
পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে যাদবপুর কেন্দ্রে বাড়ছে রাজনৈতিক তৎপরতা, সক্রিয় সব শিবির
আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৩/০৪/২০২৬ : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে যাদবপুরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। একসময়ের শিক্ষাঙ্গন-কেন্দ্রিক এই এলাকা এখন রাজ্যের অন্যতম হাই-প্রোফাইল রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ হয়ে উঠেছে।
বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই যাদবপুরে তাদের সংগঠনকে মজবুত করতে ঝাঁপিয়ে পড়েছে। শাসক দল থেকে বিরোধী—সব পক্ষই ভোটারদের মন জিততে শুরু করেছে জোর প্রচার। উন্নয়ন, শিক্ষা, বেকারত্ব এবং নাগরিক সমস্যা—এই সব ইস্যুকেই সামনে রেখে চলছে প্রচার অভিযান।
গতবার অর্থাৎ ২০২১ সালে এই আসনে তৃণমূলের প্রার্থী ড. দেবব্রত মজুমদার সিপিআইএমের প্রার্থী সুজন চক্রবর্তীকে হারিয়ে দিয়েছিলেন। তৃতীয় স্থানে ছিল বিজেপি। গতবার যাদবপুর আসনে ত্রিমুখী লড়াই দেখতে পাওয়া গিয়েছিল। তবে এবার সম্ভবত বিজেপির সাথে তৃণমূলের লড়াই দেখবে যাদবপুরের মানুষ। এবারেও যাদবপুর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন দেবব্রত মজুমদারকেই, তবে বামেদের প্রার্থী এবার প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্য্য। বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন শর্বরী মুখার্জি এবং কংগ্রেসের প্রার্থী শ্রীমতি শ্যামলী মন্ডল।
যাদবপুরে তরুণ ভোটারদের সংখ্যা বেশি হওয়ায়, তাদের মনোভাব এই কেন্দ্রের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। ফলে সোশ্যাল মিডিয়া প্রচার থেকে শুরু করে মাটির স্তরে জনসংযোগ—সব দিকেই জোর দেওয়া হচ্ছে।
সব মিলিয়ে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, যাদবপুর ততই রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এবং নজরকাড়া কেন্দ্রে পরিণত হচ্ছে।
![]()