
আজ খবর (বাংলা), [খেলা] আইচি নাগোয়া , জাপান, ২৩/০৯/২০২৬ : এশিয়ান গেমসের হকিতে থাইল্যান্ডকে ২০-১ গোলে পরাজিত করল ভারতীয় মহিলা হকি দল।
বুধবার পুল বি এর ম্যাচে থাইল্যান্ডকে ২০-১ গোলে রীতিমত গুঁড়িয়ে দিল ভারতের মেয়েরা। খেলাটি অনুষ্ঠিত হয়েছে কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে। মোট ২০টি গোলের মধ্যে দীপিকা করেছেন ৯টি গোল, নবনীত কৌর করেছেন ৪টি গোল, রুতুজা দাদাসো পিশাল করেছেন ৩টি গোল, লালরিয়াসেহামি, নেহা, সাক্ষী ও সেলিমা টেটে একটি করে গোল করে ভারতকে পরপর তৃতীয় ম্যাচেও জয় এনে দিয়েছেন। ম্যাচের ৫৭ মিনিটের মাথায় থাইল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেছেন সামানসো সুপানসা।

থাইল্যান্ডের সাথে এই হকি ম্যাচের বেশিরভাগ সময়েই বল ছিল ভারতীয় মেয়েদের দখলে। প্রত্যেক কোয়ার্টারেই ভারত জয়কে সুনিশ্চিত করতে করতে এগিয়ে গিয়েছে। প্রথম কোয়ার্টারে ৬ গোল, দ্বিতীয় কোয়ার্টারে ৫ গোল, তৃতীয় কোয়ার্টারে ৪ গোল এবং শেষ কোয়ার্টারে আরও ৫ গোল দিয়ে বড় ব্যবধানে নিজেদের জয় সুনিশ্চিত করে তোলেন ভারতীয় মহিলা হকি দল. এই মুহূর্তে ভারতীয় শিবির আত্মবিশ্বাসে ভরপুর হয়ে রয়েছে।

জাপান এশিয়ান গেমসে ভারতীয় মহিলা হকি দল শুরুই করেছিল উজবেকিস্তানের বিরুদ্ধে ১৯-০ গোলে জয় দিয়ে। ওই ম্যাচেও সবচেয়ে বেশি (৮টি) গোল করেছিলেন দীপিকা, এছাড়াও ঈশিকা হ্যাট্রিক পেয়েছিলেন। পরের ম্যাচে ভারত জেতে ১৭-০ গোলে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে। আজ ভারত জিতল ২০-১ গোলে থাইল্যান্ডের বিরুদ্ধে । এরপর ভারত খেলবে আয়োজক দেশ জাপানের সাথে। শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। সে ক্ষেত্রে আরও একবার বলতেই হচ্ছে ‘চক দে ইন্ডিয়া’।




