
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] কারাকাস, ভেনেজুয়েলা, ২৫/০৬/২০২৬ : ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা এক লক্ষ ছুঁতে পারে। পাশাপাশি আজ জোরালো ভূমিকম্প হয়েছে জাপানেও। ভূকম্পনে কেঁপে উঠেছে নেপাল।
পর পর দুটি জোরালো ভূমিকম্পে তছনছ হয়ে যায় ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। প্রথম কম্পনটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.২; এই প্রথম কম্পনটি অনুভূত হয়েছিল রাজধানী কারাকাস থেকে ২৮৪ কিলোমিটার দুরে সান ফেলিপে শহরে। এরপর এক মিনিটের মধ্যেই দ্বিতীয় ভূকম্পন অনুভূত হয় কারাকাসের ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারে নামক জায়গায়, রিখটার স্কেলে এই দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৭.৫;
ভয়াবহ এই ভূমিকম্পে ভেঙে পড়ে বাড়িগুলি, ভেঙে ফাঁক হয়ে যায় রাস্তাঘাট। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মানুষ। নিমেষে লন্ডভন্ড হয়ে যায় ভেনেজুয়েলা। মানুষের আর্তনাদে ভরে যায় আকাশ বাতাস। ভয়ঙ্কর এই পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনেজুয়েলা সরকার। বন্ধ সব বিমানবন্দর। শুরু হয়েছে উদ্ধারকাজ, তবে হাসপাতাল ভবনগুলিও ভেঙে পড়েছে বলে খবর। ভূমিকম্পের ঘটনায় অন্তত ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে মৃতের সংখ্যা এক লক্ষ ছুঁতে পারে এমন আশংকাও করা হচ্ছে।
এদিকে ভেনেজুয়েলার পর আজ সকালে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে জাপানেও। সূর্যোদয়ের দেশ জাপানের উত্তর পূর্ব অঞ্চলে আজ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৯; সেখানে বাড়ি ঘরদোর ভেঙে পড়ার খবর পাওয়া গেলেও হতাহতের কোনো খবর এখনো আসেনি। অন্যদিকে আজ ভোর ৫:২১ মিনিট নাগাদ নেপালেও ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮; ভূমিকম্পের জেরে নেপাল থেকেও আজ কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

![]()








