
১৪০ কোটি দেশবাসীর কৃতজ্ঞতা জানাতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বস্তারে প্রধানমন্ত্রী
আজ খবর, বস্তার, ছত্তিশগড়, ০৯/১১/২০২৬ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ের বস্তারের করণপুরে কোবরা অপারেশনস বেসে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন এবং এই উৎসবের মুহূর্তে তাঁদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন।
প্রধানমন্ত্রী এই উদযাপনের কিছু মুহূর্ত তুলে ধরে জানিয়েছেন যে, যারা দেশ রক্ষা করেন, তাঁদের সঙ্গে দীপাবলি আরও আনন্দময় হয়ে ওঠে।
১৪০ কোটি দেশবাসীর কৃতজ্ঞতা জানাতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী। বললেন, দেশের নিরাপত্তারক্ষীরা তাঁর পরিবারেরই সদস্য।

দীপাবলির উৎসবে নিরাপত্তারক্ষীদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ছত্তিশগড়ের বস্তার জেলার করণপুরে কোবরা বাহিনীর (CoBRA) অপারেশনস বেসে গিয়ে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন তিনি। তাঁদের হাতে মিষ্টি তুলে দেন এবং দেশের নিরাপত্তায় তাঁদের আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সীমান্তে এবং দেশের অভ্যন্তরে যাঁরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন, তাঁরা প্রত্যেকেই তাঁর পরিবারের সদস্য। উৎসবের দিনে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিবর্তে তিনি জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করতে বস্তারে এসেছেন ১৪০ কোটি দেশবাসীর পক্ষ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে।

এদিন কোবরা বাহিনীর পাশাপাশি CRPF, BSF, ITBP, SSB, রাজ্য পুলিশ, বস্তার ফাইটার্স এবং মহিলা কমান্ডোদের ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কর্তব্য পালনের পথে যাঁরা প্রাণ দিয়েছেন, সেই শহিদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।
এবারের দীপাবলিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করে মোদি বলেন, কয়েক দশকের নকশালবাদ ও মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। তাঁর দাবি, দেশের প্রতিটি জেলা এখন নকশালমুক্ত। নিরাপত্তা বাহিনীর সাহস, আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টার ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, গত ৪৭ বছরের মধ্যে এই প্রথম গত এক বছরে কর্তব্যরত অবস্থায় কোনও CRPF জওয়ান প্রাণ হারাননি। নিরাপত্তা বাহিনীর সাহস, সংযম এবং সরকারের দৃঢ় নীতির সাফল্য হিসেবেই তিনি এই ঘটনাকে তুলে ধরেন।
বস্তারের পরিবর্তনের প্রসঙ্গ টেনে মোদি বলেন, একসময় যে অঞ্চলে নকশালবাদের আতঙ্ক ছিল, আজ সেখানে শান্তি ও উন্নয়নের নতুন অধ্যায় শুরু হয়েছে। এলাকার উন্নয়ন, পরিকাঠামো নির্মাণ এবং সাধারণ মানুষের জীবনে পরিবর্তনের কথাও তুলে ধরেন তিনি।

জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপনের মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী লেখেন, “Diwali is sweeter with those who protect us!” অর্থাৎ, যাঁরা আমাদের রক্ষা করেন, তাঁদের সঙ্গে দীপাবলির আনন্দ আরও মধুর।
নিরাপত্তারক্ষীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের হাত ধরেই উন্নত, আত্মনির্ভর ও নেশামুক্ত ভারত গড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন; “যারা আমাদের রক্ষা করেন, তাঁদের সঙ্গে দীপাবলি আরও মিষ্টি হয়ে ওঠে!
তথ্যসূত্র: প্রধানমন্ত্রীর দফতর (PMO) ও প্রেস ইনফরমেশন ব্যুরোর ৮ নভেম্বরের সরকারি বিবৃতি।







