২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো দক্ষিণ আফ্রিকা

আজ খবর (বাংলা), [খেলা], গুয়াহাটি, আসাম, ২৬/১১/২০২৫ : ভারতের সাথে দ্বিতীয় টেস্ট ম্যাচে বিশাল রানের ব্যবধানে জিতে গেলো দক্ষিণ আফ্রিকা। সেই সাথে এই সিরিজে ২-০ ব্যবধানে তারা বিজয়ী হলো। দীর্ঘ ২৫ বছর পর ভারতের মাটিতেই ভারতকে পর্যুদস্ত করে সিরিজ জিতে নিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা।
গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে ভারতকে ৪০৮ রানে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার এই অসাধারণ জয়ের কারিগর হিসেবে যাদেরকে কৃতিত্ব দিতেই হয়, তাঁরা হলেন সাইমন হামার, যিনি ছয়টি উইকেট নিয়েছেন, সেনুরান মুত্থুস্বামী প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়ে গিয়েছেন, এছাড়াও ট্রিস্টান স্টাব্স ও মার্কো জ্যানসেনের দূরন্ত ব্যাটিং। সব মিলিয়ে ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা। মার্কোকে ম্যান অফ দ্য ম্যাচ করা হয়েছে।
দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধেই জয় পেলো। এর আগে তারা হ্যান্সি ক্রোনিয়ের নেতৃত্বে ২০০০ সালে ভারতকে ২-০ ব্যবধানে হারিয়েছিল টেস্ট সিরিজে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এত বড় ব্যবধানে হার নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠবে। হয়ত প্রত্যেক খেলোয়াড়ের পারফর্মেন্স নিয়েও প্রশ্ন উঠবে ! খেলোয়াড় নির্বাচনের আগে নির্বাচকদের হয়তো আরও সতর্ক থাকতে বলা হবে! কেননা, এর আগে এতো বড় ব্যবধানে এশিয়ান জায়ান্টরা কখনো হারে নি। এর আগে ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে ভারত হেরেছিল ৩৪২ রানে। সেটাই ছিল আজ অবধি সবচেয়ে বড় ব্যবধানে হার। আজকের পর সেটা বদলে লিখতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪০৮ রানের এই শোচনীয় পরাজয়ের কথা। তবে খেলার এখনো অনেক বাকি আছে। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হতে চলেছে ওয়ান ডে ম্যাচ এবং টি ২০ ম্যাচগুলি।
![]()