দেশে এসআইএর নিয়ে বিরোধ চলছেই

আজ খবর (বাংলা), [রাজনীতি] নতুন দিল্লী, ভারত, ২৩/১১/২০২৫ : নির্বাচন কমিশনের চাপের মুখে আত্মহত্যার ঘটনা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গেই ঘটছে তা নয়, দেশজুড়ে যেখানে যেখানেবিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ চলছে সেখানে সেখানেই ঘটছে এই অপ্রত্যাশিত আত্মহত্যার ঘটনা, আজ এই তথ্য দিয়ে বিজেপিকে রীতিমত আক্রমন শানালেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।
দিন দুয়েক আগেই পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় এক মহিলা বিএলও কর্মী আত্মহত্যা করেছেন। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে বিষয়টিকে বিএলও কর্মীদের ওপর নির্বাচন কমিশনের অত্যাধিক ‘চাপ’ দেওয়া বলে আখ্যা দিয়েছিলেন। পশ্চিমবঙ্গের মত কেরালাতেও চলছে দ্বিতীয় পর্যায়ের এসআইআর। কেরালার কান্নুরে আজ এক বিএলও আত্মঘাতী হয়েছেন। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন নির্বাচন কমিশনের অত্যধিক চাপ সহ্য করতে না পেরেই ঐ বিএলও কর্মী আত্মঘাতী হয়েছেন।
খাড়গে জানিয়েছেন এই ঘটনা শুধু যে পশ্চিমবঙ্গে আর কেরালাতেই হচ্ছে তেমনটা নয়, এই ঘটনা ঘটে চলেছে যে যে রাজ্যে এসআইআর করা হচ্ছে সেইসব রাজ্যেও। মল্লিকার্জুন খাড়গে এর জন্যে দায়ী করেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। যে অল্প সময়ের মধ্যে সামান্য ট্রেনিং দিয়ে ব্লক লেভেল অফিসারদের ওপর মাত্রাতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে, তার বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।
কংগ্রেস নেতা খাড়গে জানিয়েছেন, “ছয় রাজ্যে মোট ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।” কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অত্যাধিক চাপের ফলেই এই আধিকারিকদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। এসআইআরকে তিনি নোট বন্দী বা লক ডাউনের সাথে তুলনা করেছেন। এই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
খাড়গে সমাজমাধ্যমে লিখেছেন, ” বিজেপির ভোট চুরি একটা মারাত্মক মোড় নিয়েছে। কাজের চাপ দিয়ে তারা বিএলও এবং পোলিং অফিসারদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। প্রিয়জনকে হারিয়েছে এমন প্রতিটা পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। রিপোর্টে যা দেখানো হচ্ছে, বাস্তবে এই মৃত্যুর সংখ্যা অনেক বেশি আর সেটাই উদ্বেগজনক। এই পরিবারগুলিকে কে ন্যায় বিচার দেবে ?”
নিজস্ব সংবাদদাতা
![]()