
আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১৯/১২/২০২৫ : ক্রেতা ও সাধারণ মানুষের সুবিধার্থে হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে শুক্রবার শিলিগুড়ির হিলকার্ট রোডে একটি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। পার্কিং ব্যবস্থার সঠিক ব্যবহার এবং পথচারীদের চলাচলে যেন ফুটপাতে কোনওরকম অসুবিধা না হয়, কোনওরকম অসুবিধা না হয়, এই লক্ষ্যেই এদিন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।
জানা গিয়েছে, হিলকার্ট রোড শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। প্রতিদিন প্রচুর ক্রেতা, পথচারী ও যানবাহনের চাপ থাকায় পার্কিং ও ফুটপাত দখল নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা দেখা দিচ্ছিল। সেই সমস্যার সমাধান ও শৃঙ্খলা ফেরাতেই এই উদ্যোগ বলে জানিয়েছে ব্যবসায়ী সমিতি।
এদিন সমিতির সদস্যরা রাস্তায় নেমে সাধারণ মানুষ, দোকানদার ও গাড়িচালকদের কাছে অনুরোধ জানান—নির্দিষ্ট পার্কিং স্থান ব্যবহার করতে এবং ফুটপাত যেন কোনওভাবেই দখল না করা হয়। এতে পথচারীদের চলাচল যেমন স্বচ্ছন্দ হবে, তেমনই যানজটও অনেকাংশে কমবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
উল্লেখ্য, এই সচেতনতা অভিযানের আগে হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি চিঠির মাধ্যমে জানিয়েছিল যে নির্দিষ্ট দিনে তারা সকলের কাছে পৌঁছে এই বার্তা দেবে। সেই অনুযায়ী আজ সংগঠিতভাবেই এই কর্মসূচি পালন করা হয়।
ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেই ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে, যাতে শহরের অন্যতম ব্যস্ত এই রাস্তায় শৃঙ্খলা বজায় থাকে এবং ক্রেতা ও সাধারণ মানুষের কোনও ভোগান্তি না হয়।
![]()