মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, রয়েছে কেন্দ্রীয় বাহিনীও

আজ খবর (বাংলা) [রাজ্য] রেজিনগর, মুর্শিদাবাদ, ০৬/১২/২০২৫ : বহিস্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাবরি মসজিদ শিলান্যাসকে ঘিরে ক্রমেই ভীড় বাড়ছে মুর্শিদাবাদের রেজিনগরে। এই বিষয়টির দিকে তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল।
উত্তরপ্রদেশের অযোধ্যায় কর সেবকরা বাবরি মসজিদ ধ্বংস করে দিয়েছিল ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর। এবার আজ ঐ তারিখেই মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ তৈরি করার লক্ষ্যে শিলান্যাস করার ডাক দিয়েছেন তৃণমূল থেকে সদ্য বহিস্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। ঐ শিলান্যাসকে ঘিরে প্রচুর মুসলমান মানুষ আজ মুর্শিদাবাদের রেজিনগরে ভীড় করতে শুরু করেছেন। ভীড় বাড়ছে বেলডাঙ্গাতেও। এই বেলডাঙ্গার মির্জাপুর অঞ্চলেই নির্মাণ করা হবে নয়া বাবরি মসজিদ, এ কথা ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। আর আজ সেই মসজিদের শিলান্যাস করা হবে।
রেজিনগরে নয়া বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্যে ঐ এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীও টহল দিচ্ছে ঐ এলাকায়। নয়া বাবরি মসজিদ নিয়ে নানারকম রাজনৈতিক বক্তব্য শোনা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির তরফ থেকে। ইতিমধ্যেই হুমাযুন কবীর পৌঁছে গিয়েছেন রেজিনগরে, তিনিই আজ মসজিদের শিলান্যাস করবেন বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে ইতিমধ্যেই বহিস্কৃত হয়েছেন হুমায়ুন, চলতি মাসের ২২ তারিখে তিনি অন্য একটি রাজনৈতিক দল গঠন করবেন বলে ঘোষণা করেছেন।
![]()