সেনা-গোয়েন্দাদের গোপন বৈঠক শিলিগুড়িতে

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ২২/১১/২০২৫ : চলছে এসআইআর, প্রতিদিন প্রচুর মানুষ সীমান্ত দিয়ে ফিরে যাচ্ছেন বাংলাদেশে। একদিন যে কোনো কারণেই হোক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে হয়েছিল। এসআইআর শুরু হতেই সেই অনুপ্রবেশকারীরা ঘরমুখো হতে শুরু করেছেন। ফিরে যাচ্ছেন বাংলাদেশে।
এখনো পর্যন্ত বিএসএফ বাংলাদেশের বিজিবির হাতে ১৭২০ জনকে প্রত্যর্পণ করেছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে ভারত বাংলাদেশের সীমান্ত চৌকিগুলিতে ব্যাপক ভীড় হয়েছে। এঁরা সকলেই এক সময় বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিলেন অবৈধভাবে। তাঁরা এবার ফিরে যাচ্ছেন বাংলাদেশে। প্রতিদিনই এই মানুষদের ভীড় ক্রমশ বেড়েই চলেছে।
সীমান্তে বিএসএফকে সতর্ক করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আরও বাহিনী। সীমান্ত চৌকিগুলিতে এই মুহূর্তে কত মানুষের ভীড় তৈরি হয়েছে, তা জানতে বিএসএফের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক। ফিরে যেতে চাওয়া বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ওপর নজর রাখাও হচ্ছে। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।
এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে এই আবহে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। নেপালও অগ্নিগর্ভ হয়ে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশের মধ্যে সবচেয়ে বিপন্ন হয়ে রয়েছে উত্তরবঙ্গের চিকেনস নেক। চিকেনস নেকের একদিকে বাংলাদেশ আর এক দিকে রয়েছে নেপাল। তাই শঙ্কিত স্বরাষ্ট্র মন্ত্রক। আজ এই কারণেই শিলিগুড়িতে একটি উচ্চপর্যায়ের বৈঠক করা হয়েছে। যে বৈঠকে উপস্থিত আছেন সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক, বিএসএফ, এসএসবি, ইন্টেলিজেন্স ব্যুরো ও গোয়েন্দা বিভাগের আধিকারিকরা।
![]()