সৌদি আরবে একাধিক এলাকায় সতর্কতা, হরমুজ প্রণালিতে ট্যাঙ্কার ঘিরে বাড়ছে উত্তেজনা

আজ খবর (বাংলা) [রাজ্য] আন্তর্জাতিক ১৯/০৯/২০২৬: ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হচ্ছে। শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াধ ও আল-খারজ এলাকায় পরপর বিপদ সংকেত জারি করা হয়। পরে সৌদি সিভিল ডিফেন্স জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বাসিন্দাদের সরকারি নির্দেশিকা মেনে চলার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রিয়াধে সতর্কতা জারির পর বিস্ফোরণের মতো শব্দ শোনা গিয়েছে বলে এএফপির এক সাংবাদিক জানিয়েছেন। সৌদি কর্তৃপক্ষের সতর্কবার্তায় ‘শত্রুপক্ষের আকাশপথে হামলার আশঙ্কা’র কথা বলা হয়। পরে সতর্কতা প্রত্যাহার করা হলেও বাসিন্দাদের ভিড় না করার এবং ঘটনাস্থলের ছবি বা ভিডিয়ো না তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সৌদি আরবের জেদ্দা, তাইফ, ইয়ানবু, জিজান, আবহা, খামিস মুশাইত, আল-উলা এবং ফারাসান-সহ একাধিক এলাকায় সম্ভাব্য বিপদের সতর্কবার্তা জারি করা হয়েছিল। পরে বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানায় সৌদি সিভিল ডিফেন্স। অন্যদিকে, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আইনে স্বাক্ষর করেছেন। এর ফলে ১৯৯৬ সালের Iran Sanctions Act-এর কার্যকারিতা ২০২৬ সালের পরিবর্তে ২০৩১ সাল পর্যন্ত বহাল থাকবে।

নতুন আইনের আওতায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও শুল্ক সংক্রান্ত ক্ষমতাও বাড়ানো হয়েছে। পাশাপাশি ইরানের জ্বালানি খাতের সঙ্গে ব্যবসা করা বিদেশি সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলির উপর মার্কিন ‘সেকেন্ডারি স্যাংশন’-এর ঝুঁকি বজায় থাকছে। ফলে ইরানের সঙ্গে বাণিজ্য করা আন্তর্জাতিক সংস্থাগুলির উপর মার্কিন চাপ আরও বাড়তে পারে।

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরেও উত্তেজনা বাড়ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করা টোগো-পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জাহাজটির নাম ‘ট্রেন্ড’ বলে জানিয়েছে। তবে এই হামলার দাবি স্বাধীনভাবে সম্পূর্ণ যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে ব্রিটেনের UK Maritime Trade Operations(UKMTO) জানিয়েছিল, হরমুজ প্রণালি থেকে বেরিয়ে যাওয়ার সময় অন্য একটি ট্যাঙ্কারে অজ্ঞাত বস্তু আঘাত করেছিল। ওই ঘটনায় জাহাজের কোনও কর্মী আহত হননি বলে জানা যায়।

ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের পাশাপাশি ইয়েমেনের হুথি গোষ্ঠীকে ঘিরে সৌদি আরবের সঙ্গে উত্তেজনাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সৌদি আরবের অভিযোগ, হুথিরা দেশের গুরুত্বপূর্ণ শহর ও কৌশলগত এলাকাগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে, মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ হুথিরা অস্বীকার করেছে।

সংঘাতের প্রভাব পড়ছে হরমুজ প্রণালি ও বাব-এল-মান্দেব জলপথেও। এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলিতে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাণিজ্য, তেল সরবরাহ এবং বিশ্ববাজারে জ্বালানির দামের উপর তার প্রভাব পড়তে পারে।
america


