ফের একবার ময়না তদন্ত করা হল প্রীতমের

আজ খবর (বাংলা), [রাজ্য], বারাসাত, উত্তর ২৪ পরগনা, ২৬/১১/২০২৫ : বারাসাত হাসপাতালের মর্গে থাকা মৃতদেহের চোখ ইঁদুরে খুবলে খাওয়ার অভিযোগ উঠতেই পরিবারের একজনকে সরকারি চাকরি দিল পশ্চিমবঙ্গ সরকার। ঘটনাটি নিয়ে তদন্ত করে দেখতে বলা হয়েছে।
গত সোমবার দুর্ঘটনাগ্রস্ত বারসাত ১ নম্বর রেল গেট এলাকার বাসিন্দা প্রীতম ঘোষকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায় নি। এরপর আজ তাঁর নিথর দেহ পরিবারের লোক বারাসাত হাসপাতালের মর্গ থেকে নিতে গিয়ে দেখেন তাঁর শরীরে একটা চোখ নেই। কোথায় গেলো একটি চোখ ? সেই নিয়ে চাঞ্চল্য দেখা দেয় ওই হাসপাতাল চত্বরে। তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে ইঁদুরে চোখ খুবলে খেয়ে নিয়েছে। এই ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বারাসাত সরকারি হাসপাতাল চত্বরে।
পরিবারের লোক এবং প্রীতমের পাড়া প্রতিবেশীরা এই ঘটনার প্রতিবাদে গতকাল যশোর রোড অবরোধ করে রেখেছিলেন। ঠিক এই সময় বনগাঁ থেকে সড়কপথে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ির কনভয় আটকে পড়ে পথ অবরোধের জেরে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের এই ঘটনার তদন্ত করতে নির্দেশ দেন এবং ক্ষতিপূরণের আশ্বাসও দিয়ে যান। ব্যবস্থা নিতে তিনি দু’টো দিন সময় চেয়ে নেন।
মুখ্যমন্ত্রীর আশ্বাস মত আজ পুলিশের এডিজি একটি এপয়েন্টমেন্ট লেটার নিয়ে বারাসতে পীড়িতের বাড়িতে পৌঁছে যান। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে উত্তর ২৪ পরগনা জেলার ভূমি ও রাজস্ব দপ্তরে প্রীতমের মা কৃষ্ণা ঘোষকে একটি চাকরি দেওয়া হয়। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে প্রীতমের চোখ কেউ খুবলে তুলে নিয়েছিল। প্রকৃত সত্য জানতে আজ দ্বিতীয়বার ময়না তদন্ত করা হয়েছে প্রীতমের। ময়না তদন্তের সময় উপস্থিত ছিলেন হাসপাতালের এডিশনাল সুপার ও অন্যান্য বিশেষজ্ঞরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
![]()