সীমান্তে ভীড় নিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রক

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৪/১১/২০২৫ : পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত অঞ্চলে দুদিন ধরে সফর করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যে চলছে এসআইআর, এই আবহে সীমান্ত এলাকাগুলিতে কেমন পরিস্থিতি রয়েছে তা সরেজমিনে দেখতেই রাজ্যপালের এই সীমান্ত সফর বলে মনে করা হচ্ছে।
সোমবার রাজ্যপাল প্রথমেই যাবেন উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে। ভারত বাংলাদেশের এই সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। বেশ কয়েক বছর আগে যারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এখানকার সরকারি কাগজপত্র বানিয়ে নিয়েছিল, তারা এবার ফিরে যাচ্ছে নিজেদের দেশে। এই কারণে হাকিমপুর সীমান্তে প্রচুর মানুষের ভীড় হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিএসএফ।
হাকিমপুর সীমান্তে ঠিক কি পরিস্থিতি , কত মানুষের ভীড় সেখানে রয়েছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে কি না, তা জানতে চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এবার সেই পরিস্থিতি নিজে দেখতে সীমান্তে পরিদর্শনে গেলেন স্বয়ং রাজ্যপাল। আজ তিনি কৃষ্ণনগরে রাত্রিবাস করবেন। আগামীকাল রাজ্যপাল যাবেন মুর্শিদাবাদের কিছু সীমান্ত এলাকা পরিদর্শনে। সেখানে গিয়ে সরকারি আধিকারিকদর সাথে তিনি যেমন কথা বলবেন, তেমনি কথা বলবেন স্থানীয় মানুষের সাথেও।
![]()