দুই দিনের সরকারি সফরে রবিবার রাশিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী তথা ড. এস জয়শঙ্কর। ২৩ ও ২৪ আগস্ট রাশিয়া সফরকালে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তিনি। রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের আমন্ত্রণে এই সফর করছেন জয়শঙ্কর। মস্কোয় তিনি মান্তুরভের সঙ্গে ভারত-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত ২৭তম অধিবেশনের সহ-সভাপতিত্ব করবেন। ফরকালে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও বৈঠক করবেন এস জয়শঙ্কর। ওই বৈঠকে ভারত–রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার করার বিষয়েও মতবিনিময় হতে পারে।

ভারত-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোই এই সফরের অন্যতম লক্ষ্য। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা পর্যালোচনা করবে দুই দেশ। কূটনৈতিক মহলের মতে, জয়শঙ্করের এই সফর ভারত–রাশিয়া সম্পর্কের বর্তমান অগ্রাধিকারগুলি পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে পারস্পরিক মতামত বিনিময়ের ক্ষেত্রেও সফরটি তাৎপর্যপূর্ণ হতে পারে।
![]()