আজ খবর (বাংলা), [খেলা], দুবাই, আরব আমিরশাহী, ১২/০৯/২০২৫ : এশিয়া কাপ টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচে খেলতে নেমে ভালোভাবেই জয় পেল বাংলাদেশ। প্রতিপক্ষ হংকংকে তারা হারিয়ে দিয়েছে ৭ উইকেটে।
প্রথমে ব্যাট করতে নেমে হংকং ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মোট ১৪৩ রান তুলে নেয়. ১৪৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধীরে সুস্থে এগোতে থাকে। অধিনায়ক লিটন দাসের হাফ সেঞ্চুরির সুন্দর একটা ইনিংসের দৌলতে বাংলাদেশ ১৪ বল বাকি থাকতেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে সমর্থ হয়। বাংলাদেশ জিতে যায় ৭ উইকেটে।
গতকালের ম্যাচের উল্লেখযোগ্য অংশ বলতে হংকং দলের নিজাকত খান ৪২, জিসান আলী ৩০ রান তোলেন। তাদের তাঞ্জিম হাসান সাকিব ২১ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। এছাড়া বাংলাদেশের লিটন দাস ৫৯, তৌহিদ হৃদয় ৩৫ (অপরাজিত) রান তোলেন। বাংলাদেশের আতিক ইকবাল ১৪ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। ৩৯ বলে ৫৯ রান করে লিটন দাস প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন।
আজ এশিয়া কাপের চতুর্থ খেলায় পাকিস্তান খেলতে নামছে তাদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ওমান।
আজ খবর (বাংলা), [রাজ্য], হরিশ্চন্দ্রপুর , মালদা, ১১/০৯/২০২৫ : পুজোর প্রাক্কালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মন্ত্রীর এলাকায় ব্যাহত জনজীবন, প্রভাব ব্যবসায়, শুনশান এলাকা, ক্ষুব্ধ ব্যবসায়ীরা। চলছে পুলিশের টহল, থমথমে এলাকার পরিবেশ। তীব্র আক্রমণ বিজেপির, সাফাই জেলা তৃণমূলের।
পুজোর আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মন্ত্রীর এলাকায় ব্যাহত জনজীবন। আতঙ্কে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। বহু দোকানপাট বন্ধ। সদর এলাকায় আনাগোনা কম মানুষের। রাতের পর দিনেও চলছে পুলিশের টহলদারি। মঙ্গলবার রাত থেকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অগ্নিগর্ভ মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকা। বৃহস্পতিবার সকালেও এলাকার পরিবেশ থমথমে।
সাধারণ মানুষের মধ্যে গ্রাস করেছে আতঙ্ক। আর মাত্র ১৭ দিন পরেই দুর্গাপুজো। এই সময় যেখানে ব্যবসা রমরমিয়ে। সেখানে নেই মানুষের আনাগোনা।ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা। আবার আতঙ্কে অনেকে দোকান খোলে নি।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। ব্লক সাংগঠনিক রদবদলের পরে মন্ত্রী ঘনিষ্ঠরা পদ পেতেই শুরু হয় তাণ্ডব। অভিযোগ উঠে মন্ত্রী তাজমুল হোসেনের ভাই জম্মু রহমানের নির্দেশে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের ঘনিষ্ঠ দুই নেতার বাড়িতে এবং দোকানে হামলা চালায় মন্ত্রী অনুগামীরা। তারপরেই বুধবার সকালে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বুলবুল ঘনিষ্ঠরা জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। বুধবার রাতে হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিভিন্ন গ্রাম থেকে সদর এলাকায় বুলবুল অনুগামী বহু মানুষ জমায়েত করতে শুরু করে।
আগাম অশান্তির আঁচ পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে র্যাফ এবং বিশাল পুলিশ বাহিনী টহল শুরু করে। এখনো সেই টহল চলছে। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। কিন্তু শাসকের এই কোন্দলের প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। বুলবুল অনুগামী তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাসের অভিযোগ, যেভাবে তাদের বাড়ি দোকানে হামলা হয়েছে মানুষের মধ্যে আতঙ্ক থাকবেই। তারা নিজেরাও মানুষকে জবাব দিতে পারছে না।
আজ দলের কাছে লিখিত অভিযোগ জানাবে সাহেব। অন্যদিকে তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের দাবী, ঘটনায় যেই জড়িত থাকুক না কেন প্রশাসন ব্যবস্থা নেবেই। মানুষ যেন আতঙ্কিত না হয়। যদিও এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। জনজীবন স্বাভাবিক না হলে আন্দোলনে নামার হুশিয়ারি গেরুয়া শিবিরের। শুরু হয়েছে নতুন তরজা।
ভিক্ষা চাই না, ন্যায্য প্রাপ্য চাই বলে আন্দোলনে চা শ্রমিকরা
আজ খবর (বাংলা), [রাজ্য], জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ১১/০৯/২০২৫ : মুখ্যমন্ত্রীর আশ্বাস পাওয়ার পরেই ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত ডুয়ার্সের চা বাগান শ্রমিকদের বোনাস আন্দোলন,।
বুধবারই জলপাইগুড়ির প্রশাসনিক সভা থেকে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানে শ্রমিকদের পুজোর বোনাস ২০ শতাংশ প্রদান করা নিয়ে রাজ্যে সরকারের জারী করা এডভাইজারর কথা মঞ্চ থেকে স্মরণ করিয়ে দেন শুধু তাই নয় মঞ্চে উপস্থিত রাজ্যের মূখ্য সচিবকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকী করতে নির্দেশ দেন।
গতকালের এই ঘোষণার পরেই, বৃহস্পতিবার ডুয়ার্সের নাগেশ্বরী চা বাগানে পশ্চিমবঙ্গ চা বাগান মজদুর সমিতির পক্ষ থেকে কারখানা গেটে আয়োজিত এক সভা থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতি সন্মান জানিয়ে আগামী ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত বোনাস সংক্রান্ত চা বাগান শ্রমিকদের আন্দোলন স্থগিত রাখার কথা ঘোষণা করার পাশাপাশি ১৫ ই সেপ্টেম্বরের মধ্যে ২০ শতাংশ হারে চা বাগান শ্রমিকদের পুজো বোনাস প্রদান করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবার হুশিয়ারী দেয়।
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ চা বাগান মজদুর সমিতির নাগেশ্বরী চা বাগান ইউনিটের এক সদস্য জানান, আমরা আগামী ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রীর দেওয়া কথা মতো অপেক্ষা করবো।
মেট্রো নিয়ে প্রায়ই অভিযোগ আসছে সাধারণ মানুষের থেকে
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১১/০৯/২০২৫ : প্রায়ই মেট্রো বিভ্রাটে ভুগতে হচ্ছে শহরবাসীকে। মেট্রো স্টেশনে এসে শুনতে হচ্ছে মেট্রো চলছে না।
আজ ফের মেট্রো বিভ্রাট। শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ । ৪৫ মিনিট থেকে এক ঘন্টার উপরে এই স্টেশন গুলিতে মেট্রো চলাচল বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে । যদিও মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে বলে মেট্রো সূত্রে খবর। মেট্রো তরফে চেষ্টা করা হচ্ছে শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত আলাদা মেট্রো চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার।
মেট্রো বিভ্রাট ঠিক কোন পর্যায়ে তা স্পষ্ট করে জানায় নি মেট্রো কর্তৃপক্ষ। আজ সাড়ে বারোটার থেকেমেট্রো বিভ্রাট শুরু হয়েছে। বৃজি থেকে রেক ঘোরাতে অসুবিধা হওয়ার কারণেই মাত্র বিভ্রাট দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে।
গ্রামে আগে দুর্গাপুজো হত না। গ্রামের মহিলাদের পুজো দেখতে বা পুজো দিতে যেতে হত প্রায় ৪ কিলোমিটার দূর পাশের গ্রামে।তাই গ্রামের মহিলারা দুর্গা পুজোর আয়োজনে উদ্যোগী হয়। আর তাদের এই পুজোর আয়োজনে সাহস যোগায় রাজ্য সরকারের দেওয়া মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান। সেই অনুদান থেকেই গ্রামের মহিলারা চাঁদা দিয়ে শুরু করেন দুর্গাপুজো। ২০২৩ সালে প্রথম গ্রামের মহিলারা নিজেদের লক্ষ্মীর ভান্ডারে প্রাপ্ত অর্থ থেকে শুরু করেন দুর্গাপুজো। চলতি বছর সেই পুজো তৃতীয় বছরে পড়ল।
পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের তমলুক থানার অন্তর্গত ধুরপা গ্রাম। গ্রামে বাস প্রায় শতাধিক পরিবারের।এই গ্রামে হত না দুর্গাপুজো। চারিদিকে যখন পুজো পুজো গন্ধ, তখন এই গ্রামে পরিবেশ গুরুগম্ভীর। কোথাও যেন বিষাদের ছোঁয়া! কারণ গ্রামে বাঙালির বড় উৎসব দুর্গাপুজোর আয়োজন হত না কোনদিনই। পুজোয় মন খারাপের মেঘ দূর করতে গ্রামের মহিলারা সর্বপ্রথম এগিয়ে আসেন। শুরু করেন গ্রামে দুর্গাপুজো। আর তাদের এই দুর্গাপুজোর আয়োজনে সাহস যোগায় রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার।প্রথমে ৫০০ টাকা পেতেন অনুদান হিসেবে,সেই টাকাই চাঁদা হিসেবে দিতেন। পরে ভাতা বেড়ে দাঁড়ায় ১০০০ টাকায়।পুজোর বহর আরো বাড়ে।
চলতি বছর ধুরপা গ্রামের মাতৃশক্তি পুজো কমিটির দুর্গাপুজো তৃতীয় বছরে পড়ল। এ বিষয়ে পুজো কমিটির সম্পাদিকা শম্পা জানা বলেন, ” গ্রামে এ দুর্গাপুজো হত না। পুজোর আনন্দে মেতে ওঠা হত না সেভাবে। সে ভাবনা থেকেই গ্রামে দুর্গাপুজোর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গ্রামের মেয়েরা সেভাবে স্বাবলম্বী না হওয়ায় দুর্গাপুজো কিভাবে আয়োজন করা হবে সে নিয়ে চিন্তায় পড়তে হয়। আর সব চিন্তার অবসান ঘটেয়েছে লক্ষী ভান্ডার। গ্রামের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের এক মাসের টাকা পুজোর জন্য দেওয়া হয়।”
তমলুকের এই ধুরপা গ্রামে মাতৃ শক্তি পুজো কমিটিতে মোট ৮০ থেকে ৯০ জন মহিলা রয়েছেন। মহিলারা তাদের লক্ষীর ভান্ডারে প্রাপ্ত টাকা থেকে এক মাসের টাকা দুর্গাপুজোর আয়োজনে তুলে দেন। এর পাশাপাশি মহিলারা পাড়ায় পুজোর জন্য চাঁদা আদায় করেন। মহিলারা জানান তাদের এই পুজো আয়োজনে সব থেকে বড় সাহস জোগিয়েছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। চলতি বছর লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বেড়েছে। ফলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আয়োজন হওয়া এই পুজোর জৌলুসও শেষ বছরের তুলনায় এ বছর বাড়বে বলে জানান মহিলারা।
বিরাট কোহলি নেই বলে গতকালের ম্যাচে টিকিট বিক্রি হয়েছে বেশ মন্থর গতিতে
আজ খবর (বাংলা), [খেলা], দুবাই, আরব আমিরশাহী, ১১/০৯/২০২৫ : এশিয়া কাপের দ্বিতীয় খেলায় আরব আমির শাহিকে রীতিমত হেলায় হারালো ভারত। গতকাল খেলা শুরু হতে না হতেই যেন শেষ হয়ে গেল. অবশ্য এটাই হওয়ার ছিল বলে মন্ত্যব্য করেছেন অনেকেই।
দুবাই স্টেডিয়ামে গতকাল টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছিল আরব আমিরশাহির ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নামে আরব আমিরশাহির দল। কিন্তু ভারতীয় আক্রমণের সামনে রীতিমত তাসের ঘরের মত অবস্থা দাঁড়ায় তাঁদের। একের পর এক উইকেট পড়তে থাকে। বল হাতে বুমরা-কুলদীপদের সামনে মুখ থুবড়ে পরে আরব আমিরশাহির ব্যাটিং লাইন আপ। ওই ম্যাচে কুলদীপ চারটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন।
আরব আমিরশাহির ব্যাটারদের মধ্যে আলিশান সরাফু ১৭ বলে ২২ রান তুলেছিলেন, মহম্মদ ওয়াসিম ২২ বলে ১৯ রান তুলেছিলেন। আরবের ব্যাটিং বলতে এটুকুই। মাত্র ১৩.১ ওভারে ৫৭ রান তুলে অল আউট হয়ে যায় মরুভূমির এই দেশ। ব্যাট করতে নেমে ভারত ৪.১ ওভারেই ৬০ রান তুলে নেয়। অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রান, শুভমন গিল ৯ বলে ২০ রান এবং সূর্যকুমার যাদব ২ বলে ৭ রান তোলেন। এদিন ৯৩ বল বাকি থাকতেই জয় পেয়ে যায় ভারত। মোট ৯ উইকেটে বড় জয় দিয়ে এশিয়া কাপের খেলা শুরু করে ভারত।
আজ হংকং এর বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ। আগামীকাল পাকিস্তান ওমানের বিরুদ্ধে শুরু করবে এশিয়া কাপের খেলা। ভারত পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে আগামী ১৪ তারিখে।
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১১/০৯/২০২৫ : নেপালের বিভিন্ন জেল থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামীরা ভারতে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু এসএসবির কড়া নজরদারিতে তারা আটকে যায়। এভাবেই ধরা পরে গিয়েছে অন্তত ৩৫ জন।
অশান্ত নেপালে অগ্নিগর্ভ মাঝেই জেল ভেঙে পালতে শুরু করেছিল দাগি আসামীরা। নেপালের ৭৭টি জেলায় অশান্তি ছড়িয়ে পড়তেই নেপালের বিভিন্ন জায়গায় থাকা জেলগুলি থেকে সহস্রাধিক আসামী পালিয়ে যায় জেল ভেঙে। জেল থেকে পালিয়ে এরা ছড়িয়ে পরে নেপালের বিভিন্ন জায়গায়। কেউ কেউ নেপাল সীমান্ত পার করে ভারতে ঢোকার চেষ্টা করে। কিন্তু ভারতে এসএসবি সতর্ক ছিল আগে থেকেই। এই কারণেই পালিয়ে যাওয়া আসামীরা এক এক করে ধরা পড়তে থাকে।
এসএসবি সূত্রে জানা গিয়েছে, নেপালের জেল ভেঙে থেকে পালিয়ে এসে ভারত সীমান্ত দিয়ে গা ঢাকা দিতে গিয়ে ধরা পড়েছে অন্তত ৩৫ জন। এর মধ্যে ২২ জন ধরা পড়েছে উত্তর প্রদেশ সীমান্তে, ১০ জন ধরা পড়েছে বিহার সীমান্তে এবং ৩ জন ধরা পড়েছে পশ্চিমবঙ্গ সীমান্তে। ভারত সীমান্ত দিয়ে ঢুকে পরা আসামীদের সংখ্যাটা ক্রমেই বেড়ে চলেছে বলে জানা যাচ্ছে। ধৃতদের সীমান্ত এলাকায় বিভিন্ন চেকপোস্টে আটকে রাখা হয়েছে। নেপালের সাথে বৈঠকের পর এদেরকে ফের নেপালের হাতেই তুলে দেওয়া হবে ঠিক করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারত ও নেপালের মধ্যে মোট ১,৭৫১ কিলোমিটার সীমান্ত বিস্তৃত রয়েছে। ভারতের উত্তরাখঙ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যে রয়েছে নেপাল সীমান্ত। সাধারণ সময়ে দুই দেশের নাগরিকই উভয় দেশে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে। তবে এখন সীমান্ত .পণ্য বোঝাই ট্রাকগুলিও সীমান্তে আটকে আছে ।
খুব সহজেই জুড়ে গেলো পেশক, কালিম্পঙ আর সিকিমের রাস্তা
আজ খবর (বাংলা) [রাজ্য] জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ১০/০৯/২০২৫ : খুলে গেলো তিস্তা নদীর ওপর নতুন সেতু যার পোশাকি নাম দেওয়াহয়েছে ‘তিস্তা-ত্রিবেণী’ সেতু।
এই মুহূর্তে জলপাইগুড়িতে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি উত্তরবঙ্গে এসেছেন। বাগডোগরায় অবতরণ করে তিনি সোজা চলে যান শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে। সেখানে ভগবান পঞ্চানন বর্মার মূর্তিতে তিনি মাল্যদান করেন। গতকাল ছিল পঞ্চানন বর্মার মৃত্যুবার্ষিকী।মঙ্গলবার উত্তরকন্যার গেস্ট হাউসে রাত্রিবাস করেছেন মুখ্যমন্ত্রী।
আজ সকালে মুখ্যমন্ত্রী সোজা চলে যান জলপাইগুড়িতে। সেখানে বেশ কিছু জমি আদিবাসী মানুষকে পাট্টা দেওয়ার অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের পর তিনি এই তিস্তা ত্রিবেণী সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করেন। তিস্তাবাজার এলাকায় পেশকের নিচের দিকটায় যেখানে তিস্তার সাথে রঙ্গীত নদী মিলিত হয়েছে, অপূর্ব নৈসর্গিক শোভার মাঝে ঠিক সেখানেই এই তিস্তা ত্রিবেণী সেতু নির্মিত হয়েছে।
এই সেতু জুড়ে দিয়েছে পশ্চিমবঙ্গ ও সিকিমের পাহাড়ি তরাইকে। নতুন এই সেতু থাকার ফলে পেশকের দিক থেকে কালিম্পঙ এবং সিকিম জুড়ে যাচ্ছে। আজ জলপাইগুড়ি থেকে নবনির্মিত এই সেতুটির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিটিএ চেয়ারম্যান অনিক থাপা।
আজ খবর (বাংলা), [রাজ্য], শান্তিপুর, নদীয়া, ১০/০৯/২০২৫ : বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হল হাসপাতাল কর্তৃপক্ষের এবং ডাক্তারের বিরুদ্ধে। তদন্তে পুলিশ।
বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুরে। স্থানীয় হরিপুর নীলকুঠি পাড়ার বাসিন্দা অনিমা ঠিকাদার অভিযোগ করেন, তাঁর ছেলে মিন্টু ঠিকাদারকে হার্নিয়া রোগের কারণে বেশ কয়েকদিন ধরে ভুগছিলেন। এরপর একটি বেসরকারি নার্সিংহোম ভুল চিকিৎসা করায় শারীরিক জটিলতা মারাত্মক আকার নেয়। শেষ পর্যন্ত প্রাণ সংশয় তৈরি হওয়ায় তাঁরা ছেলেকে অন্য হাসপাতালে স্থানান্তর করতে বাধ্য হন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ইংরেজি মাসের ১৫ তারিখ মিন্টু ঠিকাদারকে হার্নিয়ার অপারেশনের জন্য শান্তিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরদিন অর্থাৎ ১৬ তারিখ চিকিৎসক রাজশ্রী দে ওই অস্ত্রোপচার করেন। অপারেশনের তিনদিন পর রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। তবে বাড়ি ফেরার পর থেকেই দেখা যায়, অস্ত্রোপচারের সেলাইয়ের জায়গা থেকে ক্রমাগত রক্ত ও পুঁজ বের হচ্ছে।
পরিবার রোগীকে ফের সেই নার্সিংহোমে নিয়ে গেলে কর্তৃপক্ষ সেলাই কেটে ড্রেসিং করে দেয়। বেশ কয়েকদিন চিকিৎসক রাজশ্রী দে নিজে ড্রেসিং করেন বলেও জানান অভিযোগকারি। কিন্তু অবস্থার উন্নতি না হয়ে উল্টে রোগীর শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। পরে আবারও নার্সিংহোমে নিয়ে গেলে নতুন করে সেলাই করে দেওয়া হয় ক্ষতস্থানে।
তবুও অবস্থার অবনতি হওয়ায় রোগীকে অন্য এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমন্ত ব্যানার্জি পরিবারকে জানান, আগের চিকিৎসা ও অপারেশনে ভুলের কারণে ইনফেকশন ছড়িয়েছে। আরও দুদিন দেরি হলে রোগীকে বাঁচানো সম্ভব হতো না বলেও তিনি স্পষ্টত জানান তিনি।
যদিও অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে এত রোগীর মধ্যে দু একজনার অপারেশনের পর সেলাই পাকতেই পারে এটা মেডিকেল সাইন্সেই রয়েছে। যদি রোগীর পরিবার অভিযোগ দায়ের করে এবং উপর মহল থেকে যদি আমাদের ডেকে পাঠায় উপযুক্ত প্রমাণাদি ও তথ্য নিয়ে আমরা দেখা করব।
এরপরেই অনিমা ঠিকাদার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১০/০৯/২০২৫ : ২৪ ঘণ্টার মধ্যে টোটো চুরি উদ্ধারে সাফল্য, দুই চোর ধরা পড়ল শিলিগুড়িতে।
টোটো চুরির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সাফল্য পেল শিলিগুড়ি থানার পুলিশ। চুরি হওয়া টোটো উদ্ধার করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে দুই চোরকে। ধৃতদের নাম মাহফুজ আলম ও কবীর আলম। দুজনেরই বাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জলেশ্বরীর বাসিন্দা সুন্দরম ঠাকুর। অভিযোগে তিনি জানান, অরবিন্দপল্লির সমর বিড়ি ফ্যাক্টরির সামনে টোটো রেখে তিনি দিদির বাড়িতে যান। সেখান থেকেই অল্প সময়ের মধ্যেই টোটোটি চুরি হয়ে যায়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম টিম। গোপন সূত্রে খবর পেয়ে রাত প্রায় ১২টা নাগাদ বর্ধমান রোডে সন্দেহজনকভাবে ওই টোটো আটকায় পুলিশ। বৈধ কাগজপত্র চাইতেই অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। সেই সময় হাতেনাতে পাকড়াও করা হয় দুজনকে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ইসলামপুরে নিয়ে গিয়ে টোটোটি বিক্রি করার ছক কষেছিল দুষ্কৃতীরা। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। শহরে ধারাবাহিকভাবে টোটো চুরির ঘটনায় আরও কোনো বড় চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।