আজ খবর (বাংলা), [রাজনীতি], চুঁচুড়া, হুগলী,১৭/০৮/২০২৬ : অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি উপলক্ষে ধন্যবাদ জ্ঞাপন যাত্রা সংগঠিত করল বিজেপির মহিলা মোর্চা।
আজ থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা ১ কোটি ৪৫ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হওয়ায় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের সকল মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন যাত্রার আয়োজন করল হুগলি জেলা বিজেপির মহিলা মোর্চা।
এই উপলক্ষে আজ চুঁচুড়া সদর শহরের পিপুলপাতি থেকে চুঁচুড়ার ঘড়িরমোড় পর্যন্ত একটি সুদীর্ঘ ধন্যবাদ জ্ঞাপন যাত্রা অনুষ্ঠিত হয়। যাত্রায় উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, হুগলি জেলা মহিলা মোর্চার সভানেত্রী মাধবী বিশ্বাস-সহ অন্যান্য কার্যকর্তা ও মহিলা কর্মীরা।
অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে এই যাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন মহিলা মোর্চার কর্মীরা। যাত্রাকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা।