
আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০১/২০২৬ : ফের একবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল পেলেন প্রাণ নাশের হুমকি। বিস্ফোরণ করে তাঁকে উড়িয়ে দেওয়া হবে, এমনটাই হুমকি পেয়েছেন তাঁর কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা।
এর আগেও তাঁকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছিল, আর এবারেও তার কাছে এলো প্রাণে মেরে ফেলার হুমকি। কে বা কারা এই ধরনের হুমকি রাজ্যপালকে দিচ্ছেন তা খতিয়ে দেখছে পুলিশ। এই ব্যাপারে তদন্ত করা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। প্রাণ নাশের হুমকির জেরে রাজ্যপালের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এমনিতেই তিনি জেড প্লাস নিরাপত্তা পান। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকেন কলকাতা পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা।
আগামীকাল একটি অনুষ্ঠানে রাজ্যপাল সকলের সঙ্গে সাধারণভাবে হেঁটে যাবেন, নিরাপত্তার বলয় থাকবে না সেখানে। রাজ্যপাল সেই অনুষ্ঠান বাতিল করছেন না। তিনি জানিয়েছেন জনগণই তাঁর ঢাল, আর সাধারণ মানুষই তাঁকে রক্ষা করবেন। তাই তিনি এই ব্যাপারে আদৌ চিন্তিত নন।
গতকাল ইডি এবং মুখ্যমন্ত্রীর সংঘাতের ঘটনায় রাজ্যপাল বলছেন, “সরকারি কাজে বাধা দেওয়া ঠিক নয়। সরকারি কাজে বাধা দিলে বা সরকারি কর্মচারীকে হুমকি দিলে তার সর্বোচ্য ২ বছর জেল হতে পারে। মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজে লিপ্ত হাওয়া ঠিক নয়।”

![]()