
আজ খবর, সংবাদদাতা, জয়পুর, রাজস্থান, ১৪/১০/২০২৬ : যাত্রী সমেত রাজস্থানের জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হল এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে। বিমানে দেওয়া হয়েছিল হাইজ্যাক এলার্ট।
আজ সকালে ফ্র্যাঙ্কফুর্ট থেকে দিল্লী আসছিলো এয়ার ইন্ডিয়ার একটি বিমান (২০৮০)। সেই বিমান থেকে হঠাৎ করেই হাইজ্যাক এলার্ট দেওয়া হয়। অর্থাৎ বিমানটিকে অপহরণ করা হয়েছে। এই বিমানটির স্বাভাবিক অবতরণ করার কথা ছিল দিল্লী বিমানবন্দরে, কিন্তু তাকে জরুরি অবতরণ করানো হয় রাজস্থানের জয়পুর বিমানবন্দরে।
দ্রুত এই খবর পৌঁছে যায় দিল্লীর স্বরাষ্ট্রমন্ত্রকে এবং প্রতিরক্ষা মন্ত্রকে। হাইজ্যাক হওয়া বিমানের জন্যে যে সব জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হয়, সেইসব ব্যবস্থা গ্রহণ করা হয়। বিমানবন্দরে মোতায়েন করা হয় উদ্ধারকারী বাহিনীকে, প্রস্তুত রাখা হয় দমকলকেও। এরপর সতর্কতার সাথে ঐ বিমান থেকে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। এরপর ঐ বিমান এবং যাত্রীদের আর এক দফা তল্লাশি করা হয়।

ঐ বিমান থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায় নি বলে খবর পাওয়া গিয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, অসাবধানতা বশতঃ হাইজ্যাক এলার্ট সুইচ টিপে ফেলেছিলেন পাইলট। যে কারণে এই সঙ্কট তৈরী হয়েছিল। এর আগে ওমান গামী ফ্লাই দুবাইয়ের বিমানে যে ঘটনা ঘটেছিল, তা থেকেই শিক্ষা নিয়ে আপৎকালীন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।








