আজ খবর (বাংলা) [দেশ], গুয়াহাটি, আসাম, ২০/১২/২০২৫ : দ্রুতগতিতে ছুটে আসা রাজধানী এক্সপ্রেস পিষে দিয়ে চলে গেলো সাত পূর্ণবয়স্ক হাতিকে, ঘটনাটি ঘটেছে আসামে। ঘটনাস্থল গুয়াহাটি থেকে ১২৪ কিলোমিটার দূরে।
শনিবার ভোর রাতে সাইরাং থেকে দিল্লীগামী একটি দ্রুতগামী রাজধানী এক্সপ্রেস ট্রেন লামডিং ডিভিশনে সাত হাতিকে পিষে মেরে দিয়েছে। হাতিদের একটি দল রেল লাইনে উঠে এসেছিল। ট্রেনের ধাক্কায় হাতিদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বন দপ্তর। এই ঘটনায় যাত্রী সাধারণের মধ্যে অবশ্য কোনো ক্ষয়ক্ষতি হয় নি বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন নর্দান ফ্রন্টিয়ার রেলের আধিকারিকরা। উদ্ধারকারী ট্রেনও নিয়ে যাওয়া হয়েছিল। হাতিগুলিকে ধাক্কা মারার জন্যে ট্রেনের যে কোচগুলির সামান্য ক্ষতি হয়েছিল সেই কোচগুলির যাত্রীদেরকে অন্যান্য কোচের ফাঁকা থাকা বার্থে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ক্ষতিগ্রস্ত কোচগুলিকে ট্রেন থেকে কেটে নেওয়া হয়েছে। গুয়াহাটি স্টেশনে ফের নতুন বগি জুড়ে দেওয়া হবে ঐ ট্রেনটিতে।
আজ খবর (বাংলা), [রাজ্য], রামপুরহাট, বীরভূম,১৯/১২/২০২৫ : বীরভূমের রামপুরহাটে ঘটে যায় এক অস্বাভাবিক দুর্ঘটনা। এক আবাসনের চারতলা থেকে লিফটের ফাঁকে নিচে পড়ে গুরুতর আহত হন এক বৃদ্ধা।
রামপুরহাট শহরের ৬ নম্বর ওয়ার্ডের মুরালি দত্ত ঠাকুরবাড়ির গলিতে একটি আবাসন থেকে এক বয়স্ক মহিলা নিচে পড়ে যান।যিনি ওই আবাসনে দুধ বিক্রি করতে যান বলে জানা যায়। ওই আবাসনের চারতলা লিফট থেকে নিচে পড়ে যান দুধ বিক্রেতা ওই বৃদ্ধা মহিলার। উপর থেকে নিচে পড়ে যাওযায় খুব জোর আঘাত পেয়েছেন বৃদ্ধা। এমনকি হাত ও পা ভেঙ্গে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা এবং মাথা ও কোমরের গুরুতর আঘাত পেয়েছেন তিনি।
বৃদ্ধা মহিলার বাড়ি রামপুরহাটের বরশাল গ্রামে। ওই মহিলাকে স্থানীয় মানুষজন উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যান শারীরিক চিকিৎসার জন্য। তবে অভিযোগ উঠছে লিফটের দরজা খোলা ছিল। তাই দুধ বিক্রেতা ওই বৃদ্ধা মহিলা লিফটে চাপতে গেলে উপর থেকে নিচে পরে যান। আবার স্থানীয় কেও কেও জানাচ্ছেন চারতলায় লিফট না পৌঁছালে লিফটের দরজা খোলা থাকে কিভাবে? তবে ওই বৃদ্ধা মহিলা কিভাবে চারতলা থেকে নিচে পড়ে গেলেন তার পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১৯/১২/২০২৫ : ক্রেতা ও সাধারণ মানুষের সুবিধার্থে হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে শুক্রবার শিলিগুড়ির হিলকার্ট রোডে একটি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। পার্কিং ব্যবস্থার সঠিক ব্যবহার এবং পথচারীদের চলাচলে যেন ফুটপাতে কোনওরকম অসুবিধা না হয়, কোনওরকম অসুবিধা না হয়, এই লক্ষ্যেই এদিন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।
জানা গিয়েছে, হিলকার্ট রোড শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। প্রতিদিন প্রচুর ক্রেতা, পথচারী ও যানবাহনের চাপ থাকায় পার্কিং ও ফুটপাত দখল নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা দেখা দিচ্ছিল। সেই সমস্যার সমাধান ও শৃঙ্খলা ফেরাতেই এই উদ্যোগ বলে জানিয়েছে ব্যবসায়ী সমিতি।
এদিন সমিতির সদস্যরা রাস্তায় নেমে সাধারণ মানুষ, দোকানদার ও গাড়িচালকদের কাছে অনুরোধ জানান—নির্দিষ্ট পার্কিং স্থান ব্যবহার করতে এবং ফুটপাত যেন কোনওভাবেই দখল না করা হয়। এতে পথচারীদের চলাচল যেমন স্বচ্ছন্দ হবে, তেমনই যানজটও অনেকাংশে কমবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
উল্লেখ্য, এই সচেতনতা অভিযানের আগে হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি চিঠির মাধ্যমে জানিয়েছিল যে নির্দিষ্ট দিনে তারা সকলের কাছে পৌঁছে এই বার্তা দেবে। সেই অনুযায়ী আজ সংগঠিতভাবেই এই কর্মসূচি পালন করা হয়।
ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেই ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে, যাতে শহরের অন্যতম ব্যস্ত এই রাস্তায় শৃঙ্খলা বজায় থাকে এবং ক্রেতা ও সাধারণ মানুষের কোনও ভোগান্তি না হয়।
দুর্নীতির অভিযোগে হাইকোর্টের রায়ে পাহাড়ের ৩১৩ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হল। শুধু চাকরি বাতিলই নয়, অবিলম্বে তাঁদের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।
এই নিয়োগ দুর্নীতির ঘটনায় আরও কঠোর পদক্ষেপের দাবি তুলেছে মামলাকারী সংগঠন ট্রেনড আনইমপ্লয়েড ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংগঠনের সভাপতি সুধন গুরুং জানান, শুধুমাত্র ৩১৩ জন শিক্ষক-শিক্ষিকাকে বরখাস্ত করলেই চলবে না। পুরো নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে। পাশাপাশি, দুর্নীতির সঙ্গে যুক্ত মূল অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারির দাবি জানান তিনি।
এছাড়াও, চাকরি পাওয়ার দিন থেকে বরখাস্ত হওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষিকারা যে বেতন পেয়েছেন, তা সুদসহ ফেরত নেওয়ারও দাবি তুলেছেন সুধন গুরুং।
অন্যদিকে, মানবিক দৃষ্টিকোণ থেকে চাকরিহারা ৩১৩ জন শিক্ষক-শিক্ষিকার পাশে থাকার কথা জানিয়েছে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (ABTA)। যদিও সংগঠনটিও নিয়োগ দুর্নীতির ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে তদন্ত এবং মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সায় দিয়েছে।
এদিন দার্জিলিং জেলার এবিটিএ কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এবিটিএ’র জেলা সম্পাদক বিদ্যুৎ রাজগুরু জানান, নির্দোষদের হয়রানি নয়, বরং প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হোক—এই দাবিতেই তারা অনড়।
হুগলীর রিষড়া বাঙুর পার্কে শতদ্রুর চারু সুধা নামের বাড়িতে আসে বিধান নগর পুলিশের চার জন পুলিশ কর্তা। রিষড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় তারা বাড়িতে।
শতদ্রু বাড়ি থেকে বেরিয়ে তারা যান রিষড়া থানায়। সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। যদিও তদন্তের স্বার্থে পুলিশ এখনই কিছু বলতে চাইনি। এদিকে শতদূর পরিবারেও এ নিয়ে কিছু মুখ খুলতে নারাজ।
উল্লেখ্য ,গত ১৩ ই ডিসেম্বর যুবভারতী স্টেডিয়ামে মেসিকে দেখতে না পেয়ে বিক্ষোভে ফেটে পড়ে দর্শকরা। ভাঙচুর চালানো হয় স্টেডিয়ামে। এরপরেই মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। তাকে আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয় আদালত। সেই ঘটনা তদন্তে আজ রিষড়ায় শতদ্রুর বাড়িতে আসে বিধান নগর থানার পুলিশ।
গত ১২ই ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকা দিয়ে রিক্সায় চেপে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা মোটরসাইকেলে চেপে এসে খুব কাছ থেকে গুলি করে শরীফ ওসমান হাদীকে। গুরুতর আঃ অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ এবং পরে এভারকেয়ার মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়. সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। এরপর গত ১৫ তারিখে তাঁকে আরও ভালো চিকিৎসার জন্যে এয়ার এম্বুলেন্স করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়, সেখানেই হাদির মৃত্যু হয়.
ভারত বিরোধী প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছিলেন শরীফ ওসমান হাদি। গত জুলাইয়ে উত্তাল হয়ে উঠেছিল বাংলদেশ, সেই সময় হাদি আন্দোলন গড়ে তুলেছিলেন। তাঁর মৃত্যুতে শোক পালন করা হচ্ছে বাংলাদেশে। হাদির পরিবার দাবী করেছে, হাদির স্মৃতি রক্ষার্থে শাহবাগে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক. তাঁর লেখা কবিতা স্কুলের পাঠ্য হোক এবং তাঁর জীবনী বিভিন্ন স্কুলে পড়ানো হোক. তাঁর আততায়ীদের যেন চিহ্নিত করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়.
আজ হাদির মৃত্যুতে শোকাহত অনুগামীরা শাহবাগে জমায়েত করেন। তাঁরা বিক্ষোভে ফেটে পড়েন, ভারত বিরোধী স্লোগান দিতে থাকেন। ধানমন্ডির ছায়ানট সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের দপ্তরে অগ্নিসংযোগ করেন। ভারতের দূতাবাসগুলিও তাঁদের আক্রমন থেকে রেহাই পায় নি.
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৮/১২/২০২৫ : চলতি মাসের ২৯ ও ৩০ তারিখে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দুই দিন রাজ্য সফরে এসে তিনি রাজ্যের দলীয় নেতৃত্বকে প্রজনীয় নির্দেশ দেবেন।
ডিসেম্বরের ২৯ ও ৩০ তারিখে কলকাতায় থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দুই দিন দলের শীর্ষ নেতৃত্বের কোর কমিটির সাথে বৈঠক সারবেন তিনি। পশ্চিমবঙ্গে ২০২৬ সালে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের প্রস্তুতি হিসেবে দলকে চাঙ্গা করতে এবং প্রয়োজনীয় কিছু পদক্ষেপের নির্দেশ দিতেই এই রাজ্যে আসছেন তিনি। ভোটে যাওয়ার আগে এই মুহূর্তে দলের শক্তি কতটা তা যাচাই করতে চান অমিত শাহ। এবার বৈঠকে তিনি বুথ লেভেল পরিকল্পনা ও অন্যান্য কৌশল সম্বন্ধেও আলোচনা করে যাবেন বলে মনে করা হচ্ছে।
এদিকে আগামী শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নদীয়ার তাহেরপুরে একটি জনসভা করবেন। তাঁর আগমন উপলক্ষে তাহেরপুরে এখন সাজো সাজো রব উঠেছে। প্রচুর মানুষের ভীড় হবে সেদিন, তাই এখন থেকেই তাহেরপুরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে, বর্তমানে রাজ্যে এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আজ তিনি বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছেছেন। তিনি বৃহস্পতিবার শিলিগুড়ি শহরে একটি সভা করবেন। আগামী শনিবার তিনি শিলিগুড়ি থেকে কলকাতায় যাবেন।
এবং তারপর – ১৮/১২/২০২৫ : অনলাইন ব্যবসার ধাক্কায় রীতিমত বেসামাল অফলাইন বা খুচরো ব্যবসায়ীরা। প্রতিযোগিতায় ক্রমেই দেওয়ালে পিঠ ঠেকতে শুরু করেছে খুচরো ব্যবসায়ীদের। শিলিগুড়ির মত শহরের ব্যবসায়ীরা ব্যাপকভাবে এই সমস্যায় ভুগছেন, যার প্রতিবাদে বৃহস্পতিবার শিলিগুড়ির খুচরো ব্যবসায়ীরা পথে নেমে মিছিল করেছেন।
সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমেই চাহিদা বেড়ে চলেছে অনলাইন ব্যবসার। আজকের দিনে যে কোনো ক্রেতা যে কোনো পণ্য কেনার জন্যে আর বাজারে যেতে চাইছেন না, চোখ রাখছেন মুঠোফোনে। সেখানেই সেরে নিচ্ছেন সবরকম কেনাকাটা। যে সামগ্রীগুলি পরে কিনবেন, সেগুলোকেও ভবিষ্যতের একাউন্টে জমা রেখে দিচ্ছেন। পেমেন্ট করছেন অনলাইনেই। তাঁর বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে সামগ্রী। পছন্দ না হলে ফেরতও দিয়ে দেওয়া যাচ্ছে সহজেই। কেনাকাটা করার চরিত্রটাই পাল্টে গিয়েছে। অনলাইন ব্যবসা এখন রমরমা।
অনলাইনে কেনাকাটা করে বেশ খুশি ক্রেতা সাধারণ ও উপভোক্তারা। এভাবেই তাঁরা আধুনিক জীবনে অভ্যস্ত হয়ে উঠছেন ক্রমশ। কিন্তু এই অভ্যাসে সবচেয়ে বেশি মার খাচ্ছেন সেই ব্যক্তি যিনি সকালবেলায় এসে দোকান খুলেছেন, দোকানে ঝাড়ু দিয়েছেন, পণ্য সামগ্রী সাজিয়ে পুজো সেরে পরিপাটি হয়ে ক্রেতাদের জন্যে অপেক্ষা করতে শুরু করেছেন। কিন্তু কোথায় ক্রেতা ? সারাদিন অপেক্ষা করেও হাতে গোনা কয়েকজন ক্রেতা উঁকি দিচ্ছে দোকানে। ব্যবসা লাটে উঠতে বসেছে। দোকানগুলোতে মাছি তাড়াচ্ছেন দোকানদাররা। সমস্ত ব্যবসা চুপচাপ হয়ে চলেছে অনলাইনে। অফলাইন ব্যবসা অফ হওয়ার জোগাড়।
শিলিগুড়ি শহরে অবশ্য আরও সমস্যা রয়েছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে শিলিগুড়ি শহর আধুনিক, ব্যবসা বাণিজ্যের দিক থেকে অনেকটা এগিয়ে থাকার কথা। অপরিকল্পিতহলেও এই শহর এখন দ্রুতগতিতে বেড়ে চলেছে। আগে এই শহরে ছিল ১৫ হাজার মানুষের বাস, সেখানে এখন এই শহরে বসবাস করেন লক্ষ লক্ষ মানুষ। কার্যত দৈর্ঘ্যে বেড়ে চলেছে এই শহর. তৈরি হচ্ছে নতুন নতুন রাস্তা, ফ্লাই ওভার, বিশাল বিশাল অট্টালিকা ইত্যাদি।
শিলিগুড়ি শহরে ১০৩টি বাজারে প্রায় ২৫ হাজার দোকান রয়েছে। অনলাইনের দাপটে তাঁরা আজ নিজেদেরকে বিপন্ন মনে করছেন। শিলিগুড়ির শহরে পুরাসভার ভেন্ডিং জোন ও নন ভেন্ডিং জোন আলাদা করে দিয়েছে। নন ভেন্ডিং জোনে কোনো হকার বসতে পারেব না। সেই এলাকাগুলিকে খালি করে দেওয়া হচ্ছে। এদিকে জায়গা খালি করতে নেমেছে রেল, হাই ওয়ে অথরিটি, পুরসভা ও পি ডব্লুডি।একদিকে ব্যবসা করার জন্যে অনলাইনের ভ্রুকুটি, প্রচন্ড প্রতিযোগিতা, তার ওপর প্রশাসনিক চাপ। সব মিলিয়ে প্রাণ ওষ্ঠাগত শিলিগুড়ি শহরের খুচরো ব্যবসায়ীদের। দিনের বেলায় যাও বা কিছু ক্রেতাদের কয়েকটা দোকানে দেখতে পাওয়া যাচ্ছে, বিকেল পার করতেই সব ফাঁকা। পসরা সাজিয়ে বসে কোনো লাভ হচ্ছে না দোকানিদের।
এই সমস্যার সমাধান করতে দোকানদারদেরকেও দ্রুত অনলাইন ব্যবসার পথে নামতে হবে। প্রযুক্তিকে পাথেয় করে এগোতে হবে। নিত্য নতুন কৌশল উদ্ভাবন করতে হবে। নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, কেননা ক্রেতা সাধারণ নিজেদেরকে দ্রুত পাল্টে ফেলেছে। তাই বাজার ধরতে দোকানদারদেরকেও পাল্টে যেতে হবে এবং নতুন পরিস্থিতির সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে হবে। গোটা দুনিয়াই এখন অনলাইন।
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা,পশ্চিমবঙ্গ,১৮/১২/২০২৫ : “যারা আজ পশ্চিমবঙ্গকে অসম্মান করছে তারা কি প্রকাশ্যে ক্ষমা চাইতে পারবে ? ” বিরোধীদের সম্পর্কে আজ এই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “বিজেপি পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের প্রজনন কেন্দ্র হিসেবে চিহ্নিত করতে চাইছে। ওরা ষড়যন্ত্র করতে চাইছে। বিজেপি বলেছিল রাজ্যে এক থেকে দেড় কোটি রোহিঙ্গা আছে, যাদের নাম এসআইআর করে বাদ যাবে এবং খসড়া তালিকাতেও সেটা দেখা যাবে। কিন্তু নির্বাচন কমিশন বাতিল নামের যে খসড়া তালিকা প্রকাশ করেছে, তাতে বিজেপির দাবী নস্যাৎ হয়ে গিয়েছে। আসলে এভাবেই ওরা পশ্চিমবঙ্গকে অসম্মান করতে চেয়েছিল।”
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গকে অসম্মান করতে চেয়েছিল। কিন্তু তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে। পশ্চিমবাংলাকে অসম্মান করার জন্যে তাদের উচিত প্রকাশ্যে রাজ্যের দশ কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। সেটা কি তারা করবে ? যারা পশ্চিমবঙ্গকে রোহিঙ্গাদের প্রজনন কেন্দ্র বলেছিল। যারা বলেছিল এই রাজ্যে এক থেকে দেড় কোটি অনুপ্রবেশকারী বাংলাদেশী আছে, তাদেরকে ব্যর্থ করে দিয়েছে নির্বাচন কমিশন।”
এবং তারপর, ১৮/১২/২০২৫ : নিউ টাউনের ঘুনি বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ড আগামী বছর নির্বাচনের আগে অনেকগুলি প্রশ্ন তুলে ধরেছে। গতকাল রাতে দাউ দাউ করে পুড়ে গিয়েছে এই ঘুনি বস্তির একটা বড় অংশ.। বস্তি পুড়ে যাওয়ার কারণে বহু মানুষকে এই শীতের রাতেও খোলা কাশের নিচে ঠাঁই নিতে হয়েছে। চোখের সামনে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যেতে দেখে চোখের জল বাঁধ মানেনি বহু মানুষের। তিল তিল করে জমিয়ে তোলা সঞ্চয় কিছুই বাঁচানো যায় নি।
উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট সিডি ব্লকে অবস্থান এই ঘুনি বস্তির। ঠাসাঠাসি ঝুপড়ি বাড়ি ঘর, বেশ ঘিঞ্জি এলাকা। ২০১১ সালের জনগণনা অনুযায়ী প্রায় ২৫ হাজার মানুষের বাস এখানে। দিনরাত জীবিকা অর্জনের লড়াইয়ে ব্যস্ত এই বস্তির প্রতিটা মানুষ। ঠাসাঠাসি ঘিঞ্জি এই বস্তিতে একবার আগুন লেগে গেলে যে আর রক্ষা নেই, তা এই বস্তিটিকে দেখলেই বোঝা যায়। গতকাল রাতে ইকো পার্কের ৬ নম্বর গেটের কাছে এই বস্তিতে হঠাৎ করেই আগুন লেগে যায়।
আগুন লাগার সাথে সাথে ঘুনি বস্তির মানুষ প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে দিলেও সম্বিৎ ফিরে পেতেই তাঁরা আগুন নেভানোর কাজে হাত লাগান। অবশ্য ততক্ষনে আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছে ঘিঞ্জি বস্তির অন্যান্য দিকে। বস্তির ভিতর থেকে একের পর এক রান্নার গ্যাসের সিলিন্ডার ফাটার আওয়াজ শুনতে পাওয়া গিয়েছে। এর মধ্যেই দমকলের বেশ কয়েকটা ইঞ্জিন এসে বস্তির আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। তবে জায়গাটি ঘিঞ্জি হওয়ার কারণে আগুন নেভাতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে এসে পৌঁছান সমকল মন্ত্রী সুজিত বসু।
এভাবে শীতের রাতে কলকাতা বা আশেপাশের এলাকায় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা আগেও ঘটেছে। দমকল এসে আগুন নিভিয়েছে। কিন্তু ঘুনি বস্তির অগ্নিকান্ড নিয়ে রাজনীতির রং লেগে গিয়েছে। গেরুয়া শিবিরের অভিযোগ এই অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, বরং এটি একটি অন্তর্ঘাত। অর্থাৎ এই বস্তিতে ইচ্ছা করেই আগুন লাগানো হয়ে থাকতে পারে বলে মনে করছে গেরুয়া শিবির। অবশ্য সবটাই তাঁদের অভিযোগ।
ঘুনি বস্তিকে অনেকেই ‘বাংলাদেশী কলোনি’ নামে চেনে। এই বস্তিতে নাকি অনেক বাংলাদেশী মানুষের বসবাস রয়েছে। তাদের মধ্যে অনেকেই আবার অবৈধভাবে এই দেশে প্রবেশ করেছে অর্থাৎ তাঁরা অনুপ্রবেশকারী। এই বস্তিতে গিয়ে কিছুদিন আগেও স্থানীয় বাসিন্দাদের সাক্ষাৎকার নিয়েছিল সংবাদ মাধ্যমের একাংশ। গেরুয়া শিবির স্পষ্ট করে বলতে চেয়েছে যখন রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে, ফর্ম ফিল আপ শেষ হয়েছে, বাতিল নামের খসরা তালিকা প্রকাশ্যে এসেছে। এবার শুনানি শুরু হবে, ঠিক সেই সময়েই এই বাংলাদেশী কলোনিতে আগুন লেগে গেলো ! এটা কিভাবে সম্ভব ?
আগুন লাগতেই পারে, দুর্ঘটনা ঘটতেই পারে। কিন্তু ঠিক এমন সময় যখন রাজ্যে নির্বাচন কমিশন শুনানি শুরু করতে চলেছে ! ঐ বস্তির মানুষ যদি এখন বলে যে আগুনে সমস্ত ডক্যুমেন্ট পুড়ে ছাই হয়ে গিয়েছে, তাহলে তো আর কোনো কিছুই করার থাকবে না নির্বাচন কমিশনের ! তাই এই অগ্নিকাণ্ডকে অন্তর্ঘাত আখ্যা দিতে চাইছে রাজ্যের বিরোধী শিবির।
গতকাল রাতে কাঁকুড়গাছি অঞ্চলেও একটি বস্তি অঞ্চলে আগুন লেগে গিয়েছিল। দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিরোধী শিবিরের প্রশ্ন এসআইআর এর শুনানির আগে আর কতগুলো ঝুপড়িতে আগুন লাগার ঘটনা ঘটবে সেটাই দেখার। গেরুয়া শিবিরের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। তাঁরা জানিয়েছেন, “দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখতে শিখুক ওরা”।