টালির চাল যেভাবে ভেঙে পড়েছে ঐ প্রৌঢ় দম্পতির ওপর তাতে যে কোনো রকম ঘটনা ঘটে যেতে পারতো –
আজ খবর (বাংলা) [রাজ্য], মহেশতলা, দক্ষিণ ২৪ পরগণা, ৩১/০৭/২০২৫ : মহেশতলায় বৃষ্টিতে ঘুমন্ত অবস্থায় টালির বাড়ি ভেঙে চাপা পড়লো স্বামী ও স্ত্রীর ওপর, এই ঘটনায় আহত হয়েছেন ঐ দু’জন।
ঘটনাটি ঘটেছে মহেশতলা পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আকড়া, কর্মকার পাড়ার বাসিন্দা সন্তোষ মণ্ডলের বাড়িতে। তাঁর এই টালির বাড়িতে স্বামী ও স্ত্রী দুজনেই থাকতেন। অসহায় পরিবার, তাঁদের নেই কোন সন্তান। কোনরকমে দিনমজুরি করে চলতো, সংসার আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে বাড়ি মেরামতি করতে পারেন নি।
বুধবার ভোরে প্রাকৃতিক দুর্যোগের কারণে টালির বাড়ির চাল ভেঙে পড়ে যায় নিচে এবং তার তলায় চাপা পড়ে স্বামী ও স্ত্রী। টালির চাল চাপা পড়তেই তাঁরা আর্তনাদ করে ওঠেন, প্রবল চিৎকার করতে থাকেন। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে কোনরকমে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করেন । বর্তমানে ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত। চালের টালি সরিয়ে জিনিসপত্র উদ্ধারের কাজ শুরু হয়েছে। . আহত দম্পতিকে ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
কার্গিল যুদ্ধের প্রবীণ সেনা পরিবারকে রোহিঙ্গা বলে হেনস্থা
হাকিমুদ্দিন শেখ
আজ খবর (বাংলা) [দেশ], পুনে, মহারাষ্ট্র, ৩১/০৭/২০২৫ : মহারাষ্ট্রের পুনেতে সেই পরিবারকেই এবার বাংলাদেশী রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হল যে পরিবার কার্গিল যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তৃণমূল নেত্রী বার বার অভিযোগ করেছেন দেশের বেশ কিছু প্রান্তে বাংলাদেশী অনুপ্রবেশকারী হিসেবে সন্দেহ করে মানুষের ওপর নির্যাতন চালানো হচ্ছে। পুনের ঘটনা যেন তারই জ্বলন্ত নিদর্শন।
পুনের চন্দননগর এলাকার বাসিন্দা ওই পরিবার অভিযোগ করেছে যে “তাদের বাড়িতে গতকাল রাত্রি 11:30 নাগাদ একদল মানুষ জোর করে বাড়িতে ঢুকে নো নোংড়া ভাষায় অভিযোগ করে যে তারা বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা। বাড়িতে ঢুকে হুজ্জুতি করতে থাকা লোকগুলি বজরং দলের হয়ে স্লোগান দিচ্ছিল। তাদের সাথে সাদা পোশাকে পুলিশও থাকতে পারে বলে মনে হয়েছে।”
প্রবীণ সেনা হাকিমুদ্দিন শেখের ভাই ইরশাদ শেখ বলেন, “আমরা গর্বিত ভারতীয়, গত ১৩০ বছর ধরে আমাদের পরিবার বিভিন্ন পদে জাতির সেবা করে চলেছি। তবুও আমাদের সাথে এমন ব্যবহার করা হচ্ছিল যেন আমরা অপরাধী। ১৯৯৯ সালে আমাদের পরিবারের হাকিমুদ্দিন শেখ কার্গিল যুদ্ধে লড়াই করেছিলেন। এদিন রাত্রি সাড়ে এগারোটা নাগাদ প্রায় ৭০-৮০ জন আমাদের বাড়িতে জোর করে ঢুকে পড়ে বলে আধার কার্ড দেখাও, নাহলে তোমাদের মেরে ফেলব। আমরা ঐ পরিস্থিতিতে কাগজপত্র দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু তারা বাড়ির মধ্যে ঢুকে রীতিমত তাণ্ডব চালাতে শুরু করে দেয়। তারা জানায় তারা বজরং দলের সদস্য।”
প্রবীণ সেনা হাকিমুদ্দিন বলেন, “আমার পরিবারের শেখ নাযিমুদ্দিন ও শেখ মহম্মদ সালিম ১৯৬৫ এবং ১৯৭১ সালের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমি ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলাম। আমাদের পরিবার চিরকাল দেশের সেবা করে এসেছে। সেই আমাদেরকেই প্রমান দিতে হবে যে আমরা এই দেশের নাগরিক ? শুধুমাত্র একটা কার্ড দেখলেই প্রমান হয়ে যাবে যে আমরা এই দেশের নাগরিক ? আর সেটাও দেখতে হবে বজরং দলকে ?” এই ঘটনায় গভীর ক্ষত তৈরি হয়েছে শেখ পরিবারের বুকে।
গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় পুলিশের যুক্ত থাকার বিষয়টা অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে “যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা আক্রান্তদের আশ্বস্ত করেছি।”
এই খবরটি শেয়ার করুন এবং নিজস্ব মতামত জানাতে কমেন্ট করুন।
ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপালো আমেরিকা, কৌশল দিয়েই মোকাবিলা করবে ভারত !
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ৩১/০৭/২০২৫ : মার্কিন পণ্যে ভারতের ওপর ২৫% শুল্ক চাপানোর বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি নেতা এবং মন্ত্রীরা। আন্তর্জাতিক বাণিজ্যের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করলেন তাঁরা।
রাশিয়া থেকে জ্বালানি তেল এবং সামরিক দ্রব্যাদি ক্রমাগত ক্রয় করার জন্যে শাস্তি স্বরূপ ভারতের ওপর মার্কিন পণ্যে শুল্ক বাড়িয়ে ২৫% করেছে আমেরিকা। দীর্ঘদিন ধরে রাশিয়ার থেকে আমদানি চালিয়ে যাওয়ার জন্যে কিছু পেনাল্টির কোথাও বলা হয়েছে। আমেরিকার এই সিদ্ধান্ত ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ককে আঘাত হানছে বলে মনে করা হচ্ছে। আমেরিকার তরফ থেকে বলা হয়েছে ভারত বন্ধু দেশ সেই কারণেই মাত্র ২৫% শুল্ক ধার্য করা হয়েছে, না হলে আরও বেশি শুল্ক ধার্য করা যেতে পারতো।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের পর থেকেই ভারতের বণিক মহলে প্রতিবাদের সুর শোনা যাচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য বলেন, “ভারত হল বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ, এখানে ১৪০ কোটি মানুষের বাস। ভারত কোনো ‘কলা প্রজাতন্ত্র’ নয়। ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন যে তিনি চাপ দিয়ে যে কোনো দেশের সাথে যে কোনো চুক্তি হাসিল করে নেবেন তাহলে তিনি ভুল করছেন। যদি আমেরিকা এবং তার মিত্র দেশগুলি ভারতের বাজার থেকে আলাদা হয়ে যায়, তাহলে তার ফল তারা ভুগবে।”
আর এক বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারেঙ্গী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে সমর্থন করে বলেছেন, “আমেরিকার এই ধরনের ঘোষণায় চিন্তা করার মত কিছু নেই। আমরা আমাদের কৌশল দিয়ে এই পরিস্থিতির মোকাবিলা করব। যার প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যের ওপর।” সারেঙ্গী বলেন, “ট্রাম্প ও মোদীর বন্ধুত্ব নিয়ে বিরোধীরা এখন থেকেই সমালোচনা করতে শুরু করেছেন, কিন্তু নরেন্দ্র মোদীর বিদেশনীতি বেশ শক্তিশালী। মোদীর সাথে ট্রাম্পের সুসম্পর্কেরও একটা সীমানা আছে.। নিশ্চিত থাকুন নরেন্দ্র মোদী কখনোই সেই বন্ধুত্বের খাতিরে জাতীয় স্বার্থের সাথে আপস করবেন না।”
কবি সুভাষ মেট্রো স্টেশন ভেঙে দেওয়া হচ্ছে। প্রবল অসুবিধায় পড়তে চলেছেন নিউ গড়িয়ার মানুষ –
আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩০/০৭/২০২৫ : অনির্দিষ্টকালের জন্য বন্ধ গেল কলকাতার কবি সুভাষ মেট্রো স্টেশন। সম্পূর্ণ ভেঙে ফেলে এই স্টেশনটিকে ফের গড়ে তোলা হবে, এমনটাই জানানো হয়েছে। কলকাতা মেট্রো রেলের কবি সুভাষ স্টেশনটি মূলত তৈরি করা হয়েছিল বেশ কিছু পিলারের ওপর। ওই পিলারগুলি রীতিমত কমজোরী হয়ে গিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ভালো করে নিরীক্ষণের পর দেখা গিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারগুলির কয়েকটিতে চিড় ধরে গিয়েছে। পিলারগুলিতেভেতটাই চিড় ধরেছে যে তার ওপরে থাকা লাইনের ওপর দিয়ে রেল নিয়ে যাওয়া রীতিমত বিপজ্জনক। তাই কলকাতা মেট্রোর উত্তর – দক্ষিণ শাখার দক্ষিণ প্রান্তে থাকা কবি সুভাষ (নিউ গড়িয়া) স্টেশন্তিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে বাধ্য হল রেল দপ্তর। একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অনির্দিষ্টকালের জন্যে বন্ধ রাখা হয়েছে ওই মেট্রো স্টেশনটি। যাত্রী সুরক্ষা স্বার্থে ঐ স্টেশনটি সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন স্টেশন বানানো হবে। অন্তত এক বছর সময় লাগবে নতুন স্টেশন তৈরি করতে।
আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩০/০৭/২০২৫ : পূর্ব কলকাতার ধাপার মাঠের একটি জায়গায় হঠাৎ করেই আগুন লেগে যায়। কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পূর্বদিকের একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগে যায়। সেই গুদামের আশেপাশে থাকা বেশ কয়েকটি ঝুপরিতেও আগুন লেগে যায়। সেই ঝুপরিগুলি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন নেভানোর জন্যে স্থানীয় মানুষ জল ঢেলে আগুন নেভাতে সচেষ্ট হয়ে ওঠেন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। ঘটনাস্থল সংকীর্ণ রাস্তায় থাকায় কিছুটা দুর থেকেই রিলে করে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। অগ্নিকাণ্ডের ফলে কোনো হতাহতের খবর নেই। জায়গাটি জনবিরল হওয়ায় সেভাবে কোনো সম্পত্তির ক্ষতিও হয় নি।
আজ খবর (বাংলা), [রাজ্য] ঘটাল, পশ্চিম মেদিনীপুর, ৩০/০৭/২০২৫ : প্রায় ছয় মাস পর জলমগ্ন ঘাটালে ফের একবার দর্শন দিলেন সংসদ তথা অভিনেতা দেব।
দীর্ঘদিন তিনি ব্যস্ত ছিলেন শ্যুটিংয়ে, ছিলেন বিদেশেও। তাই সম্ভবত ঘাটালে আসতে পারেন নি সুপারস্টার দেব। তবে ঘাটালবাসীর মনে আছে যে দেব তাদেরই ঘরের ছেলে এবং সে ঘাটালের মানুষের জল যন্ত্রণার কথা খুব ভালোভাবেই জানে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে দীর্ঘমেয়াদি রাজনৈতিক টালবাহানা চলছে সেটাও খুব ভালো করে বোঝেন দেব। আর সেই কারণেই বোধ হয় তাঁর মনে হয়েছিল এই ঘাটাল সমস্যা তিনি মিটিয়ে ফেলতে পারবেন।
সেই কারণেই ভোটের আগে তিনি স্থানীয় মানুষদের কথা দিয়েছিলেন, যে ঘাটালের জল সমস্যা মিটিয়ে ফেলতে তিনি আপ্রাণ চেষ্টা করবেন। ঘাটাল মাস্টার প্ল্যান যাতে সাফল্যের মুখ দেখে তার জন্য তিনি চেষ্টার ত্রুটি রাখবেন না। কিন্তু কি হল কে জানে ! মাস্টার প্ল্যান যে তিমিরে আটকে ছিল এখনও সেই তিমিরেই বোধ হয় আটকে রয়েছে। আজ সেটারই তদবির করতে প্রায় ৬ মাস পর তিনি ঘাটালে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি প্রশাসনের বিভিন্ন আধিকারিকের সাথে কথা বলে বুঝতে চাইছেন ঠিক কোন যায়গায় আটকে আছে তাঁর স্বপ্নের ঘাটালমাস্টার প্ল্যান।
রাজনীতি নিয়ে সেভাবে কোনো প্রশ্নের উত্তর দেন নি দেব তবে তাঁর সম্বন্ধে করা বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে দেব বলেন “আমি ওঁকে শ্রদ্ধা করি”।
মালদার ঐ পরিবার কি পুলিশ ও রাজনৈতিক দলগুলির চেইপ পরে গিয়েছে ? এখন সেটাই দেখার
আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ৩০/০৭/২০২৫ : দিল্লীতে আক্রান্ত মালদার পরিবারকে নিয়েই দিল্লী পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলো তৃণমূল কংগ্রেস।
দিন কয়েক আগেই তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন ‘দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলা রাজ্যের পরিযায়ী শ্রমিকদের অকারনে আক্রান্ত হতে হচ্ছে, এমনকি পুলিশও তাদের বাংলাদেশী তকমা দিয়ে হেনস্থা করছে। পুলিশি হেনস্থা থেকে বাঁচে নি মালদার এক শ্রমিক পরিবার, এমনকি তাদের ছোট্ট শিশুটির ওপরেও আক্রমন চালানো হয়েছে নৃশংসভাবে’।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ মানতে নারাজ দিল্লীর পুলিশ। তারা ভিডিও ফুটেজ প্রকাশ করে বিবৃতি দেয় যে ঐ পরিবারের ওপর কোনো রকম আক্রমন করা হয় নি, এমন কোনো ঘটনাও ঘটে নি।দিল্লী পুলিশের ফুটেজ প্রকাশ্যে আসতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতা নেত্রীরা সাংবাদিক বৈঠক ডেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে লাগামহীন রাজনৈতিক আক্রমণ শুরু করে দেন।
আজ ঐ ঘটনায় মালদার সেই শ্রমিক পরিবারের তরফ থেকে দিল্লীর প্রগতি ময়দান থানায় দিল্লী পুলিশেরই বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল নেতা কুনাল ঘোষ মালদার ঐ পরিযায়ী শ্রমিক পরিবারকে নিয়ে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করিয়ে আসেন। এর আগে সংবাদ মাধ্যমের সামনে ওই পরিবারের লোকজন এবং অন্যান্য শ্রমিকরা পুলিশি হেনস্থার কথা অস্বীকার করলেও আজ তাঁরা কিন্তু থানায় গিয়ে ডায়রি করে আসেন।
কাশ্মীরে জিরো টলারেন্স নীতি নিয়ে জঙ্গী নিধন করে চলেছে নিরাপত্তা বাহিনী। আজ আরও দুই সশস্ত্র জঙ্গীকে নিজের করে দেওয়া হল.
আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ৩০/০৭/২০২৫ : জম্মু ও কাশ্মীরে লাইন অফ কন্ট্রোলের কাছেই আজ আরও দুই সশস্ত্র জঙ্গীকে খতম করা হয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র।
যে সময়ে জম্মু ও কাশ্মীরে জঙ্গী নিধন নিয়ে তর্ক বিতর্ক চলছে সংসদে। সেই সময় কাশ্মীর উপত্যকায় একএক করে কমিয়ে ফেলা হচ্ছে জঙ্গীদের সংখ্যা। সেনাবাহিনীর গোয়েন্দা এবং পুলিশের গোয়েন্দা সূত্রে আজ খবর আসে পাকিস্তানের ওপার থেকে সীমান্ত পার করে অবৈধভাবে কিছু অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করার চেষ্টা করছে।
এই খবর পেয়ে অপারেশন ‘শিবশক্তি’ শুরু করেন জওয়ানরা। এলওসির কাছে অনুপ্রবেশকারীদের সাথে গুলির লড়াই বেঁধে যায়। দুই পক্ষই প্রচুর গুলি চালাতে থাকে, এনকাউন্টারে কেঁপে ওঠে গোটা এলাকা।শেষ পর্যন্ত দুই জঙ্গীর মৃত্যু হয়। তাদের হেফাজত থেকে মোট তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে সেনাবাহিনীর হোয়াইট কর্পস বাহিনী অপারেশন ‘শিব শক্তি’র মাধ্যমে দুই সশস্ত্র জঙ্গীকে খতম করে দিয়েছে। গোটা এলাকায় কর্ডন করে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে যদি আর কেউ ঐ এলাকায় লুকিয়ে থাকে তার খোঁজে।
এদিকে কাশ্মীরের নাগরোটা থেকে সন্ত্রাসবাদীদের এক সহযোগীকে ধরা হয়েছে। নাম আজান হামিদ গাজী। এই ছেলেটি শ্রীনগরের কামারোয়ারির বাসিন্দা। আজান নাগরোটা বাইপাসের কাছে একটি গাড়ি নিয়ে যাচ্ছিল, সেই সময় তাকে দেখে সন্দেহ হয় পুলিশের। তাকে ধরা হয় এবং তার গাড়িতে চালকের পাশের আসনের নিচ থেকে একটি হাতব্যাগ উদ্ধার করা হয়, যে ব্যাগে ছিল তিনটি পিস্তল, ফাঁকা ও ভর্তি বেশ কিছু কার্তুজ ও ম্যাগাজিন। আজান এই অস্ত্রগুলির কোনো ডক্যুমেন্টস দেখতে পারে নি. পুলিশের সন্দেহ আজান সন্ত্রাসবাদীদের সাহায্যকারী হিসেবে কাজ করত। তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই মহাকাশ যানের উপকার পাবে গোটা পৃথিবী, ফের চালকের আসনে ভারত
আজ খবর (বাংলা), [দেশ]ব্যাঙ্গালোর, কর্ণাটক, ৩০/০৭/২০২৫ : নাসার সাথে যৌথ উদ্যোগে প্রস্তুত ইসরোর ‘নিসার’ মহাকাশযান আজ ভারতের কর্ণাটকের শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশ্যে নিক্ষেপ করা হবে। মহাকাশ গবেষণায় আরও এক ধাপ এগিয়ে যাবে ভারত।
নাসার সাথে হাত মিলিয়ে নিসার মহাকাশযানটি তৈরি করেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ‘ইসরো’। এই মহাকাশ যানের মূল কাজ হল মহাকাশ থেকে আরও ভালোভাবে পৃথিবীকে নিরীক্ষণ করা, পৃথিবীর ওপর নিবিড়ভাবে নজরদারি চালানো। তাতে করে পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তন জনিত যে কোনো পূর্বাভাস আরও নিখুঁতভাবে দেওয়া সম্ভব হবে। সেই নিখুঁত পূর্বাভাসের মাধ্যমে অনেক বেশি মানুষের প্রাণ যেমন বাঁচানো সম্ভব হবে, তেমনই পৃথিবীতে অন্যান্য ক্ষয়ক্ষতিও কমানো যাবে বলে মনে করা হচ্ছে।
মহাকাশে পৌঁছেই কাজ শুরু করে দেবে নিসার মহাকাশযান। প্রত্যেক ৯৭ মিনিটে সে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করবে। এই মহাকাশযানের গবেষণার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ল না কমল, তা সঠিকভাবে জানা যাবে প্রতি ১২ দিন অন্তর। ভৌগলিক বিশ্লেষণের দিক থেকে আরও নিখুঁতভাবে কাজ করবে এই নিসার মহাকাশযান। আগামী ৫ বছর এই মহাকাশযানকে সক্রিয় অবস্থায় কাজে লাগানো হবে মহাকাশে। .