
আজ খবর, কুলগাঁও, জম্মু ও কাশ্মীর, ১১/১১/২০২৬ : জঙ্গিদের গুলিতে ফের একবার রক্তাক্ত হল ভূস্বর্গ কাশ্মীরের মাটি। বাইকে করে এসে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় দুই জঙ্গি।
গোটা দেশ যখন ভাতৃ দ্বিতীয়া বা ভাইয়া দুজ উৎসব পালন করছে, তখন কাশ্মীর উপত্যকায় বীর জওয়ানরা সতর্ক দৃষ্টিতে দেশকে নিরাপদ রাখার দায়িত্ব পালন করে চলেছেন। আজ জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে একটি রাস্তার ওপর যখন নাকা চেকিং চলছিল, সেই সময় সিআরপিএফ বুথ লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। দু’জন জঙ্গি একটি বাইকে করে এসেছিলো এবং সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে তারা এলোপাথাড়ি গুলি চালিয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় জঙ্গিদের গুলিতে তিন জওয়ান গুরুতরভাবে আহত হয়েছেন। এই জওয়ানরা হলেন, আসামের রাকেশ দাস, পশ্চিমবঙ্গের সন্তোষ সাধু এবং মধ্যপ্রদেশের সোমবীর সিং. দুপুর ২:১৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটার পরেই আহত তিন জওয়ানকে দ্রুত নিয়ে যাওয়া হয় অনন্তনাগ হাসপাতালে। সেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুই জওয়ানের পায়ে গুলি লেগেছে এবং এক জনের কোমরের পিছন দিকে গুলি লেগেছে। অস্ত্রপচার করে গুলি বের করে দেওয়া হয়েছে। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে তিন জওয়ান বর্তমানে স্থিতিশীল আছেন।

ফের একবার উৎসবের মরসুমকে টার্গেট করেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। কিছুদিন আগেই জঙ্গি লতিফ ভাটের ছবি দিয়ে পোস্টার পড়েছিল কাশ্মীরে। তাকে অনেকদিন ধরেই খোঁজ করছে নিরাপত্তা বাহিনী। লতিফের মাথার দাম ১৫ লক্ষ টাকা। তারই দলের কেউ আজ নাশকতার ঘটনা ঘটালো কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা এলাকা কর্ডন করে ঘিরে রাখা হয়েছে। চতুর্দিকে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। কাশ্মীর উপত্যকা জুড়েই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।







