
আজ খবর
(বাংলা) [রাজ্য] নন্দীগ্রাম ০৫/১০/২০২৬
উপনির্বাচনের প্রচারের শেষ দিনে নন্দীগ্রামে বিজেপির রোড শো ঘিরে দেখা গেল ভিন্ন ছবি। নন্দীগ্রাম ১ ব্লকের হাজরাকাটা রাজরামচক থেকে শুরু হয় শুভেন্দু অধিকারীর রোড শো। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্থানীয় বাসিন্দাদের একাংশ পোস্টার হাতে রোড শোয়ে যোগ দেন। পোস্টারে লেখা ছিল, ‘আমরা মুখ্যমন্ত্রীর পাশে আছি। আমরা বন্ধুত্ব করতে চাই সরকারের সঙ্গে।’

রবিবার ছিল নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচারের শেষ দিন। বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে শুভেন্দু অধিকারী এলাকায় রোড শো করেন। হাজরাকাটা রাজরামচক থেকে শুরু হয়ে মিছিল এগিয়ে যায় সামসবাদ মীরের বাজারের দিকে। পথে স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁকে অভ্যর্থনা জানান।

এর আগে প্রচারে গিয়ে সংখ্যালঘু ভোটারদের সঙ্গে ‘বন্ধুত্বের’ বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সেই আহ্বানের পরেই নন্দীগ্রামের কয়েকটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপির প্রতি সমর্থনের ছবি সামনে এসেছে। এর আগে সরবেড়িয়ায় স্থানীয় সংখ্যালঘু যুবকদের উদ্যোগে বাঁশ, ত্রিপল ও কাপড় দিয়ে একটি অস্থায়ী বিজেপি কার্যালয় তৈরির খবরও প্রকাশ্যে আসে।

রোড শো শেষে শুভেন্দু অধিকারী দাবি করেন, তাঁর ‘বন্ধুত্বের আহ্বান’ অনেকটাই কাজ করেছে। যদিও এই সমর্থন কতটা ভোটে প্রতিফলিত হবে, তার উত্তর মিলবে নির্বাচনের ফল প্রকাশের পর। নন্দীগ্রামে ভোটগ্রহণ ৬ অক্টোবর এবং গণনা ৯ অক্টোবর নির্ধারিত হয়েছে।




