
আজ খবর (বাংলা), [রাজ্য], রামপুরহাট, বীরভূম, ১২/১২/২০২৫ : ব্লক লেভেল অফিসারদের যে কাজ দেওয়া হয়েছিলো তা সম্পূর্ণ করার পরেও ফের তাঁদের ফেরত আসা ফর্ম ফিলাপ করতে বলা হচ্ছে , তাও মাত্র এক দিনের মধ্যে; এবং অতি অল্প সময়ের মধ্যে SIR এর ফর্ম পূরণ করতে চাপ দেওয়া হচ্ছে।এমনই অভিযোগ করে বীরভূমের রামপুরহাট ১নং ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান BLO রা।
বিএলওদের অভিযোগ, “ত্রুটি থাকা ফর্ম গুলো একদিনের মধ্যে আপলোড করা অসম্ভব। কোনরকম ঠিকঠাক প্রশিক্ষণ ছাড়াই অতি অল্প সময়ের মধ্যে তাদের উপর চাপ দিয়ে যে এত কাজের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ করা অসম্ভব”। তাঁরা অভিযোগ করে বলেন যে তাঁরা ইতিমধ্যেই শিক্ষকতার কাজে যোগ দিয়েছেন। কিন্তু সেই শিক্ষকতার কাজ বাদ দিয়ে তাঁদেরকে অন্যান্য বিভিন্ন ধরনের কাজ করানো হচ্ছে চাপ দিয়ে। কাজ না করলে চাকরি চলে যাওয়ারও ভয়ও দেখানো হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন।
BLO দের কাছে জমা থাকা SIR এর ফর্ম গুলো যাতে অতি সত্বর জমা নিয়ে নেওয়া হয়, তারও আবেদন জানানো হয় আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে। বিএলওরা জানিয়েছেন এবার তাঁরা এই কাজ থেকে অব্যাহতি চাইছেন। কারণ হিসাবে তাঁদের দাবি স্কুলগুলোতে পরিক্ষার খাতা দেখতে হবে। তাছাড়া এসআইআরের কাজ শেষ করার পর আর তাঁরা এই কাজ করতে চান না।
![]()