গত মাসে একটি বেসরকারি স্কুলেও বোমার হুমকি দেওয়া হয়েছিল

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০৩/১২/২০২৫ : বুধবার দিল্লী বিশ্ববিদ্যালয়ের দুটি কলেজ বোমা থাকার হুমকি মেল পেয়েছে। স্বভাবতই এই কলেজে বোমাতঙ্ক দেখা দিয়েছে।
আজ সকালে দিল্লীর দুটি কলেজে মেল করে জানানো হয়েছে যে ঐ দুই কলেজের ক্যামপাসে বোমা রাখা রয়েছে। এই মেল আসতেই পুলিশে খবর দেওয়া হয়। ঐ কলেজ চত্বরগুলি খালি করে দেওয়া হয়। পুলিশ এবং বম্ব স্কোয়াডের আধিকারিকরা দুটি কলেজেই তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েছে। কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায় নি এখনও পর্যন্ত।
কারা মেল্ করে এই বোমার খবর কলেজ দুটিকে পাঠিয়েছিল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। শুধুমাত্র এই দুই কলেজেই কেন বোমাতঙ্ক ছড়ানো হল সেটা ভাবাচ্ছে পুলিশকে। তবে চিরুনি তল্লাশ চালিয়েও দুই কলেজ থেকে কিছুই পাওয়া যায় নি বলে নিশ্চিত করেছে দিল্লী পুলিশ। যে দুই কলেজে বোমাতঙ্ক ছড়িয়েছিল সেই কলেজগুলি হল দিল্লীর নর্থ ক্যাম্পাসের রামজস কলেজ এবং কালকাজির দেশবন্ধু কলেজ।
গত মাসে দিল্লীর চাণক্যপুরীতে একটি বেসরকারি স্কুলেও বোমাতঙ্ক ছড়িয়েছিল। বম্ব স্কোয়াডের আধিকারিকরা সেখানেও চিরুনি তল্লাশি চালিয়েছিলেন। কিন্তু সেখান থেকেও কিছুই পাওয়া যায় নি।বোঝা গিয়েছিল, ঐ বোমা থাকার হুমকি আসলে ছিল একটি ভুয়ো হুমকি। বুধবার এই দুই কলেজের ক্ষেত্রেও ভুয়ো হুমকি দেওয়া হয়েছে কি না সেটা খতিয়ে দেখছে পুলিশ।
![]()