
আজ খবর (বাংলা), [রাজনীতি ] , নতুন দিল্লী, ভারত, ০৯/০১/২০২৫ : কলকাতায় গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সংঘাতের ঘটনার প্রতিবাদ জানাতে আজ কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিসের সামনে তৃণমূলের সাংসদরা বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে আটক হন।
আজ সকালেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরের সামনে পৌঁছে যান তৃণমূলের সাংসদরা। সেখানে গিয়ে হাতের প্ল্যাকার্ড দেখিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা, তার সঙ্গে স্লোগান দিতে থাকেন। এই সময় দিল্লী পুলিশ তাঁদেরকে আটকান এবং এই সময় তৃণমূল সংসদ কর্মীরা পুলিশের সাথে ধস্তাধস্তি করতে থাকেন। পুলিশ তাঁদেরকে বলপূর্বক চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যান থানায়। স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের সামনে পুলিশ প্রহরা আরও জোরদার করা হয়।
গতকাল কলকাতায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে তদন্ত চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছিলেন সাদা পোশাকের পুলিশ নিয়ে, ঘটনাস্থলে তদন্ত করতে থাকা ইডি আধিকারিকদের সাথে তীব্র তাঁর বাদানুবাদ হয়, এবং ইডির বাজেয়াপ্ত করা ফাইল ও হার্ড ডিস্ক তিনি সঙ্গে থাকা পুলিশের সাহায্যে ছিনিয়ে নিয়ে চলে যান বলে অভিযোগ উঠেছে। গোটা বিষয়টি আজ আদালতেও উঠতে চলেছে।
দিল্লীতে আজ এই ঘটনারই প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছিলেন শতাব্দী রায়, ডেরেক ও ব্রায়ান, মহুয়া মৈত্র ও কীর্তি আজাদের মত সাংসদেরা। ছিলেন আরও কিছু তৃণমূল কর্মীরা। পুলিশ এই সাংসদদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় থানায়। সাংসদ মহুয়া মৈত্র বলেন, “নির্বাচিত সাংসদদের সাথে এদের পুলিশ কি ব্যবহার করছে আপনারা দেখুন । এই বিজেপিকে আমরা হারাবোই।”

![]()