আজ খবর (বাংলা), [রাজ্য] বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, ১৭/০৮/২০২৬ : বারুইপুর থানার পিয়ালি রেল স্টেশন সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের রাস্তার জায়গা দখল করে বেআইনিভাবে দোকানঘর তৈরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। প্রতিবাদে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তৈরি হওয়া দোকানঘর ভেঙে ফের রাস্তা তৈরি করলেন এলাকার বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, ৫০ বছরেরও বেশি সময় ধরে ওই জায়গাটি রাস্তা হিসেবেই ব্যবহার হয়ে আসছে। বাম আমল থেকে তৃণমূল সরকারের সময় পর্যন্ত ওই জায়গা দিয়ে এলাকার মানুষ যাতায়াত করেছেন। অভিযোগ, গত ৪ মে রাজ্যে সরকার পরিবর্তনের পর হঠাৎই রাস্তার জায়গা দখল করে দোকানঘর তৈরি করা হয়। শুধু তাই নয়, সেই দোকানঘর মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
এই ঘটনার প্রতিবাদেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তার উপর তৈরি হওয়া দোকানঘর ভেঙে জায়গাটি ফের যাতায়াতের উপযোগী করার উদ্যোগ নেন।
স্থানীয় বাসিন্দা সুব্রত মণ্ডলের দাবি, রাস্তা দখল করে দোকানঘর তৈরির ঘটনায় বিজেপির কিছু লোকও জড়িত থাকতে পারেন। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
অন্যদিকে, যাঁরা ওই জায়গায় দোকানঘর তৈরি করেছিলেন, তাঁদের মধ্যে শিখা মণ্ডলের বক্তব্য, ওই জায়গায় আগে থেকেই তাঁদের দোকান ছিল। সেই কারণেই তাঁরা সেখানে নতুন করে দোকান তৈরি করেছিলেন বলে দাবি তাঁর।
রাস্তার জায়গা আদৌ দখল করা হয়েছিল কি না এবং দোকানঘর নির্মাণের ক্ষেত্রে কোনও সরকারি অনুমতি ছিল কি না, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। ঘটনাস্থল বারুইপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।