আসাম ও ডুয়ার্স ভুটানের সাথে যুক্ত হয়ে যাবে নতুন রেলপথে

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ২১/১১/২০২৫ : ভারত ও ভুটান দুই প্রতিবেশী এবং বন্ধু দেশ। এই দুই দেশ বর্তমানে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করতে নিজেদের মধ্যে রেল যোগাযোগ গড়ে তোলার প্রস্তুতি গ্রহণ করেছে। ভারত ভুটান সীমান্তপর্যন্ত রেল যোগাযোগ গড়ে তুলতে আগ্রহী এবং ভুটান তাতে সহমত প্রকাশ করেছে।
গত সেপ্টেম্বর মাসেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী ভারত-ভুটান রেল যোগাযোগের প্রকল্পগুলি নিয়ে কথা বলেছিলেন। ভারতের সাথে ভুটানের দুটি রেল প্রকল্প নেওয়া হয়েছে। একটি প্রকল্পে আসাম থেকে ভুটান চলে যাওয়া যাবে এবং অপরটি পশ্চিমবঙ্গের দিক থেকে ভুটানে চলে যাওয়া যাবে।
প্রথম প্রকল্পটি তৈরি হচ্ছে আসামের কোকড়াঝোর ও ভুটানের গেলেফুর মধ্যে। এই রেলপথ আসামের কোকড়াঝো র ও চিরাং জেলাকে ভুটানের সারপাং অঞ্চলের সাথে যুক্ত করবে। আসাম-ভুটানের মধ্যে এই প্রকল্পটির জন্যে খরচ হবে মোট ৩,৪৫৬ কোটি টাকা। এই রেলপথ শুধু যে মানুষ ও পণ্য পরিবহন করবে তা নয়, বরং এশিয়া মহাদেশের এই অঞ্চলে কর্ম সংস্থান, বাণিজ্য তথা সম্পূর্ণ অর্থনীতির উন্নতি ঘটাবে বলে মনে করা হচ্ছে।
দ্বিতীয় প্রকল্পটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলাকে সরাসরি যুক্ত করবে ভুটানের সমাতসির সাথে। পশ্চিমবঙ্গের বানারহাট থেকে ট্রেন ছুটবে ভুটানের সামাতসির পথে। চা বাগানের মধ্যে দিয়েই ছুটবে রেল। এই রেলপথে শুধু যে বাণিজ্যের অগ্রগতি হবে তা নয়, উন্নতিসাধন করা হবে দুই দেশের পর্যটনকে। ভুটান সরকার এই সামাতসি জায়গাটিকে একটি শিল্প অঞ্চল হিসেবে গড়ে তুলতে চলেছে। এই দ্বিতীয় প্রকল্পের জন্যে খরচ করা হবে ৫৭৭ কোটি টাকা।
প্রায় ৭০০ কিলোমিটার দীর্ঘ এই ভারত – ভুটান রেলপথ দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করে গড়ে তুলবে। দুই দেশের মধ্যে সমঝোতা আরও সুদৃঢ় করবে। ভারতীয় বন্দরগুলি থেকে পণ্য পরিবহনের ওপর দুই দেশেরই গুরুত্ব বাড়বে। এ ছাড়াও বৃদ্ধি পাবে পর্যটন। বাড়বে দুই দশের সাংস্কৃতিক আদান প্রদান।
![]()