
আজ খবর (বাংলা), [খেলা] শিলিগুড়ি,দার্জিলিং, ১৯/০১/২০২৬ : সশস্ত্র সীমাবলের (এসএসবি) উদ্যোগে শিলিগুড়িতে আয়োজিত হল ইন্ডিয়া হ্যান্ডবল ক্লাস্টার টুর্নামেন্ট। সোমবার এসএসবি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের তিস্তা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এই পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতার সূচনা হয়। খেলাধুলোর মাধ্যমে জাতীয় সংহতি ও সুস্থ জীবনের বার্তা পৌঁছে দিতেই এই টুর্নামেন্টের আয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভরত ছেত্রী। তাঁর উপস্থিতিতে খেলোয়াড়দের উৎসাহ আরও বেড়েছে। উল্লেখ্য, এ বছর টুর্নামেন্ট দ্বিতীয় বর্ষে পদার্পণ করল, যা শিলিগুড়ির ক্রীড়াঙ্গনের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই ধরা হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর আওতায় আয়োজিত এই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ। পাশাপাশি রানিডাঙ্গা এসএসবি হেডকোয়ার্টারের আইজি বন্ধন সাক্সেনা সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং তাঁদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে যোগ দেন।
আজ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী ২৩ তারিখ পর্যন্ত। মহিলা ও পুরুষ—দু’টি বিভাগ মিলিয়ে মোট ৩০টি সংগঠন থেকে প্রায় ৮০টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। দেশজুড়ে বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড়দের উপস্থিতিতে তিস্তা স্টেডিয়াম যেন পরিণত হয়েছে এক সর্বভারতীয় ক্রীড়া মেলায়।
আয়োজকদের মতে, এই ধরনের টুর্নামেন্ট কেবল প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তরুণ প্রজন্মকে খেলাধুলোর প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য। শিলিগুড়িতে আয়োজিত এই ইন্ডিয়া হ্যান্ডবল ক্লাস্টার টুর্নামেন্ট আগামী দিনে জাতীয় স্তরের আরও বড় ক্রীড়া আসরের পথ প্রশস্ত করবে বলেই আশা ক্রীড়াপ্রেমীদের।
![]()