
আজ খবর , নতুন দিল্লী, ভারত, নিজস্ব সংবাদদাতা, ২২/১০/২০২৬ : ভারতের অখণ্ডতা ও স্থায়িত্ব বিনষ্ট করতে চাইছে বিরোধী দলের জোট, আর এই দলের নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। আজ এভাবেই বিরোধী দলগুলিকে আক্রমণের পথে গেল ভারতীয় জনতা পার্টি।

বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে বিজেপি নেতারা বলেন, “দেশের অখণ্ডতা এবং অগ্রগতিকে রুখে দিতে চাইছে বিরোধীরা। ওরা নানারকম পরিকল্পনা গ্রহণ করছে, এই পরিকল্পনার পিছনে রয়েছে বিদেশী শক্তির হাত. সেই শক্তিতেই বলীয়ান হয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী দলের জোট দেশে অশান্তি পাকাতে চাইছে। দেশ যাতে স্থায়িত্ব ও ভারসাম্য হারায় সেটাই ওদের উদ্দেশ্য।”

সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা নিশিকান্ত দুবে বলেন, “রাহুল গান্ধীরা বিদেশী শক্তির সাথে যোগাযোগ রাখছে। ওদের সাথে মার্কিন আইনপ্রণেতা আইহান ওমর বা রো খান্নাদের ঘনিষ্ঠতা বাড়ছে বলে জানতে পারছি। বিরোধী দলগুলি দেশে লাগাতার অশান্তি পাকাতে চাইছে। ওরা সরকার পড়ে যাক তেমনটা এই মুহূর্তে চাইছে না, ওরা চাইছে দেশটাই টুকরো হয়ে যাক. বিরোধী দলগুলি এখন সমবেতভাবে বিদেশী শক্তির সাথে মিলে গিয়ে একসাথে কাজ করছে।”

বিরোধী দলগুলির এই ধরনের কর্মকাণ্ড দেশের ক্ষতি করতে পারে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতারা কংগ্রেস পার্টি ও রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। সেইসাথে দেশের যে সব রাজনৈতিক দলগুলি বিরোধী দলকে ইন্ধন যোগাচ্ছে, তাদেরকে কটাক্ষ করেছেন।







