
আজ খবর, ওয়েলিংটন, নিউজিল্যান্ড, ২৭/১০/২০২৬ : ওয়েলিংটনে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক শর্মার ব্যাটিং দাপট দেখে মনে পড়ে যাচ্ছিলো যুবরাজ সিং এর কথা। ঠিক একই রকম ব্যাটিং দাপট দেখতে পাওয়া গেলো।ওয়েলিংটনের মাঠে। আর সেই দাপট দেখতে দেখতেই কখন যেন একটা সেঞ্চুরিও এসে গেলো অভিষেকের ব্যাট থেকে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি ২০ ম্যাচের সিরিজে তৃতীয় ম্যাচটি খেলতে নেমেছিল ভারত। আগের দুটি ম্যাচ ভারতই জিতেছে। আজকের ম্যাচে টসে জিতে ভারত নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড মোট ১৯৮ রান সংগ্রহ করতে পেরেছিল। ভারতের জন্যে তারা ১৯৯ রানের টার্গেট দিয়েছিল।

ব্যাট হাতে নিউজিল্যান্ডের মিচেল সর্বোচ্য রান তুলেছেন, তিনি ৫২ বলে ৮৯ রান করেন। এছাড়া অ্যালেন ২৫ বলে ৪০ রান, জেকোব ২৩ বলে ৩৯ রান, ফিলিপ্স ১৪ বলে ১৭ রান এবং উইকেটরক্ষক সিফার্ট ৬ বলে ২ রান করেন। নিউজিল্যান্ড ২০ ওভারে ৩ উইকেট খুইয়ে মোট ১৯৮ রান তুলেছিল। ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল এবং নীতিশ রেড্ডি ৪ ওভার করে বল করে একটি করে উইকেট পেয়েছেন। আজ ভুবনেশ্বর কুমার এবং প্রিন্স যাদব কোনো উইকেট পান নি।

ভারতীয় ইনিংস শুরু হতেই বোঝা গেলো ২২ গজে অভিষেক শর্মা নেমেছেন প্রচন্ড রণমূর্তি নিয়ে। তিনি প্রথম থেকেই ব্যাটিং দাপট দেখাতে শুরু করেন। তাঁর ব্যাট থেকে একের পর এক বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি দেখে উচ্ছসিত হয়ে ওঠেন ভারতের সমর্থকেরা। অভিষেক শর্মা আজ মাত্র ৩৮ বলে ১১৩ রান করে আউট হন। তিনি মোট ৯টি বাউন্ডারি এবং ১১টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। তাঁর এই রণমূর্তি দেখে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন। যেভাবে তিনি ব্যাট চালাচ্ছিলেন, তাঁকে দেখে প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং এর কথা মনে পড়ে যাচ্ছিলো।

অভিষেক ছাড়া বৈভব সূর্যবংশী মাত্র ১৯ বলে ৪৫ রান তুলেছেন, উইকেট রক্ষক সঞ্জু স্যামসং ১৩ বলে ১৮ রান, অধিনায়ক শ্রেয়স আয়ার ১০ বলে ৫ রান, তিলক ভার্মা ১ বলে ১ রান এবং নমন ধীর ১ বলে ৪ রান তোলেন। ৪ উইকেট হারিয়ে ভারত ১৩.২ ওভারে অর্থাৎ ৪০ বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। আজকের ম্যাচে ভারত ৬ উইকেটে জয়লাভ করে সিরিজ জিতে নিয়েছে। এই মুহূর্তে ভারতের সপক্ষে সিরিজের স্কোর ৩-০। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন অভিষেক শর্মা।







