৪ সালের শেষ দিকে তিনি হায়দ্রাবাদ শহরের ট্রাফিক সামলানোর কাজ দেন এই বৃহন্নলাদের। সফলভাবে কাজ করতে থাকেন তাঁরা। সরকারি বকেয়া কর আদায়ের কাজেও সাফল্য আসে। এরপর তামিলনাড়ু, ছত্তিশগড় ও কেরালাতেও বৃহন্নলাদের সরকারি কাজে লাগানো হয়। সব রাজ্যেই সাফল্য আসে। এবার পশ্চিমবঙ্গ সরকার তৈরী করছে ‘বৃহন্নলা ব্রিগেড’ , এই বাহিনী সরকারি ভাতা নিয়ে রাজ্যের বকেয়া কর আদায় এবং ট্রাফিক সিগন্যাল সামলানোর কাজ করবে।

যাঁরা সমাজে এতদিন উপেক্ষিত থেকে গিয়েছেন তাঁরাই এবার সমাজের মাঝে সসম্মানে কাজ করার সুযোগ পেতে চলেছেন। যদিও এই ব্যবস্থাকে বিরোধী রাজনৈতিক দলগুলি পৃথক ভোট ব্যাংক হিসেবে দেখতে চাইছে, কিন্তু রাজ্যে বিজেপি সরকারের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার যোগ্য হিসেবে বিবেচিত হতে চলেছে।







