
আজ খবর (বাংলা), [দেশ], হরিদ্বার ও প্রয়াগরাজ, উত্তরাখন্ড ও উত্তরপ্রদেশ, ০৩/০১/২০২৬ : পৌষ পূর্ণিমা উপলক্ষে আজ প্রচুর মানুষ হরিদ্বারে গঙ্গায় ডুব দিয়েছেন, সেই সাথে সকাল আটটা পর্যন্ত প্রয়াগরাজের সঙ্গমে অন্তত সাড়ে ছয় লক্ষ মানুষ পুণ্য স্নান সেরেছেন।
পৌষ পূর্ণিমা উপলক্ষে আজ উত্তরাখন্ডের হরিদ্বারে অসংখ্য ভক্তের সমাগম হয়েছে। প্রচুর মানুষ আজ গঙ্গার ঘাটগুলিতে পূজা অর্চনা সেরে ডুব দিয়েছেন পবিত্র গঙ্গা নদীতে। গতকাল রাত্রি থেকেই পুণ্যার্থীরা হরিদ্বারে আসতে শুরু করেছিলেন, সারারাত্রি যাত্রীদের এই আগমন হতে থেকেছে এই শহরে। আজ পুন্য স্নানের দিন ছিল এবং শিবরাত্রি পর্যন্ত আরও কয়েকটি পুন্য স্নানের দিন থাকছে, সেই দিনগুলিতেও হরিদ্বারে ব্যাপক ভীড় হবে বলে মনে করা হচ্ছে।
হরিদ্বারের মত প্রচন্ড ভীড় হয়েছে উত্তর প্রদেশের প্রয়াগরাজে। এখানে আজ সকাল আটটা পর্যন্ত সাড়ে ছয় লক্ষ পুণ্যার্থী স্নান সেরেছেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। প্রয়াগরাজে আজ থেকেই শুরু হয়ে গেলো মাঘ মেলা। গোটা মাঘ মাস জুড়েই চলবে এই মেলা। তারপর শিবরাত্রিতে সমাপ্তি ঘোষণা করা হবে। গোটা মাঘ মাস জুড়েই থাকবে বেশ কয়েকটি দিনে পুন্য স্নান, সেইমত পুণ্যার্থীদের ভীড় হবে প্রয়াগরাজের সঙ্গমে। পুন্য স্নানকে ঘিরে নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে প্রয়াগরাজ শহরকে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনীকে।
![]()