
আজ খবর – (অন্য রুট) পুজোর ভ্রমণ পরিকল্পনা সিকিম ২ – ৩০/০৯/২০২৬ : গ্যাংটক থেকে এবার বেড়াতে যাওয়া যাক পেলিং এ. এই জায়গাটির অবস্থান পশ্চিম সিকিমের গিয়ালসিং জেলায়। উচ্চতা ৭২০০ ফুট. গিয়ালসিং শহর থেকে দূরত্ব ১০ এবং রাজধানী গ্যাংটক থেকে দূরত্ব ১৩১ কিলোমিটার। পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য খুবই উপভোগ্য।
শিলিগুড়ি থেকে পেলিং এর দূরত্ব প্রায় ১২৮ কিলোমিটার। প্রায় পাঁচ – সাড়ে পাঁচ ঘণ্টা সময় লেগে যায় পৌঁছাতে। শিলিগুড়ি থেকে সেবক হয়ে মেলি, জোড়থাং, লেগশীপ হয়ে পেলিং পৌঁছে যাওয়া যায়। পর্যটন মানচিত্রে পেলিং শহরে তিনটি ভাগ রয়েছে। আপার পেলিং, এই ভাগে রয়েছে পেলিং এর হেলিপ্যাড, মিডল পেলিং এবং লোয়ার পেলিং। পেলিং এর সর্বত্র হোটেল ছড়িয়ে রয়েছে আর সব জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অসামান্য।


পেলিং বেড়াতে গিয়ে প্রথমেই যে কাজটা করবেন সেটা হল পরের দিন সাইট সিয়িং ট্রিপ বুক করে নেবেন। গোটা একটা দিন লেগে যায় পেলিং এর সাইট সিয়িং করতে। পেলিং বেড়াতে গিয়ে কি কি দেখবেন ? পেলিং এ দেখুন পেমিয়ান্ৎসে প্রাচীন বৌদ্ধ মনাস্ট্রি, রাবডান্টসে রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ, রিম্বি জলপ্রপাত, কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত। পেলিং বেড়াতে গিয়ে দেখে নিন খেচিপেরি লেক, স্থানীয়দের কাছে এই লেক খুবই পবিত্র। চারপাশ গভীর বনানীতে ঢাকা থাকলেও জলে একটি পাতাও পড়ে না. জলে পাতা পড়লেই কোনো না কোনো পাখি তা মুখে করে তুলে নিয়ে যায়।

পেলিং এর এক মস্ত আকর্ষণ হল স্কাই ওয়াক। অনেকটা উচ্চতায় কাঁচের সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা। দেখে নিতে পারেন সিনসোর সেতু, এশিয়া মহাদেশের দ্বিতীয় উচ্চতম সেতু। এছাড়াও দেখা যেতে পারে সাঙ্গে জলপ্রপাত, দারাপ উপত্যকা, শেয়ারো রক গার্ডেন ইত্যাদি। যদি অভিজ্ঞাতা পেতে হয় তাহলে সাঙ্গাচলিং মনাস্ট্রি দেখে আসতে পারেন।


সাইট সিয়িং ট্রিপের ক্ষেত্রে গাড়ির চালকের সাথে কথা বলে জেনে নেবেন কোন কোন জায়গা দেখানো হবে সাইট সিয়িং ট্রিপে। গাড়ির মডেল অনুযায়ী পেলিং এ সাইট সিয়িং করতে ৩৫০০ টাকা থেকে ৫৫০০ টাকা পর্যন্ত খরচ পড়তে পারে। পেলিং এ রয়েছে প্রচুর হোটেল, তবু যাওয়ার আগেই হোটেল বুক করে রাখা বুদ্ধিমানের কাজ হবে. কারণ পেলিং এক অত্যন্ত জনপ্রিয় পর্যটনকেন্দ্র। হোটেল রয়েছে নানারকম বাজেটের। রয়েছে বেশ কিছু হোম স্টে। (চলবে)
বেড়াতে যাওয়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ৮৪২০৮০৭০২০ নম্বরে মেসেজ করুন।




