
আজ খবর, নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ০৯/১০/২০২৬, 09:57 AM : রাজ্যের দুই কেন্দ্রে আজ উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। সেই অনুযায়ী আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে গণনার কাজ।
গত ৬ তারিখে নন্দীগ্রাম এবং রেজিনগরে ভোট হয়ে গিয়েছে। এই দুই জায়গার মধ্যে নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচনে জিতেছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি যেহেতু কলকাতার ভবানীপুর থেকেও জিতেছিলেন, তাই তিনি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিয়েছিলেন। সেই আসনে ফের উপনির্বাচন করা হয়েছিল। আজ সেখানে ভোটের গণনা চলছে। বিজেপি থেকে এখানে দাঁড়িয়েছিলেন শ্রীমতি হাসিরানি রথ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগের রাত্রে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুন হয়ে গিয়েছিলেন। হাসিরানি সেই চন্দ্রনাথের মা।

রেজিনগরে বিধানসভা নির্বাচনে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস থেকে নির্বাসিত হওয়া এবং নতুন দল গঠন করা নেতা হুমায়ুন কবীর। কিন্তু তিনি যেহেতু নওদা আসন থেকেও জিতেছিলেন, তাই রেজিনগর আসন তিনি ছেড়ে দিয়েছিলেন। রেজিনগর থেকে তিনি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিলেন পুত্র গোলাম নবী আজাদকে। বিজেপির তরফ থেকে এই কেন্দ্রে ভোটে লড়ছেন শাখারভ সরকার।

আজ সকাল থেকেই নন্দীগ্রাম এবং রেজিনগরে ভোটের গণনা শুরু হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা হয়েছে। সেই গণনা অনুযায়ী দেখা যাচ্ছে দুই কেন্দ্রেই এগিয়ে আছে বিজেপি। মোট ১৫ রাউন্ড গণনা হবে। কিছুক্ষন আগেই ইভিএম গণনা শুরু হয়েছে। প্রথম দিকের রাউন্ডের গণনা অনুযায়ী এবং শেষ পাওয়া খবর বলছে গণনায় এগিয়ে আছে বিজেপি। দ্বিতীয় স্থানে আছে কংগ্রেস। যদিও বিজেপির সাথে কংগ্রেসের ভোট ব্যবধান অনেকটাই রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে রেজিনগরে কংগ্রেস সম্ভবত তাদের হারানো ভোট ফিরে পেতে পারে বলে মনে করা হচ্ছে। সেখানে হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টি খুব বেশি প্রত্যাশা করতে পারবে না বলেই মনে হচ্ছে। এখনো পর্যন্ত গণনার যে ধারা দেখা যাচ্ছে, তা থেকে এই ধারণা ক্রমেই স্পষ্ট হচ্ছে।




