
আজ খবর (বাংলা), [রাজ্য] নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর , ২২/১২/২০২৫ : বজরঙ্গবলীর মূর্তি ভাঙার প্রতিবাদে নন্দীগ্রামে লাগানো পোস্টার খুলছে পুলিশ, সমাজমাধ্যমে ভিডিও প্রকাশ শুভেন্দু অধিকারীর। ঘটনা জানাজানি হতেই শো কজ এস আই লুৎফর রহমানকে।
দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভায় বজরংবলীর মূর্তি ভাঙ্গার প্রতিবাদে, দোষীদের শাস্তি চেয়ে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছিল। সোনাচুরা বাজারের কাছে সেই পোস্টার রাতের অন্ধকারে লাইট বন্ধ করে পুলিশ খুলে নিয়ে যাচ্ছে এমনই একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি তেখালি পুলিশ ফাঁড়ির এস আই লুৎফর রহমানের নেতৃত্বে এই কাজ হয়েছে এমনটাই অভিযোগ করেন।
ইতিমধ্যে এই ঘটনা জানাজানি হওয়ার পরেই পূর্ব মেদিনীপুর জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে ওই এসআইকে শোকজ করেছেন এবং হলদিয়া এসডিপিওর নেতৃত্বে তদন্ত কমিটি ও গঠন করেছেন। এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।
![]()