
আজ খবর (বাংলা) [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৮/০৯/২০২৬ : তৃণমূল নাম ও ঘাসফুল প্রতীক নিয়ে বাংলার রাজনীতিতে তোলপাড় অবস্থা। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিতর্কিত তৃণমূল কংগ্রেস নাম এবং ঘাস ফুল চিহ্ন আর কেউ ব্যবহার করতে পারবে না. অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আর কোনো অস্তিত্ব থাকছে না।

তৃণমূল কংগ্রেস নাম এবং তার প্রতীক ঘাস ফুল নিয়ে কাড়াকাড়ির রাজনীতি চলছে বিগত কিছুদিন ধরেই, যার একপ্রান্তে আছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অপর প্রান্তে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুই শিবির ভাগ হয়েছে ঋতব্রত শিবির এবং কালীঘাট শিবির হিসেবে। দুই পক্ষকেই গতকাল দিল্লিতে ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তৃণমূল কংগ্রেস নাম ও তার প্রতীক দুটোকেই ফ্রিজ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ দুই পক্ষের কেউই এই নাম ও প্রতীক পাবে না।

এক্ষেত্রে আজকের মধ্যেই নতুন নাম ও প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, কেন না সামনেই রয়েছে উপনির্বাচন। ভোট রয়েছে নন্দীগ্রাম ও রেজিনগরে।
এই পরিপ্রেক্ষিতে ঋতব্রত শিবির থেকে নির্বাচন কমিশনের কাছে কয়েকটা বিকল্প নাম পাঠানো হয়েছে, সেগুলি হল প্রজাতান্ত্রিক তৃণমূল কংগ্রেস, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস ও পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। প্রতীক হিসেবে বলা হয়েছে ব্ল্যাকবোর্ড, খাম এবং টর্চের কথা. এদিকে কালীঘাট শিবির যে নামগুলি পাঠিয়েছে, সেখানে দেখা যাচ্ছে সর্ব ভারতীয় মমতা তৃণমূল , তৃণমূল কংগ্রেস মমতা নামগুলি রয়েছে। প্রতীক হিসেবে পাঠানো হয়েছে ফুটবল খেলোয়াড় এবং ক্রিকেট ব্যাট।

শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির নাম পেয়েছে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্ৰেস’, প্রতীক পেয়েছেন ফুটবলার। ঋতব্রত শিবির নাম পেয়েছে ‘গণতান্ত্রিক তৃণমূলকংগ্রেস’ নামটি, প্রতীক হিসেবে পেয়েছে খাম চিহ্ন। আগামী উপনির্বাচনে এই নামগুলি এবং প্রতীক নিয়ে লড়াইতে নামতে চলেছে দুই শিবির।




