
আজ খবর (বাংলা), [দেশ], রায়পুর, ছত্তিশগড়, ২৭/১২/২০২৫ : রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে ছত্তিশগড়ে অন্তত দুই হাজার মাওবাদী অস্ত্রসহ আত্মসমর্পন করেছেন বলে জানিয়েছে ছত্তিশগড় সরকার।
কিছুদিন আগে হিংসার ভাষা ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্যে মাওবাদীদের কাছে আবেদন করেছিল ছত্তিশগড় সরকার। সেই আবেদনের সাথে কিছু প্যাকেজ ঘোষণাও করা হয়েছিল। সেই আবেদনকে মান্যতা দিয়ে দুই হাজার মাওবাদী সরকারের কাছে আত্মসমর্পন করেছে বলে জানা যাচ্ছে। এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “মাওবাদীরা যাতে হিংসার ভাষা ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারেন, তার জন্যে আমরা লাগাতার আবেদন চালিয়ে গিয়েছি। সেই আবেদনে সাড়া দিয়ে ২০০০ মাওবাদী অস্ত্র ত্যাগ করে উন্নয়নের পথ বেছে নিলেন। এই মাওবাদী মানুষদের সাথে সরকার ভালো ব্যবহার করবে। আমরা এঁদের জন্যে খুব ভালো প্রকল্প এনেছি। আমরা এঁদেরকে নানারকম কারিগরি ট্রেনিং দেব। আপাতত এঁদেরকে প্রতিমাসে ১০ হাজার করে অর্থ সাহায্য দেওয়া হবে। এঁরা যাতে কৃষিকাজও করতে পারেন সেজন্যে এঁদেরকে জমিও প্ৰদান করবে সরকার। শহরাঞ্চলে এঁরা যাতে নিজেদের বাসস্থান তৈরীকরতে পারেন, তার জন্যে সরকার সহায়তা করবে। এভাবেই মাওবাদী মানুষদের উন্নয়নে কাজ করে যাবে রাজ্য সরকার, যাতে এই মানুষগুলির ভবিষ্যৎ সুরক্ষিত থাকে।”
গতকাল ২০০০ মাওবাদী আত্মসমর্পন করেছেন। এর আগে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় ৩৪ জন মাওবাদী অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পন করেছিলেন। তাঁদেরকে সম্মিলিতভাবে ৮৪ লক্ষ্য টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের মার্চ মাসের মধ্যেই দেশ থেকে নির্মূল করা হবে মাওবাদীদের। এই কথা ঘোষণা করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
![]()