আজ খবর (বাংলা) [রাজ্য ], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৮/০৬/২০২৬ : চলতি মাসের ২০ এবং ২১ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই দিন বঙ্গ সফরকে নিয়ে সাজো সাজো রব রাজ্য বিজেপিতে।
অফিসিয়ালি এই প্রথম রাজ্যে পালিত হতে চলেছে পশ্চিমবঙ্গ দিবস। বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এসে এই প্রথম পশ্চিমবঙ্গ দিবস পালন করতে চলেছে। ঐ দিন কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকেশ্বর মন্দিরে তাঁর কিছু কর্মসূচী আছে। সেদিন তিনি মন্দিরে পুজো দেবেন এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।
২১ তারিখে রয়েছে বিশ্ব যোগ দিবস। এই প্রথম যোগ দিবস পালন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় উপস্থিত থাকবেন। সেদিন রাজ্যের প্রতিটা স্কুল ও সরকারি ভবনে যোগ দিবস পালন করা হবে। নরেন্দ্র মোদী নিজে কলকাতার রেড রোডে উপস্থিত থেকে যোগ দিবসে অংশগ্রহণ করবেন। টানা দুই দিন বঙ্গ সফরের জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে বিমানবন্দরেই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্যান্য মন্ত্রীরা।
বিজেপির এই কর্মসূচী দেখেই বোঝা যাচ্ছে পরপর দু’দিন মেগা ইভেন্ট হতে চলেছে রাজ্যে। প্রতি বছর ২১শে জুলাই শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। কলকাতার ধর্মতলা অঞ্চলে বিশালাকার আয়োজন হয়ে আসছে প্রতি বছর। লক্ষ লক্ষ সমর্থকদের ভীড়ে জনসমুদ্র হয়ে ওঠে ধর্মতলা চত্বর। কিন্তু এবার কি সেই ভীড় আর লক্ষ্য করা যাবে ? তৃণমূল কি এবার শহীদ দিবস পালন করবে ? যেভাবে বহু নেতার জেল হয়ে গিয়েছে, যেভাবে দলটা ভেঙে গিয়েছে, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ছন্নছাড়া এক রাজনৈতিক দল ছাড়া আর কিছুই নয়! কি হয়, নজর থাকবে আমাদের।