আজ খবর (বাংলা), [রাজ্য], নিউ টাউন কলকাতা, ১৮/১২/২০২৫ : গতকাল রাতে কলকাতার উপকণ্ঠে নিউ টাউনের কাছে ঘুনি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে বস্তির বেশিরভাগ অংশ।
নিউ টাউনের ৬ নম্বর গেটের কাছে ঘুনি বস্তিতে গতকাল রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা গিয়েছে। গোটা বস্তি দাউ দাউ করে পুড়তে থাকে। আগুনের লেলিহান শিখা আশেপাশের ঝুপড়িগুলিকে গ্রাস করতে শুরু করে দেয়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। একের পর এক সিলিন্ডার ফাটতে শুরু করলে প্রায় গোটা বস্তিটাই আগুনের গ্রাসে চলে যায়।
বস্তির মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলে। প্রথমেই ৪ টি এবং পরে আরও ৬টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে. জায়গাটি ঘিঞ্জি এলাকায় হওয়ায় দমকলকে বেশ বেগ পেতে হয় আগুন নেভাতে গিয়ে। দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষজনকেও আগুন নেভানোর কাজে হাত লাগাতে দেখা যায়. এর মধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু.
ঘুনিবস্তির একটা বিশাল অংশ পুড়ে ছাই হয়ে যাওয়ায় বহু মানুষ শীতের রাতে আশ্রয়হীন হয়ে পড়েন। খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হন। অসহায় হয়ে পড়ে শিশু ও বৃদ্ধ মানুষরা। এই ঘটনায় অনেকেই অসুস্থ বোধ করতে থাকেন। চোখের সামনে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যাচ্ছে দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আজ সকালেও বস্তির কিছু কিছু জায়গায় আগুনের স্ফুলিঙ্গ দেখা গিয়েছে, সেই জায়গাগুলি থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। তবে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগুন নিয়ন্ত্রণে আছে। কিভাবে এই ঘুনি বস্তিতে আগুন লাগলো তা এখনো জানা যায় নি।
গতকাল মাঝরাতে কলকাতার কাঁকুড়গাছির কাছেও একটি গোডাউনে আগুন লেগে যায়। সেখানেও একের পর এক রান্নার গ্যাস এবং অক্সিজেন সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পরে। আগুনের শিক্ষা গ্রাস করে পাশে থাকা একটি গেঞ্জি কারখানা ও প্লাস্টিকের গোডাউনকে। দমকলের ১৫টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের দুটি ঘটনাতেই হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।
![]()