পর্যটকদের সামনেই হেনস্থা করা হচ্ছে ড্রাইভারদের

আজ খবর (বাংলা), [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ০৪/১২/২০২৫ : শৈলরানী দার্জিলিং শহরেও হেনস্থার শিকার হতে হচ্ছে সমতলের গাড়ি চালকদের। বুধবার এমনটাই অভিযোগ করল শিলিগুড়ি, তরাই ডুয়ার্সের গাড়ি চালকদের নয়টি সংগঠনের যৌথ মঞ্চ জাতীয়তাবাদী ট্যাক্সি ড্রাইভারস এসোসিয়েশন। এদিন শিলিগুড়িতে একটি সাংবাদিক সম্মেলন করে পাহাড়ের একাধিক গাড়ি চালক সংগঠনের সদস্যদের বিরুদ্ধে এই অভিযোগ করেন তারা।
অভিযোগ, সমতলের গাড়ি চালকরা পাহাড়ে পর্যটক নিয়ে গেলে তাদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে। এমনকি অল বেঙ্গল পারমিট থাকার পরেও তাদের পাহাড়ে ভাড়া নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। প্রতিবাদ করলেই গাড়ি চালকদের হেনস্থা করা হচ্ছে। এমনকি মাঝেমধ্যে গাড়িচালকদের মারধর পর্যন্ত করা হচ্ছে। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে অভিযোগ জানানো হলেও কোন পদক্ষেপ করা হয়নি। উলটে অভিযোগ জানানোর পর হেনস্থার মাত্রা আরও বেড়ে গিয়েছে।
এমনকি সমতলের গাড়ি চালকের মাঝরাস্তায় পর্যটকদের সামনেই হেনস্থা করা হচ্ছে। দেওয়া হচ্ছে না গাড়ি রাখার জন্য পার্কিংয়ের জায়গা। পাহাড়ে যাত্রী নিয়ে গেলে তাদের হোটেলে নামিয়ে দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। পারমিট থাকার পরেও তাদের পাহাড়ে টাইগার হিল, চিড়িয়াখানা সহ অন্যান্য সাইট সিংয়ের জন্য গাড়ি চালাতে দেওয়া হচ্ছে না। গতকাল একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন সমতলের ট্যাক্সি এসোসিয়েশনগুলি।
![]()