আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৯/০১/২০২৬ : বেলডাঙ্গার ঘটনা নিয়ে দুটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
বেলডাঙার ঘটনা নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ঘটনা নিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
বেলডাঙ্গার ঘটনার ক্ষেত্রেও একই নির্দেশের দাবি। মামলা দায়ের এর অনুমতি চেয়ে আবেদন। মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আজ খবর (বাংলা) [রাজ্য], বেলডাঙ্গা, মুর্শিদাবাদ , ১৯/০১/২০২৬ : বেলডাঙায় পুলিশি ধরপাকড় অব্যাহত, ভিডিও ফুটেজ দেখে আরও এক অভিযুক্ত গ্রেফতার।
গত কয়েকদিনের উত্তপ্ত পরিস্থিতির পর বেলডাঙায় শান্তি ফেরাতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। রবিবার রাতেও বেলডাঙ্গার বিভিন্ন এলাকায় দফায় দফায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেই অভিযানেই ধরা পড়েছে আরও এক অভিযুক্ত। ধৃতের নাম ফজলুর রহমান। তার বাড়ি বেলডাঙা থানার মঝ্যমপুর নতুনপাড়ায়। ধৃতকে আজ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত রাতের অভিযানে বেলডাঙার একাধিক জায়গায় অতর্কিতে হানা দেওয়া হয়। সিসিটিভি ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চালাচ্ছেন তদন্তকারীরা। এমনই এক ভিডিওতে দেখা গিয়েছে, ধৃত ব্যক্তি সক্রিয়ভাবে ভাঙচুর চালাচ্ছেন এবং পাথর ছুড়ছেন। সেই প্রমাণের ভিত্তিতেই গত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা প্রশমনে নিয়মিত রুট মার্চ করা হচ্ছে। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সোশ্যাল মিডিয়ার ওপরেও কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত দোষীদের চিহ্নিত না করা পর্যন্ত এই চিরুনি তল্লাশি জারি থাকবে।
আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ১৯/০১/২০২৬ : ভারতীয় জনতা পার্টির নতুন সর্ব ভারতীয় সভাপতি মনোনয়নের জন্যে তোড়জোড় চলছে দিল্লীতে তাদের সদর দপ্তরে। এই মনোনয়নকে ঘিরে দিল্লীর সদর দপ্তরে গোটা দেশ থেকেই ভীড় করেছেন বিজেপি নেতারা।
ভারতীয় জনতা পার্টি নতুন সভাপতি পেতে চলেছে।সেই উদ্দেশ্যেই আজ মনোনয়ন গ্রহণ করা হবে. দিল্লীর সদর দাপটের তারই তোড়জোড় চলছে। মনোনয়ন প্রক্রিয়া দুপুর ২টো থেকে বিকেল ৪টের মধ্যে অনুষ্ঠিত হবে. এরপর বিকেল ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই করা হবে. বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া যাবে। নির্বাচকরা আজ সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ একটি প্রেস বিবৃতি জারি করবেন বলে জানা গিয়েছে।
বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি নিতিন নবীন সর্ব ভারতীয় সভাপতি পদে মনোনয়ন পেশ করতে প্রস্তুত হয়ে আছেন। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সমর্থন নিয়ে নিতিন নবীন যদি বিজেপির সর্ব ভারতীয় সভাপতি হন, তাহলে তিনিই হবেন বিজেপির সর্বকনিষ্ঠ সভাপতি। দলের জাতীয় কাউন্সিল এবং রাজ্য কাউন্সিলের প্রতিনিধিদের নিয়ে গঠিত নির্বাচন কমিটি নতুন সভাপতির নাম ঘোষণা করবে।
আজ খবর (বাংলা), [ব্যবসা-বাণিজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ১৯/০১/২০২৬ : শিলিগুড়ি শহরে এখন অনেকের বাড়িতেই পোষ্য রয়েছে। কারোর বাড়িতে বেড়াল আবার কারোর বাড়িতে হয়ত রয়েছে আদরের সারমেয়। দেশি বিদেশী দুই রকম সারমেয়র দেখা পাওয়া যাচ্ছে।
বাড়ির পোষ্যদের ঠিকমত খাবার, পুষ্টি, দেখভাল করার আধুনিক সব সামগ্রী নিয়ে বেশ কিছু দোকান তৈরি হয়ে গিয়েছে শিলিগুড়ি শহরে। সেই দোকানগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হল পেট পল। যার মানে হল ‘পোষ্যদের বন্ধু’। সত্যিই পোষ্যদের বন্ধু হয়ে এই সংস্থা পেট পেরেন্টদের প্রয়োজনীয় নানা রকম ব্যবস্থাপনা নিয়ে এগিয়ে এসেছে। মহানন্দা নদীর ধারে অবস্থিত এই পেট পল দোকানে ঢুকে পড়লে পোষ্যদের বিভিন্ন সামগ্রী দেখতে দেখতে ঘোর লেগে যাবে। পোষ্যদের খাবার, বিছানা, খাঁচা, লিস, খেলনা, শ্যাম্পু, নেল কাটার, কি নেই সেই সম্ভারে ? সব কিছুই আছে।
পেট পল আসলে একটা পেট পার্লার। যেখানে পোষ্যদের Grooming করা হয়। শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে, নখ কেটে ব্রাশিং করে একবারে সিনেমার মত করে দেওয়া হয়। নিজের পোষ্যকেই তখন চিনে ওঠা মুশকিল। পেট পল সারমেয়দের ট্রেনিং এর ব্যবস্থাও করে দেয়। ওরা নিজেরাও ট্রেনিং দেয়। তবে আগে থেকে বুকিং করতে হয়। একটা ব্য্যাপার খুব ভালো লাগলো, আর সেট হল, পেট পলের কর্ণধার কুমার আচার্য্য তো বটেই অন্যান্য যাঁরা এই সংস্থায় কাজ করছেন তাঁরা প্রত্যেকেই পশুপ্রেমী। আপনার পোষ্য ঠিক কি চায়, তা ওরা জানে খুব ভালো করেই।
শিলিগুড়ির গন্ডি ছাড়িয়ে জলপাইগুড়ির মাটিতে পা রাখতে চলেছে পেট পল। আগামী ফেব্রুয়ারি মাসের ১ তারিখে জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজে একটি ডগ শো হতে চলেছে এই পেট পলের পৃষ্ঠপোষকতায়। সেখানে পুরো টিম নিয়ে হাজির থাকবে পেট পল। ঐ ডগ শোতে আজ খবরের পাঠকদেরকেও আমন্ত্রণ জানাচ্ছে পেট পল।
আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক] ঢাকা, বাংলাদেশ, ১৯/০১/২০২৬ : বাংলাদেশ ফের একবার দ্বিপাক্ষিক বন্ধুত্ত্বের হাত বাড়িয়ে দিয়েছে চীনের দিকে. চীনও সেই বন্ধুত্ব স্বীকার করে এক ধাপ এগিয়ে গিয়েছে বাংলাদেশের দিকে।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের দপ্তর সূত্রে জানা গিয়েছে যে বাংলাশদেশে কর্মরত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। গোপন ঐ বৈঠকে দুই দেশ নিজেদের স্বার্থে নানারকম সুযোগ সুবিধা আদান প্রদানের কথা লোচনা করেছেন বলে জানা যাচ্ছে।
বাংলাদেশ ও চীনের মধ্যে এই বৈঠককে বাংলাদেশ অবশ্য সৌজন্যমূলক বলে আখ্যা দিয়েছে। তবে ইদানিং দুই দেশের গতিবিধি থেকে এটা স্পষ্ট যে ঐ দুই দেশ নিজেদের মধ্যে দীর্ঘ মেয়াদি বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ হতে বদ্ধ পরিকর হয়ে উঠেছে। ঐ বৈঠকে তিস্তা নদী ও প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। চীন প্রতিনিধি দল তিস্তা প্রকল্পের জায়গাগুলি ঘুরে দেখবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
চীনের সাথে বাংলাদেশের বৈঠকে চিকেনস নেক এবং ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা নিয়েও কিছু কথা হয়ে থাকতে পারে। পুরো বিষয়টির ওপর নজর রাখছে ভারত। নিরাপত্তার দিক থেকে সর্বোচ্য সতর্কতা নিয়েছে ভারত সরকার। আর কিছুদিন পরেই দেশ উদযাপন করবে প্রজাতন্ত্র দিবস। তার আগেই চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে চাইছে ভারত।
আজ খবর (বাংলা), [রাজ্য], কল্যাণী, নদীয়া, ১৮/০১/২০২৬ : বয়স ৮৫, অশীতিপর, ছেলে নাতনির সাথে ডিজেল ভ্যানে চেপে শুনানিতে হাজির বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার কল্যাণী শহরে।
সিঁড়ি ভেঙে ওপরে ওঠার ক্ষমতা নেই বৃদ্ধা মায়ের। তাই ছেলে মাকে পাঁজাকোলা করে কোলে তুলে নিয়ে গেলেন দোতালায় সেই ঘরে যেখানে শুনানির জন্যে ডেকে পাঠানো হয়েছিল বৃদ্ধাকে। এটা নদীয়ার কল্যানী মহকুমার কোষাগার ভবনের চিত্র।
কল্যানী রথতলা ১৪৫নং বুথের বাসিন্দা শংকরী কর্মকার। ২০০২ সালে মাজদিয়াতে ভোটার ছিলেন। পরে সেই নাম কেটে যায়। তাই নতুন করে আজ শুনানির ডাক পড়ে বৃদ্ধার।
অসুস্থ বৃদ্ধাকে নিয়ে হাজির পরিবার। পরিবারের দাবী, বিএলও বলছে শুনানিতে যেতেই হবে তাই নিয়ে এসেছে। অথচ নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল যে ৮০ বছরের ওপর যাঁদের বয়স তাঁদের বাড়িতে গিয়েই শুনানি করা হবে।
আজ খবর (বাংলা), [রাজনীতি] বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা, ১৮/০১/২০২৬ : রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে SIR হয়রানি নিয়ে রাস্তা অবরোধ গ্রামবাসীদের, অভিযোগ ৯০০ ভোটারের মধ্যে ৪৭৫ ভোটারকে হিয়ারিং এর নোটিশ, তারই প্রতিবাদে এই রাস্তা অবরোধ। ঘটনায় ব্যাপক উত্তেজনা।
বাদুড়িয়ার শিমুলতলা এলাকার ঘটনা । মসলন্দপুর বসিরহাট রোডের শিমুলতলা এলাকায় রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা । বিক্ষোভকারীদের যেটা অভিযোগ তা হল – SIR এর নামে সাধারণ মানুষকে হয়রানি করছে ইলেকশন কমিশন । ৯০০ ভোটারের মধ্যে ৪৭৫ জন ভোটারকে বারবার নোটিশ দেওয়া হচ্ছে । সাধারণ খেটে খাওয়া মানুষ তারা রুজি-রুটির দায়ে কাজকর্ম করবে, নাকি বারবার শুনানিতে যাবে। এই নিয়ে বিক্ষোভ চরমে ওঠে।
তারই প্রতিবাদে আজকে এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হল। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন ছিল বাদুড়িয়া থানার পুলিশ।
আজ খবর (বাংলা), [,রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ১৮/০১/২০২৬ : সিকিম থেকে বিপুল পরিমান বেআইনি মদের চালান! শিলিগুড়িতে বিপুল পরিমাণ মদ ও চারচাকা গাড়ি আটক।
শিলিগুড়িতে ফের বেআইনি মদ পাচারের চেষ্টায় বড়সড় সাফল্য পেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চালানো অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ সিকিমে তৈরি বিভিন্ন ধরনের মদ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি চারচাকা গাড়িও। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অভিযানে মোট ১৪ কার্টন সিকিমে তৈরি ‘হিট স্ট্রং বিয়ার’ উদ্ধার হয়েছে। প্রতিটি কার্টনে ছিল ১২টি করে ৬৫০ মিলিলিটারের বোতল। সব মিলিয়ে উদ্ধার হওয়া বিয়ারের পরিমাণ প্রায় ১০৯.২ লিটার। এছাড়াও মিলেছে ১৫ কার্টন ‘মিলেনিয়াম এক্সএক্সএক্স রাম’, প্রতিটি কার্টনে ১২টি করে ৭৫০ মিলিলিটারের বোতল, যার মোট পরিমাণ দাঁড়ায় ১৩৫ লিটার।
এর পাশাপাশি উদ্ধার হয়েছে আরও ৩ কার্টন ‘স্নো বার্গ ড্রাই জিন’—প্রতিটি বোতল ৭৫০ মিলিলিটার করে, মোট ২৭ লিটার। এছাড়াও একটি কার্টনে থাকা ‘রয়্যাল ব্লু হুইস্কি’র ১২টি বোতল বাজেয়াপ্ত করা হয়েছে, যার মোট পরিমাণ ৯ লিটার। সব মিলিয়ে উদ্ধার হওয়া মদের পরিমাণ উল্লেখযোগ্য বলেই জানিয়েছে প্রশাসন।
এই বেআইনি মদ পরিবহণে ব্যবহৃত একটি হালকা ধূসর রঙের স্যান্ট্রো হুন্ডাই চারচাকা গাড়িও আটক করা হয়েছে। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর WB 77 9745। গাড়িটি থেকে ইগনিশন চাবিসহ সমস্ত নথি উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। ধারণা করা হচ্ছে, সিকিম থেকে এই মদ বাংলার বিভিন্ন জায়গায় পাচারের পরিকল্পনা ছিল।
ঘটনায় জড়িতদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া মদের কোনও বৈধ কাগজপত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের মতে, সীমান্তবর্তী এলাকাকে ব্যবহার করে বেআইনি মদ পাচারের প্রবণতা বাড়ছে, আর তা রুখতেই নজরদারি আরও কড়া করা হয়েছে। এই অভিযানের ফলে মদ পাচার চক্রের একটি বড় রুট সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
রবিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপড়া বিধানসভা কেন্দ্রে রোডশো করায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রাজনৈতিক তৎপরতা তীব্র হয়। রোডশোটি চাপড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীনগর মোড়ে অনুষ্ঠিত হয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে চাপড়ায় আসেন এবং তারপর শ্রীনগর মোড় থেকে রোডশো শুরু করেন। রোডশো শেষে তিনি রাস্তার ধারে একটি জনসভায় ভাষণ দেন, যেখানে তিনি বিজেপির তীব্র সমালোচনা করেন।
চাপড়ার সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভাষণ দেওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভগবদ গীতার একটি শ্লোক আবৃত্তি করেন। তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার অভিযোগও তোলেন। তিনি বলেন, “গণবন্টন ব্যবস্থা (রেশন) থেকে শুরু করে আবাসন প্রকল্প পর্যন্ত, রাজ্য সরকারই মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় পরিষেবা প্রদান করছে, অথচ কেন্দ্র বিভিন্নভাবে বাংলাকে বঞ্চিত করছে।”
তাঁর ভাষণে তিনি রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক উদ্যোগগুলোও তুলে ধরেন। এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
আজ খবর (বাংলা) [রাজনীতি] নাগরাকাটা, জলপাইগুড়ি, ১৮/০১/২০২৬ : চা-বলয় এলাকায় রাজনৈতিক রদবদলের ছবি ধরা পড়ল। এসসি, ওবিসি সংগঠনের উদ্যোগে প্রায় ১৫ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিল।
জলপাইগুড়ি নাগরাকাটায় আয়োজিত এক সভা থেকে তৃণমূল কংগ্রেস জেলা এসসি ও ওবিসি সংগঠনের সভাপতি এস আই আর নিয়ে ফের কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। এসসি, ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস বলেন, “এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ অপরিকল্পিত এবং সাধারণ মানুষের স্বার্থবিরোধী।”
পাশাপাশি তিনি অভিযোগ করেন, “বিজেপি ধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে।” ওই সভায় আরও জানানো হয়, যে তৃণমূলের সংগঠন মজবুত করতে বিভিন্ন ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে কৃষ্ণ দাসকে। আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি।