
আজ খবর
(বাংলা) [রাজ্য] পাণ্ডুয়া ০২/১০/২০২৬
টাকার জন্য বচসার জেরে বাবাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৯ সেপ্টেম্বর হুগলির পাণ্ডুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মধূসূদন সাহা (৭৪) নামের এক বৃদ্ধ।

তাঁর অভিযোগ ছিল, গত ২৮ সেপ্টেম্বর মাঝরাতে তাঁর বড় ছেলে সন্তু সাহা মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তাঁর কাছে টাকা চায়। টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবার সঙ্গে বচসা শুরু হয় এবং সেই সময় সন্তু বাবাকে বাঁশ দিয়ে মাথায় সজোরে আঘাত করে বলে অভিযোগ।

আহত বৃদ্ধ প্রথমে বৈঁচি গ্রাম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করেন । তারপর পাণ্ডুয়া থানায় লিখিত অভিযোগ জানান। এরপর তিনি পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতাল ও পরে চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাতে চুঁচুড়া সদর হাসপাতালেই বাবা মধুসূদন সাহার মৃত্যু হয়।

মৃত্যুর পর ঘটনার তদন্তে নামে পুলিশ রাতেই বৈঁচি এলাকা থেকে অভিযুক্ত সন্তু সাহাকে গ্রেপ্তার করে। ইতিমধ্যে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ।



