মোদীর সাথে বিশেষ নৈশভোজ সারবেন পুতিন

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী , ভারত, ০৪/১২/২০২৫ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহবানে ভারতে এসে তাঁর সাথে বিশেষ নৈশভোজে অংশ নিতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুদিনের সফরে আজ ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।
আজ সন্ধ্যের আগেই পুতিনের বিমান দিল্লীর বিমানবন্দরকে স্পর্শ করবে। তাঁকে ভারতে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। পুতিনকে একটি বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মোদী। সেই নৈশভোজে অংশ নিয়েই দুই দেশের উচ্চ পর্যায়ের বেশ কিছু দ্বিপাক্ষিক সমঝোতার বিষয়ে আলোচনা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
ভারত রাশিয়ার দীর্ঘদিনের বন্ধু দেশ হিসেবে গোটা দুনিয়ায় পরিচিত। রাশিয়ার সাথে ভারতের সেই বন্ধুত্ব আরও এক ধাপ গভীরে নিয়ে যেতে উদ্যোগ নিয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই নৈশভোজের টেবিলে আজ দুই দেশের অনেক বিষয়বস্তু উঠে আসতে চলেছে। দুই দেশের সামরিক ও ইন্টেলিজেন্স সমঝোতা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক সমঝোতা থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ সব কিছুই আলোচনা হতে পারে ঐ বিশেষ নৈশভোজের টেবিলে।
ভারত সফরে এসে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আগামী শুক্রবার বেশ ব্যস্ত থাকবেন। আগামীকাল তিনি সকালে প্রথমেই চলে যাবেন দিল্লীর রাজঘাটে। এরপর তিনি যাবেন রাষ্ট্রপতি ভবনে। সেখানে তাঁকে সংবর্ধনা জানাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার পর তিনি চলে যাবেন হায়দ্রাবাদ হাউসে। সেখানেই বসবে দুই দেশের দ্বিপাক্ষিক মূল বৈঠকটি। দুই দেশের নেতারা হাজির থাকবেন ঐ বৈঠকে। দুই দেশের নানারকম বিষয় নিয়ে আলোচনা হবে। এরপর নরেন্দ্র মোদীর সাথে মধ্যাহ্ন ভোজন সেরে যোগ দেবেন ভারত – রাশিয়া বিজনেস ফোরামে। এই বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্য নিয়ে খোলাখুলি আলোচনা হতে পারে। এই বৈঠকটি সেরে পুতিন ফিরে যাবেন রাষ্ট্রপতি ভবনে, যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুতিনের সম্মানার্থে একটি ব্যাঙ্কোয়েটের আয়োজন করবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে মস্কোয় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রামদী। সেই সময় তাঁকে রাশিয়ায় ব্যাপক সংবর্ধনা দেওয়া হয়েছিল। এবার ভারতের পালা। তাই পুতিনের সংবর্ধনায় কোনো রকম খুঁত রাখতে চাইছে না নতুন দিল্লী। আজ পুতিনের সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নতুন দিল্লীকে। ভরাট – রাশিয়ার এই বৈঠকের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব।
![]()