
আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক] হরমুজ প্রণালী ২৭ /০৯ /২০২৬
ইরান-আমেরিকা সংঘাতের মধ্যেই কূটনৈতিক তৎপরতায় নতুন মোড়। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং সংঘাত কমানোর লক্ষ্যে ইরানের প্রস্তাবিত সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, তেহরানের প্রস্তাব তার কাছে গ্রহণযোগ্য নয়।
ইরানের প্রস্তাব অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ শিথিল করা, তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটকে থাকা ইরানি সম্পদ ছাড়ার মতো পদক্ষেপ নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। এরপর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চূড়ান্ত সমঝোতা নিয়ে আলোচনা শুরু করার কথা ছিল।
তবে ট্রাম্প প্রকাশ্যে প্রস্তাবটি নাকচ করলেও ইরান এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের চূড়ান্ত অবস্থান তেহরানের কাছে পৌঁছয়নি। সেই আনুষ্ঠানিক বার্তা পাওয়ার পরই ইরান পরবর্তী সিদ্ধান্ত নেবে।
আরাঘচি আরও স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়টি ইরানের নির্ধারিত শর্ত পূরণের সঙ্গে যুক্ত। তাঁর বক্তব্য অনুযায়ী, কূটনৈতিক আলোচনার পথ এখনও খোলা রয়েছে এবং আলোচনার মাধ্যমেই অচলাবস্থা কাটানোর চেষ্টা করছে তেহরান।
ফলে ট্রাম্পের প্রকাশ্য প্রত্যাখ্যানের পরও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। এখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন আনুষ্ঠানিক বার্তা তেহরানে পৌঁছনোর পর ইরান কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।



